অবৈধ সম্পদ অর্জন
বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২২:১২ পিএম
দুর্নীতি দমন কমিশন (দুদক)। ফাইল ছবি
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে আওয়ামী লীগের সাবেক আট এমপি ও তাদের পরিবারের সদস্যদের বিরুদ্ধে ১৭টি মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দেওয়া হয়েছে।
বুধবার দুদকের সচিব সাইদুর রহমান খান সাংবাদিকদের এসব তথ্য জানান।
মামলার অনুমোদন পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক, কুষ্টিয়া-৪ আসনের সাবেক এমপি সেলিম আলতাফ জর্জ ও আবদুর রউফ, কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি রেজাউল হক চৌধুরী, হবিগঞ্জ-৩ আসনের সাবেক এমপি মো. আবু জাহির, ফেনী-৩ আসনের সাবেক এমপি হাজি রহম উল্লাহ, লক্ষ্মীপুর-২ আসনের সাবেক এমপি নুর উদ্দিন চৌধুরী নয়ন এবং সংরক্ষিত নারী আসনের সাবেক এমপি ফরিদা ইয়াসমিন।
আ ফ ম রুহুল হক
সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক আ ফ ম রুহুল হক ও তার ছেলে জিয়াউল হকের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।
দুদক জানায়, অনুসন্ধানে রুহুল হকের নামে ৩৯ কোটি ৩০ লাখ ৫৩ হাজার ৬৪৫ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য পাওয়া গেছে। এ ছাড়া তার পারিবারিক ও অন্যান্য ব্যয় পাওয়া গেছে ৫ কোটি ৭২ লাখ ৭২ হাজার ১১২ টাকা। সব মিলিয়ে রুহুল হকের নিট সম্পদ ও ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ৪৫ কোটি ৩ লাখ ২৫ হাজার ৭৫৭ টাকা। এর বিপরীতে তার নামে গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ২৫ কোটি ৮৮ লাখ ৪৬ হাজার ৭৩৭ টাকা।
রুহুল হকের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ৩৯টি হিসাবে ৬৪ কোটি ৭৬ লাখ ৭৪ হাজার ৮৭৯ টাকা জমা এবং ৫১ কোটি ৪৪ লাখ ১৩ হাজার ৭৮০ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট ১১৬ কোটি ২০ লাখ ৮৮ হাজার ৬৫৯ টাকার সন্দেহজনক লেনদেন হয়েছে।
অন্যদিকে, রুহুল হকের ছেলে জিয়াউল হকের নামে ১৯ কোটি ৭৩ লাখ ৪০ হাজার ৮৪৩ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার পারিবারিক ব্যয় পাওয়া গেছে ৫ কোটি ৪২ লাখ ৪৯ হাজার ৬১৫ টাকা। এতে তার নিট সম্পদের পরিমাণ দাঁড়ায় ২৫ কোটি ১৫ লাখ ৯০ হাজার ৪৫৮ টাকা। তার নামে গ্রহণযোগ্য আয়ের উৎস পাওয়া গেছে ১৬ কোটি ৬৩ লাখ ৫ হাজার ৬৩৮ টাকা। এতে ৮ কোটি ৫২ লাখ ৮৪ হাজার ৮২০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পেয়েছে দুদক। জিয়াউল হকের নামে বিভিন্ন ব্যাংকে পরিচালিত ১৫টি হিসাবে ১৭ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৮৩৭ টাকা জমা এবং ১৫ কোটি ৯৭ লাখ ১ হাজার ৪৭৬ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। এসব হিসাবে মোট ৩৩ কোটি ৮৪ লাখ ৩৫ হাজার ৩১৩ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।
সেলিম আলতাফ জর্জ
সেলিম আলতাফ জর্জের বিরুদ্ধে দাখিল করা সম্পদবিবরণীতে ৬৪ লাখ ৪৮ হাজার ৪৭৮ টাকার সম্পদের তথ্য কম দেখানোর অভিযোগ রয়েছে। একইসঙ্গে ১ কোটি ১ লাখ ৬৪ হাজার ৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করে ভোগদখলে রাখার অভিযোগও রয়েছে।
আবদুর রউফ
আবদুর রউফের বিরুদ্ধে ২ কোটি ৬৫ লাখ ১০ হাজার ৬০৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দেওয়া হয়েছে। একইসঙ্গে তার স্ত্রী জান্নাতুন নাহারের বিরুদ্ধে ১ কোটি ৩৯ লাখ ৯৯ হাজার ২৯২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পৃথক মামলা করার অনুমোদন দিয়েছে দুদক।
রেজাউল হক চৌধুরী
