প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫১ পিএম
প্রতীকী ছবি
দেশে গত ২৪ ঘণ্টায় (আজ সকাল আটটা পর্যন্ত) ১০০ জনের দেহে নিশ্চিতভাবে হামের সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে এই ২৪ ঘণ্টায় হামে নিশ্চিতভাবে কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য সেবা বিভাগের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্যের ভিত্তিতে এই হিসাব প্রস্তুত করা হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নতুন করে হামের উপসর্গযুক্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ১৮৩ জন। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮৪ হাজার ৬৩২ জনে। এর মধ্যে ল্যাব পরীক্ষায় মোট ২০ হাজার ৯৫১ জনের দেহে সংক্রমণ নিশ্চিতভাবে শনাক্ত করা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে যে ৫ জনের মৃত্যু হয়েছে, তার মধ্যে ঢাকা বিভাগ ও ঢাকা জেলাতেই মারা গেছেন ৩ জন। এ নিয়ে ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারা দেশে হামের উপসর্গ নিয়ে মোট ৯৮০ জনের মৃত্যু হলো। আর এখন পর্যন্ত ল্যাব পরীক্ষায় হামে নিশ্চিত মৃত্যুর মোট সংখ্যা দাঁড়িয়েছে ১০১ জনে।
এদিকে গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ১ লাখ ৬৩ হাজার ১৫৩ জন রোগী। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৬ হাজার ৭৪৪ জন।