× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডিজিটাল’ বাজারও চড়া

জাহাঙ্গীর সুর

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৪২ এএম

নিত্যপণ্যের দাম বৃদ্ধির মতোই প্রযুক্তিপণ্যের বাজারেও এখন আক্ষরিক অর্থে ‘আগুন’ লেগেছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

নিত্যপণ্যের দাম বৃদ্ধির মতোই প্রযুক্তিপণ্যের বাজারেও এখন আক্ষরিক অর্থে ‘আগুন’ লেগেছে। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

হাতের মুঠোয় থাকা স্মার্টফোন কিংবা শিক্ষা ও কর্মসঙ্গী ল্যাপটপÑ প্রযুক্তির এই অনুষঙ্গগুলো ছাড়া আধুনিক জীবন যেন একেবারেই অচল। কিন্তু নিত্যপণ্যের দাম বৃদ্ধির মতোই প্রযুক্তিপণ্যের বাজারেও এখন আক্ষরিক অর্থে ‘আগুন’ লেগেছে। কয়েক মাসের ব্যবধানে স্মার্টফোন, ল্যাপটপ থেকে শুরু করে র‍্যাম ও স্টোরেজের দাম দ্বিগুণ থেকে তিনগুণ পর্যন্ত বেড়েছে।

নেপথ্যের কারণ খুঁজতে গিয়ে দেখা যাচ্ছে, বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) অভাবনীয় প্রসার ও তুমুল দাপট এবং সামরিক সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ভেঙে পড়াই এই লাগামহীন দাম বৃদ্ধির প্রধান নিয়ামক। আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার সঙ্গে দেশের ডলার সংকট ও বাড়তি শুল্ক যুক্ত হওয়ায় ক্রেতাদের নাভিশ্বাস ওঠার জোগাড়। বাজেটে কুলিয়ে উঠতে না পেরে অনেকেই বাধ্য হয়ে কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন, কেউবা আপস করছেন অনেক কম কনফিগারেশনের সঙ্গে।

এক বছর আগে পেশাগত প্রয়োজনে এডাটা ব্র্যান্ডের একটি ১ টেরাবাইট এসএসডি (স্টোরেজ) কিনেছিলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ার সূর্যকান্তি দেব। দাম পড়েছিল ১০ হাজার টাকা। গত ১৭ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ের আইডিবি ভবনের বিসিএস কম্পিউটার সিটিতে একই মডেলের এসএসডির দাম শুনে তার চোখ কপালে ওঠার জোগাড়! আড়াইগুণ বেড়ে পণ্যটির দাম এখন দাঁড়িয়েছে ২৫ হাজার টাকা। 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক মেহেনাজ হাসানও সেদিন তার ল্যাপটপের র‍্যাম বাড়াতে আইডিবি মার্কেটে গিয়েছিলেন। তিনি হাইকসেমি হাইকার ব্র্যান্ডের ৮ জিবির একটি র‍্যাম কেনেন ৬ হাজার ৪০০ টাকা দিয়ে। অথচ ২০২২ সালে যখন তিনি তার ডেল ল্যাপটপটি কিনেছিলেন, তখন এই একই র‍্যামের দাম ছিল মাত্র ২ হাজার ২০০ টাকা।

ল্যাপটপ বা ডেস্কটপের যন্ত্রাংশই শুধু নয়, আস্ত ল্যাপটপের দামেও যেন আগুন লেগেছে। রায়ানস কম্পিউটার্সে ল্যাপটপ দেখছিলেন মেহবুবা ইয়াসমিন নামের এক ক্রেতা। আসুস ভিভোবুক গো ১৫ (ই১৫০৪এফএ) মডেলের একটি ল্যাপটপ সেদিন নগদ মূল্যে বিক্রি হচ্ছিল ৯৩ হাজার টাকায়। মেহবুবা হতাশার সুরে জানালেন, মাত্র চার মাস আগেও তিনি যখন খোঁজ নিয়েছিলেন, তখন এই একই মডেলের দাম ছিল ৭২ হাজার টাকার মতো।

দাম বাড়লেও বিক্রি কমেনি স্মার্টফোনের

ল্যাপটপ ও কম্পিউটার যন্ত্রাংশের এই আকাশছোঁয়া দামের প্রভাব থেকে মুক্ত নয় স্মার্টফোনের বাজারও। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের মোবাইল মার্কেটে অনার ব্র্যান্ডের সেলস রিপ্রেজেন্টিটিভ রাকিব মোল্লার সঙ্গে কথা বলে জানা গেল, গত তিন-চার মাসের ব্যবধানে প্রতিটি মোবাইল ফোনের দাম গড়ে পাঁচ হাজার টাকা পর্যন্ত বেড়ে গেছে।