রেজাউল হক চৌধুরীর বিরুদ্ধে সম্পদবিবরণীতে ৩৭ লাখ ২৬ হাজার ৬০০ টাকা কম দেখানোর অভিযোগ রয়েছে। পাশাপাশি ২ কোটি ৪৬ লাখ ৯২ হাজার ৫৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও রয়েছে। রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. বুলবুল আহমেদ টোকেন চৌধুরীর বিরুদ্ধেও পৃথক মামলা করার অনুমোদন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সম্পদবিবরণীতে ৩৪ লাখ ১৪ হাজার টাকা কম দেখানো এবং ১ কোটি ৭৯ লাখ ৩৫ হাজার ২৬৮ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
মো. আবু জাহির
সম্পদবিবরণীতে ৭ কোটি ২৭ লাখ ৩৬ হাজার ৬২৭ টাকার স্থাবর ও অস্থাবর সম্পদের তথ্য গোপন করে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য দেওয়ার অভিযোগে মো. আবু জাহিরের বিরুদ্ধে মামলা করার অনুমোদন করেছে দুদক। এ ছাড়া তার নামে ৯ কোটি ৩২ লাখ ৭১ হাজার ৫৫৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ থাকার অভিযোগ রয়েছে।
হাজি রহম উল্লাহ
৩ কোটি ৮৪ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে হাজি রহম উল্লাহর বিরুদ্ধে মামলার অনুমোদন দেওয়া হয়েছে।
নুর উদ্দিন চৌধুরী নয়ন
নুর উদ্দিন চৌধুরী নয়নের বিরুদ্ধে ৭৯ লাখ ৯৯ হাজার ৬৪২ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। একইসঙ্গে তার স্ত্রী চৌধুরী রুবিনা ইয়াছমিন লুবনার বিরুদ্ধে ১ কোটি ৮২ লাখ ৫১ হাজার ৫৮৯ টাকার জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
ফরিদা ইয়াসমিন
ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে ২ কোটি ৭৪ লাখ ১৩ হাজার ১৮০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৭টি ব্যাংক হিসাবে ২১ কোটি ৯ লাখ ৩৪ হাজার ৮১৪ টাকা লেনদেনের অভিযোগ রয়েছে।
ফরিদা ইয়াসমিনের স্বামী বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজামের বিরুদ্ধেও মামলার অনুমোদন দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে ২ কোটি ৮ লাখ ৫০ হাজার ১৩৫ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তার স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে পরিচালিত ১৯টি ব্যাংক হিসাবে ৩৯ কোটি ৩৯ লাখ ৬১ হাজার ৯১৩ টাকা লেনদেনের অভিযোগও রয়েছে।
অন্যান্য
সাবেক বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জা, তার স্ত্রী আখতার জাহান বকুল ও ছেলে মির্জা মাসরুর কাদের তাশিকের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তিনটি মামলার অনুমোদন দেওয়া হয়েছে। অভিযোগের পরিমাণ যথাক্রমে ১ কোটি ১৯ লাখ ৯৬ হাজার ৯৫০, ১ কোটি ৫০ লাখ ৮৩ হাজার ৪০০ ও ৮১ লাখ ৭৩ হাজার ৭৪৫ টাকা। এ ছাড়া যশোরের সাবেক পৌর মেয়র জহিরুল ইসলাম চাকলাদার ও তার স্ত্রী শামীমা শারমিনের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের অভিযোগে দুটি মামলা অনুমোদন করেছে দুদক। অভিযোগের পরিমাণ যথাক্রমে ২৪ কোটি ৫৮ লাখ ৪৫ হাজার ২২১ ও ৬ কোটি ৭২ লাখ ৯ হাজার ৪৫৩ টাকা।
নুরুন্নবী চৌধুরী
ভোলা-৩ আসনের সাবেক এমপি নুরুন্নবী চৌধুরীর বিরুদ্ধে করা মামলায় আদালতে চার্জশিট দাখিলের অনুমোদন দিয়েছে দুদক। মামলাটি ২০২৫ সালের ১৪ জুলাই দুদকের সমন্বিত জেলা কার্যালয়, বরিশালের (ভোলা জেলা) কার্যালয়ে করা হয়। মামলায় নুরুন্নবী চৌধুরী ছাড়াও লালমোহনের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহাগ ঘোষ, তজুমদ্দিনের উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সেলিম মিয়াসহ সংশ্লিষ্ট প্রকল্পের সভাপতিদের আসামি করা হয়েছিল। আসামির মোট সংখ্যা ১৮।
দুদকের তদন্তে বলা হয়েছে, লালমোহন ও তজুমদ্দিন উপজেলায় ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ অর্থবছরে টিআর, কাবিখা ও কাবিটা কর্মসূচির আওতায় মোট ৩৫৬টি প্রকল্প নেওয়া হয়। এর মধ্যে ১১টি প্রকল্পে কোনো কাজ না করেই বরাদ্দের ৩১ লাখ ৭২ হাজার ৩৩৩ টাকা উত্তোলন করা হয় বলে অভিযোগ করা হয়েছে।