প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২২ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের প্রতিনিধিদল। বৃহস্পতিবার সচিবালয়ে। ছবি: সংগৃহীত
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের চার সদস্যের একটি যৌথ প্রতিনিধিদল।
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়ন এবং সংসদীয় স্থায়ী কমিটির গঠন ও এর কার্যকারিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া প্রস্তাবিত ‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন ২০২৬’ নিয়েও উভয় পক্ষের মধ্যে আলোচনা অনুষ্ঠিত হয়।
ব্রিটিশ হাইকমিশনের গভর্নেন্স অ্যাডভাইজার লুইস বেনন এই যৌথ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলে অন্য সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর রায়ান ডানকানসন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল বাংলাদেশের চিফ অব পার্টি আমিনুল এহসান এবং সিনিয়র প্রোগ্রাম ডিরেক্টর লিপিকা বিশ্বাস।
বৈঠকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক ও বহিরাগমন) ড. জিয়াউদ্দিন আহমেদসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।