যমুনা ফিউচার পার্কের মোবাইল মার্কেটেও একই চিত্র। সেখানকার অপো আউটলেট থেকে সম্প্রতি ২১ হাজার ৯৯৯ টাকায় অপো এ৬সি (৪/১২৮) মডেলের স্মার্টফোন কিনেছেন সাংবাদিক এম জহিরুল ইসলাম। ওই আউটলেটের বিক্রয় বিভাগের এক নারী এক্সিকিউটিভ জানান, ছয় মাস আগে একই কনফিগারেশনের ফোন বেশ কয়েক হাজার টাকা কমে মিলত। 

তবে দাম বাড়লেও প্রযুক্তিপণ্যের বিক্রি একেবারে তলানিতে গিয়ে ঠেকেনি। যমুনা ফিউচার পার্কের আরএসএম ইন্টারন্যাশনাল নামের মোবাইল বিক্রয় প্রতিষ্ঠানের শাখা ব্যবস্থাপক শান্ত বলেন, ‘মোবাইল ফোন এখন মানুষের নিত্যপ্রয়োজনীয় পণ্যে পরিণত হয়েছে। পড়াশোনা থেকে শুরু করে অফিসের কাজÑ সবকিছুই এখন ফোননির্ভর। ফলে দাম বাড়লেও চাহিদায় খুব বড় কোনো ভাটা পড়েনি। কেনাকাটার চিত্র অনেকটাই আগের মতো।’

কেন এই লাগামহীন দাম বৃদ্ধি

প্রযুক্তিপণ্যের এই লাগামহীন দাম বৃদ্ধির পেছনে মূলত দুটি বড় বৈশ্বিক কারণ কাজ করছেÑ ১. সারা বিশ্বে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের (এআই) তুমুল দাপট। ২. সামরিক সংঘাতের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলে (সাপ্লাই চেইন) বড় ধরনের বিঘ্ন। 

অনারের সেলস রিপ্রেজেন্টিটিভ রাকিব মোল্লা জানান, সামরিক সংঘাতের কারণে বিশ্বের সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সহসা এই সংঘাত অবসানের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। ফলে আগামী কয়েক মাসে মাইক্রোচিপ, মেমোরি কার্ড, স্টোরেজ, র‍্যাম ও রমের দাম আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

স্মার্টফোনের র‍্যাম ও স্টোরেজের বৈশ্বিক দাম বৃদ্ধির একটি চমকপ্রদ পরিসংখ্যান পাওয়া যায় ভিভো বাংলাদেশের এক শীর্ষ কর্মকর্তার কথায়। তিনি প্রতিদিনের বাংলাদেশকে জানান, বিশ্ববাজারে ২০২৫ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ৮/২৫৬ জিবি র‍্যাম ও স্টোরেজের দাম ছিল ৩৫ ডলার। কিন্তু ২০২৬ সালের প্রথম প্রান্তিকে তা লাফিয়ে ১০৯ ডলারে এবং দ্বিতীয় প্রান্তিকে ১৩২ ডলারে পৌঁছায়। চলতি তৃতীয় ও চতুর্থ প্রান্তিকে এই দাম বেড়ে যথাক্রমে ১৪০ ও ১৪৪ ডলার হতে পারে বলে ধারণা করা হচ্ছে। একইভাবে ১২/২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ২০০ ডলার ছাড়িয়ে যাবে।

