বিশ্ব ফুসফুস দিবস
বিশ্ব ফুসফুস দিবস ২৫ সেপ্টেম্বর। ছবি: সংগৃহীত
বিশ্ব ফুসফুস দিবস ২৫ সেপ্টেম্বর। এ বছর দিবসটির প্রতিপাদ্য- ‘এ লাইফটাইম অব লাং হেলথ’।
ফুসফুস ও শ্বাসতন্ত্রের বিভিন্ন রোগ বিশ্বজুড়ে অকালমৃত্যুর অন্যতম প্রধান কারণ। তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার ফুসফুসের ক্যানসার, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), যক্ষ্মা ও অ্যাজমাসহ বিভিন্ন গুরুতর রোগের ঝুঁকি বাড়ায়।
‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস, ২০২৩’-এর তথ্য অনুযায়ী, দেশে মৃত্যুর শীর্ষ পাঁচটি কারণের মধ্যে দুটি ফুসফুস ও শ্বাসতন্ত্রজনিত রোগ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, সরাসরি ধূমপানের পাশাপাশি পরোক্ষ ধূমপানও ফুসফুসের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।
বিশ্ব ফুসফুস দিবস উপলক্ষে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এসব তথ্য জানিয়ে ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশে প্রতি বছর প্রায় দুই লাখ মানুষ তামাক ব্যবহারজনিত বিভিন্ন রোগে মারা যায়। দেশের প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ৩৫ দশমিক ৩ শতাংশ তামাক ব্যবহার করে। একই সঙ্গে ই-সিগারেট, ভেপিং, হিটেড টোব্যাকো প্রডাক্ট ও নিকোটিন পাউচের মতো নতুন প্রজন্মের নিকোটিনজাত পণ্যের ব্যবহার কিশোর ও তরুণদের মধ্যে আশঙ্কাজনক হারে বাড়ছে।
প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “ফুসফুসের স্বাস্থ্য সুরক্ষায় প্রচলিত তামাকপণ্যসহ ই-সিগারেট, ভেপিং এবং অন্যান্য নিকোটিন পণ্যের ব্যবহার ও বিস্তার রোধে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে হবে।”
তিনি বলেন, ফুসফুসের রোগ প্রতিরোধে তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার কমানোর পাশাপাশি ধূমপান ও পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়ানো জরুরি।