প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ২১:১০ পিএম
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। ফাইল ছবি
আসন্ন ২০২৭ শিক্ষাবর্ষ শুরুর আগেই দেশের প্রায় চার কোটি শিক্ষার্থীর হাতে পরিমার্জিত ও মানসম্মত নতুন পাঠ্যবই পৌঁছে দিতে জোর তৎপরতা চালাচ্ছে সরকার। নির্দিষ্ট সময়ের মধ্যে শতভাগ মানসম্মত ও নিখুঁত বই সরবরাহ নিশ্চিত করতে দিনরাত কাজ করে যাচ্ছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)।
শিক্ষা মন্ত্রণালয় ও এনসিটিবি সূত্রে জানা গেছে, বর্তমানে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রিন্টিং প্রেসে প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণের কাজ পুরোদমে এগিয়ে চলছে। ছাপাখানা থেকে শুরু করে মাঠপর্যায়ে বই গ্রহণ পর্যন্ত প্রতিটি ধাপে মান রক্ষায় এবার সর্বোচ্চ কড়াকড়ি আরোপ করা হয়েছে। তদারকি কার্যক্রম জোরদার করতে শিক্ষা মন্ত্রণালয়, এনসিটিবি এবং একাধিক গোয়েন্দা সংস্থার সমন্বয়ে মোট ৫৩টি মনিটরিং টিম সার্বক্ষণিক মাঠে কাজ করছে।
ইতিমধ্যে মানদণ্ড পূরণে ব্যর্থ হওয়ায় বিভিন্ন প্রেসের প্রায় সাড়ে চার লাখ ছাপানো ফর্মা এবং ২৭ হাজার নিম্নমানের বই বাতিল ও বিনষ্ট করা হয়েছে। মন্ত্রণালয় সংশ্লিষ্টরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, মুদ্রণ প্রতিষ্ঠানের পাশাপাশি বই গ্রহণের সময় মাঠপর্যায়ে কোনো অনিয়ম বা শৈথিল্য দেখা দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও শিক্ষকদেরও কঠোর শাস্তির আওতায় আনা হবে। যে কোনো মূল্যে নতুন শিক্ষাবর্ষের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নিখুঁত পাঠ্যবই তুলে দিতে সরকার বদ্ধপরিকর।
এ বিষয়ে এনসিটিবির চেয়ারম্যান প্রফেসর মোহাম্মাদ গোলাম ফখরুল মাওলা বলেন, বইয়ের মানের বিষয়ে সরকার এবার অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। গুণগত মান বজায় না থাকায় ইতিমধ্যেই প্রায় সাড়ে চার লাখ ফর্মা ও ২৭ হাজার বই বাতিল করা হয়েছে। আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় শতভাগ মানসম্মত পাঠ্যবই পৌঁছাতে আমরা নিরলস কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, অতীতে প্রেস ও মাঠপর্যায়ের অসাধু চক্রের যোগসাজশের সুযোগ থাকলেও এবার বই গ্রহণের সময় জেলা-উপজেলা শিক্ষা কর্মকর্তা এবং প্রতিষ্ঠান প্রধানদের ওপর প্রত্যক্ষ মান যাচাইয়ের দায়িত্ব অর্পণ করা হয়েছে। বই গ্রহণের পরও মান নিয়ে কোনো বিচ্যুতি ধরা পড়লে গ্রহীতা কর্মকর্তাকেও শাস্তি পেতে হবে।
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, উপজেলা পর্যায়ে নিম্নমানের কাগজের বই সরবরাহের কোনো সুযোগ দেওয়া হবে না। বাজারদর যাচাই করে এবার যৌক্তিক মূল্য নির্ধারণ করা হয়েছে, যাতে কম দামের অজুহাতে কেউ নিম্নমানের বই তৈরির সুযোগ না পায়। নির্ধারিত সময়ে মানসম্মত বই সরবরাহে ব্যর্থ হলে কোনো মুদ্রণ প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট কাউকে একচুলও ছাড় দেওয়া হবে না।
এনসিটিবির সদস্য (পাঠ্যপুস্তক) প্রফেসর মোহাম্মদ আবু নাসের টুকু জানান, নির্ধারিত রোডম্যাপ অনুযায়ীই কাজ চলছে এবং ৩০ নভেম্বরের মধ্যে বই সরবরাহ শেষ করতে প্রেস মালিকদের স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। মাঠে নিয়োজিত দলগুলো প্রতিদিন প্রেসে উপস্থিত থেকে কাজ তদারকি করছে। বছরের প্রথম দিনেই শিক্ষার্থীরা যাতে নতুন ক্লাসের পূর্ণাঙ্গ বইয়ের সেট হাতে পায়-এটাই আমাদের প্রধান লক্ষ্য।