দাম বৃদ্ধিতে এআই যে ভূমিকা রাখছে

বিশ্ববাজারে দাম বাড়ার সবচেয়ে বড় কারণটি লুকিয়ে আছে ‘এআই বুম’ বা কৃত্রিম বুদ্ধিমত্তার অভাবনীয় প্রসারের মধ্যে। হুয়াওয়ের শ্রীলঙ্কা ও বাংলাদেশ ডিভাইস অফিসের মার্কেটিং লিড ফারুক রহমান এই মূল্য বৃদ্ধির নেপথ্যের কারণ নিখুঁতভাবে ব্যাখ্যা করেছেন। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, গত ছয় মাসে স্মার্টফোনের উপকরণগুলোর মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে র‍্যাম ও স্টোরেজ মেমোরির দাম। ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে মোবাইল ডি-র‍্যামের চুক্তিমূল্য ধরনভেদে ৭০ থেকে ৮৩ শতাংশ পর্যন্ত বেড়েছে। এর প্রধান কারণ হলোÑ বিশ্বব্যাপী এআই ও ডেটা সেন্টারের বিপুল চাহিদা বৃদ্ধি। মেমোরি প্রস্তুতকারক বড় বড় প্রতিষ্ঠান এখন তাদের উৎপাদন সক্ষমতার সিংহভাগই এইচবিএম (হাই-ব্যান্ডউইথ মেমোরি), সার্ভার ডি-র‍্যাম ও এন্টারপ্রাইজ স্টোরেজ তৈরির দিকে সরিয়ে নিয়েছে। ফলে সাধারণ স্মার্টফোন বা কনজ্যুমার ইলেকট্রনিকসের জন্য ব্যবহৃত র‍্যাম ও ন্যান্ডের সরবরাহ কমে গেছে এবং স্বাভাবিকভাবেই দাম হু হু করে বাড়ছে।

রায়ানস কম্পিউটার্সের আইডিবি ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মো. মাহফিজুর রহমানের ভাষ্যও প্রায় একইরকম। প্রতিদিনের বাংলাদেশকে তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে মেমোরি চিপের চাহিদা ও সরবরাহের এই ভারসাম্যহীনতাই বর্তমান সংকটের মূল কারণ। এন্টারপ্রাইজ ও এআই-কেন্দ্রিক মেমোরির দিকে উৎপাদকরা ঝুঁকে পড়ায় সাধারণ পিসি ও ল্যাপটপের র‍্যাম-স্টোরেজ এখন চাপের মুখে। কিছু ক্ষেত্রে র‍্যামের দাম আগের চেয়ে ৫০ শতাংশের বেশি বেড়েছে।

ক্রেতার আচরণে পরিবর্তন

আন্তর্জাতিক বাজারের এই অস্থিরতার সঙ্গে যুক্ত হয়েছে বাংলাদেশের স্থানীয় অর্থনৈতিক বাস্তবতা। হুয়াওয়ের ফারুক রহমান ও রায়ানসের মাহফিজুর রহমানÑ দুজনেই একমত যে, বৈদেশিক মুদ্রার উচ্চ বিনিময় হার (ডলার সংকট), আমদানি ও লজিস্টিক ব্যয় বৃদ্ধি এবং শুল্ক-কর কাঠামোর প্রভাব চূড়ান্ত বাজারদামে সরাসরি যুক্ত হচ্ছে। ফলে আন্তর্জাতিক বাজারে ১০ ডলার দাম বাড়লে, দেশের বাজারে কর ও ডলার রেট মিলিয়ে তা কয়েক হাজার টাকার তফাৎ তৈরি করছে।

এই আকাশছোঁয়া দামের কারণে ক্রেতাদের আচরণেও বড় ধরনের পরিবর্তন এসেছে। ফারুক রহমান জানান, দাম বৃদ্ধির প্রভাব সবচেয়ে বেশি পড়েছে বাজেট ও মিড-রেঞ্জ সেগমেন্টের ক্রেতাদের ওপর, যারা তুলনামূলকভাবে বেশি মূল্যসংবেদনশীল। অনেকেই এখন ফোন পরিবর্তনের সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন অথবা বাজেট সমন্বয় করছেন। তবে প্রিমিয়াম সেগমেন্টের ক্রেতাদের চাহিদা তুলনামূলকভাবে স্থিতিশীল রয়েছে।

মাহফিজুর রহমান বলেন, প্রাইস-সেনসিটিভিটি বাড়ার কারণে অনেক ক্রেতা এখন র‍্যাম বা এসএসডি আপগ্রেডের সিদ্ধান্ত পিছিয়ে দিচ্ছেন। কেউ হয়তো কম ক্যাপাসিটির স্টোরেজ নিচ্ছেন, আবার কেউ তুলনামূলক সাশ্রয়ী ব্র্যান্ড খুঁজছেন। তবে শিক্ষা, করপোরেট ও ব্যক্তিগত ব্যবহারের কারণে ল্যাপটপ বা ডেস্কটপের সামগ্রিক প্রয়োজন কিন্তু কমে যায়নি। ক্রেতারা এখন আগের চেয়ে অনেক বেশি হিসাব-নিকাশ করে কনফিগারেশন মেলাচ্ছেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা