জাতিসংঘ সাধারণ অধিবেশন
কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ
নিউইয়র্কের জাতিসংঘ সদর দপ্তর। বিশ্বের নানা প্রান্ত থেকে আসা রাষ্ট্র ও সরকারপ্রধান, মন্ত্রী, কূটনীতিক ও সাংবাদিকদের ব্যস্ততায় মুখর চারপাশ। করিডোরে করিডোরে আলোচনাÑ কোন দেশের কী অবস্থান, কোন ইস্যুতে কে কী বলবেন, বিশ্বরাজনীতির সমীকরণ কোন দিকে যাচ্ছে। এই কোলাহলের মধ্যেই এবার বাংলাদেশের নামটি একটু আলাদাভাবে উচ্চারিত হচ্ছে। কারণ জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির আসনে এবার একজন বাংলাদেশিÑ পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। গত ২ জুনের নির্বাচনে ১৯০ ভোটের মধ্যে ৯৯ ভোট পেয়ে তিনি নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের আন্দ্রেয়াস কাকুরিস পান ৯১ ভোট।
ঘটনাটি অবশ্য শুধু ২০২৬ সালে বাংলাদেশের একজন কূটনীতিকের গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার গল্প নয়। এর সঙ্গে জড়িয়ে আছে চার দশক আগের আরেকটি অধ্যায়। ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতির আসনে বসেছিলেন বাংলাদেশের আরেক ঝানু কূটনীতিক ও প্রয়াত স্পিকার ড. হুমায়ুন রশিদ চৌধুরী। অর্থাৎ ৪০ বছর পর জাতিসংঘ সাধারণ পরিষদের সেই শীর্ষ আসনে আবার বাংলাদেশ।
হুমায়ুন রশিদ চৌধুরী ছিলেন পেশাদার কূটনীতিক। ১৯৮৬ সালে তিনি যখন সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নেন, তখন বিশ্ব ছিল স্নায়ুযুদ্ধের উত্তাপে বিভক্ত। পরাশক্তির প্রতিদ্বন্দ্বিতা, মধ্যপ্রাচ্যের সংঘাত, দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ এবং নামিবিয়ার স্বাধীনতার প্রশ্ন ছিল আন্তর্জাতিক কূটনীতির বড় আলোচনার বিষয়। স্বাধীনতার মাত্র দেড় দশক পেরুনো বাংলাদেশের একজন প্রতিনিধি তখন জাতিসংঘের সবচেয়ে বড় বহুপক্ষীয় মঞ্চের সভাপতির আসনে বসেছিলেন। একটি নতুন রাষ্ট্রের জন্য এর তাৎপর্য কম ছিল না।
অন্যদিকে সাবেক পেশাদার কূটনীতিক খলিলুর রহমান কর্মজীবনের বড় অংশজুড়ে জেনেভা ও নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরে বিভিন্ন সংস্থায় দায়িত্ব পালন করেছেন। ১৯৯১ সালে জেনেভায় জাতিসংঘ বাণিজ্য ও উন্নয়ন সম্মেলনের (আঙ্কটাড) বিশেষ উপদেষ্টা হিসেবে যোগ দেন খলিলুর রহমান। এরপর ২৫ বছর নিউইয়র্ক ও জেনেভায় জাতিসংঘের বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেন তিনি, ছিলেন জাতিসংঘের বিভিন্ন প্রকাশনার প্রধান লেখক। ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থান-পরবর্তী অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব পালনের পর তারেক রহমান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন তিনি।
জাতিসংঘ সাধারণ পরিষদে ১৯৩টি সদস্য রাষ্ট্রের প্রত্যেকের একটি করে ভোট। এই মঞ্চটিই জাতিসংঘের সবচেয়ে বিস্তৃত প্রতিনিধিত্বশীল অঙ্গ। সাধারণ পরিষদের সভাপতি পুরো অধিবেশনের সভা পরিচালনা করেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে আলোচনা ও পরামর্শ এগিয়ে নেন এবং সাধারণ পরিষদের প্রতিনিধিত্ব করেন। তাই সভাপতির চেয়ারটি কেবল সভা পরিচালনার চেয়ার নয়; এটি বিভিন্ন রাষ্ট্রের মতামতকে একই আলোচনার টেবিলে রাখার একটি গুরুত্বপূর্ণ অবস্থান।
হুমায়ুন রশিদ চৌধুরী যখন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির আসনে বসেছিলেন, বাংলাদেশ তখন আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান শক্ত করার পথে থাকা একটি তুলনামূলক নবীন রাষ্ট্র। স্বাধীনতার পর রাষ্ট্রীয় সক্ষমতা গড়ে তোলা, আন্তর্জাতিক স্বীকৃতি সুদৃঢ় করা এবং বহুপক্ষীয় কূটনীতিতে নিজের জায়গা তৈরি করাÑ এসব ছিল বাংলাদেশের সামনে বড় বাস্তবতা। চার দশক পর বাংলাদেশের আন্তর্জাতিক পরিচয়ের পরিধি অনেক বিস্তৃত। শান্তিরক্ষা, জলবায়ু পরিবর্তন, অভিবাসন, উন্নয়ন এবং রোহিঙ্গা সংকটসহ নানা বৈশ্বিক ইস্যুতে বাংলাদেশের অবস্থান আন্তর্জাতিক আলোচনার অংশ।
১৯৮৬ সালে হুমায়ুন রশিদ চৌধুরীর সভাপতিত্ব বাংলাদেশের জন্য আন্তর্জাতিক অঙ্গনে সক্ষমতার একটি গুরুত্বপূর্ণ প্রকাশ ছিল। ২০২৬ সালে ড. খলিলুর রহমানের দায়িত্ব গ্রহণ সেই ইতিহাসের ওপর নতুন একটি অধ্যায় যোগ করেছে। তবে দুই সময়ের বাস্তবতা এক নয়। তখন জাতিসংঘের আলোচনায় রাষ্ট্রীয় নিরাপত্তা ও রাজনৈতিক সংঘাত ছিল বড় বিষয়। এখন তার সঙ্গে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, জলবায়ু সংকট, বৈশ্বিক অসমতা, ডিজিটাল প্রযুক্তি ও উন্নয়ন অর্থায়নের মতো নতুন বাস্তবতা। কূটনীতির ভাষাও বদলেছে। বিশ্বরাজনীতির মানচিত্র বদলেছে। জাতিসংঘের সামনে থাকা সংকটের ধরন বদলেছে। কিন্তু তাদের দুজনকে যুক্ত করেছে একটি চেয়ারÑ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির চেয়ার। নিউইয়র্কের সদর দপ্তরে বাংলাদেশের পতাকা তাই এবার শুধু বর্তমানের একটি দায়িত্বের সঙ্গে দৃশ্যমান নয়; তার সঙ্গে দৃশ্যমান চার দশক আগের একটি স্মৃতিও।