× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রোহিঙ্গা প্রত্যাবাসনে জাতিসংঘে প্রধানমন্ত্রীর পাঁচ প্রস্তাব, চাইলেন রোডম্যাপ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২৩:১২ পিএম

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে চলমান রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

সংকটের মূল কারণ মিয়ানমারে উল্লেখ করে তিনি বলেছেন, এর টেকসই সমাধানও সেখানেই নিহিত। 

রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের উপযোগী পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ প্রণয়নের আহ্বান জানিয়েছেন তিনি। 

বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ‘দ্য রোহিঙ্গা ক্রাইসিস: আ রিনিউড কল ফর আ ডিউরেবল সলিউশন ফ্রম প্রোট্র্যাক্টেড ডিসপ্লেসমেন্ট, উইথ জাস্টিস অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি’ শীর্ষক উচ্চপর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য দেওয়ার সময় প্রধানমন্ত্রী এসব প্রস্তাব তুলে ধরেন।

বাংলাদেশ ও গাম্বিয়া যৌথভাবে এ আয়োজন করে। ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশ ও সংস্থা এতে সহ-আয়োজক হিসেবে যুক্ত ছিল। 

প্রধানমন্ত্রীর বক্তব্যের মূল সুর ছিল- রোহিঙ্গা সংকটকে শুধু মানবিক সহায়তার বিষয় হিসেবে দেখলে চলবে না; এর রাজনৈতিক ও নিরাপত্তাগত মূল কারণ মোকাবিলা করে বাস্তুচ্যুত মানুষের নিজ দেশে ফেরার পথ তৈরি করতে হবে।

তিনি বলেন, ‘সহমর্মিতা থেকে সংকটের মূল কারণ ও তার সমাধান খোঁজার পথে এগিয়ে যাওয়ার সময় এসেছে। প্রতিশ্রুতি থেকে কার্যকর পদক্ষেপে যাওয়ার সময় এসেছে। বাস্তুচ্যুতি ব্যবস্থাপনা থেকে এই বাস্তুচ্যুতির অবসান ঘটানোর দিকে এগিয়ে যাওয়ার সময় এসেছে।’

পাঁচ দফা প্রস্তাব

প্রধানমন্ত্রীর প্রথম প্রস্তাব হলো রোহিঙ্গাদের প্রত্যাবাসনে একটি সুস্পষ্ট ও বিশ্বাসযোগ্য রোডম্যাপ তৈরি। দ্রুত, নিরাপদ, স্বেচ্ছামূলক, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের জন্য আন্তর্জাতিক ও আঞ্চলিক অংশীজনদের সমন্বিত পরিকল্পনা নেওয়ার আহ্বান জানান তিনি।

একই সঙ্গে মিয়ানমারের ভেতরে প্রত্যাবাসনের অনুকূল পরিবেশ তৈরিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে নিজেদের প্রভাব কাজে লাগানোর কথা বলেন।

দ্বিতীয় প্রস্তাবে মিয়ানমারে রোহিঙ্গাসহ সব বেসামরিক মানুষের ওপর সহিংসতা বন্ধ এবং তাদের মৌলিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী। 

নিজ ভূমিতে অধিকার ও নিরাপত্তার নিশ্চয়তা না থাকলে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার আস্থা তৈরি হবে না বলেও উল্লেখ করেন তিনি। 

তৃতীয় প্রস্তাবে রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতা স্থানীয় জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত ও পূর্বানুমেয় মানবিক সহায়তা নিশ্চিত করার আহ্বান জানান।

দীর্ঘদিন ধরে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশের ওপর তৈরি হওয়া মানবিক, সামাজিক ও অর্থনৈতিক চাপ বিবেচনায় নিয়ে স্থানীয় জনগোষ্ঠীকেও আন্তর্জাতিক সহায়তার আওতায় রাখার কথা বলেন তিনি।

চতুর্থ প্রস্তাবে ন্যায়বিচার ও জবাবদিহিকে টেকসই প্রত্যাবাসনের অপরিহার্য শর্ত হিসেবে তুলে ধরেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত গুরুতর অপরাধের বিচার ও দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আন্তর্জাতিক বিচারিক ও তদন্ত ব্যবস্থাকে অব্যাহত সহায়তার আহ্বান জানান।

এ ক্ষেত্রে গাম্বিয়ার নেতৃত্বে আন্তর্জাতিক বিচার আদালতে চলমান উদ্যোগের প্রতিও সমর্থন জানান তিনি।

পঞ্চম প্রস্তাবে রোহিঙ্গা সংকটের সঙ্গে যুক্ত আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের কথা বলেন প্রধানমন্ত্রী। 

মাদকভিত্তিক অর্থনীতি, মানবপাচার, ডিজিটাল প্রতারণা, অবৈধ অস্ত্রসহ আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সমন্বিত উদ্যোগের আহ্বান জানান তিনি।

প্রয়োজনীয় পরিবেশ তৈরি হলে প্রত্যাবাসনে প্রস্তুত বাংলাদেশ

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে ব্যাপক হারে রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসার পর প্রায় নয় বছর ধরে কক্সবাজার ও ভাসানচরে বিপুলসংখ্যক রোহিঙ্গা আশ্রয় নিয়ে আছে।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, বাংলাদেশে ১২ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছে। দীর্ঘস্থায়ী এই সংকটে আন্তর্জাতিক অর্থায়নের ঘাটতিও মানবিক সহায়তা কার্যক্রমে চাপ তৈরি করছে। 

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশ চায় রোহিঙ্গারা নিরাপদে, স্বেচ্ছায়, মর্যাদার সঙ্গে এবং অধিকার সুরক্ষিত রেখে মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাক। প্রয়োজনীয় পরিবেশ তৈরি হলে তাদের প্রত্যাবাসনে বাংলাদেশ সহযোগিতা করতে প্রস্তুত থাকবে।

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের রাজনৈতিক সদিচ্ছা, মানবিক সহায়তা, বিচারিক সহযোগিতা এবং আঞ্চলিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা