প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৬ পিএম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৯:২৭ পিএম
মক্কা নগরীর পবিত্র কাবা শরিফে তাওয়াফ ও ইবাদতে মশগুল মুসল্লিরা। ছবি: সংগৃহীত
পবিত্র হজ ২০২৭-এর প্রাথমিক নিবন্ধনের সময় শেষ হচ্ছে বৃহস্পতিবার। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের মেয়াদ আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
একই সঙ্গে হজ কার্যক্রমে সংশ্লিষ্ট ব্যাংক ও প্রতিষ্ঠানগুলোকে সময়সীমার মধ্যেই প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সৌদি কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী, গত ২৭ জুলাই বাংলাদেশে হজের প্রাথমিক নিবন্ধন শুরু হয়। ২২ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন করেছেন ৩৭ হাজার ৯৫৬ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৬৮৪ জন এবং বেসরকারি হজ এজেন্সির মাধ্যমে ৩৪ হাজার ২৭২ জন। অথচ ২০২৭ সালের জন্য বাংলাদেশের হজ কোটা নির্ধারণ করা হয়েছে ৭৮ হাজার ৫০০ জন।
প্রাক-নিবন্ধনকারীদের নির্ধারিত সময়ের মধ্যে প্যাকেজের সাড়ে তিন লাখ টাকা জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় তাদের হজযাত্রা অনিশ্চিত হয়ে পড়তে পারে। তবে হজ এজেন্সি মালিকদের ভাষ্য, অনেকেই এত আগে বিপুল অর্থ জমা দিতে আগ্রহী নন। ফলে চূড়ান্ত নিবন্ধনের গতি প্রত্যাশিত মাত্রায় বাড়ছে না।
নিবন্ধন শেষে সৌদি কর্তৃপক্ষকে বাংলাদেশের চূড়ান্ত হজযাত্রীর সংখ্যা জানাতে হবে। এরপর আবাসন, পরিবহনসহ বিভিন্ন সেবার জন্য অর্থ পাঠানো, স্বাস্থ্য পরীক্ষা, ফিটনেস সনদ, টিকাদান ও প্রশিক্ষণসহ পরবর্তী প্রস্তুতি নেওয়া হবে।
এদিকে ২০২৭ সালের হজ প্যাকেজের খরচও বেড়েছে। সরকারি ব্যবস্থাপনায় সাশ্রয়ী প্যাকেজ ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা এবং অন্য প্যাকেজ ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজের মূল্য ৫ লাখ ১৩ হাজার ৫৪৫ থেকে ৭ লাখ ৯১ হাজার ৬০ টাকা পর্যন্ত।
২০২৬ সালের তুলনায় এবার সর্বনিম্ন সরকারি প্যাকেজের ব্যয় বেড়েছে ৩৮ হাজার ৫১১ টাকা। বিমানভাড়া প্রায় ২৫ হাজার টাকা কমলেও খাবার, মিনা-আরাফার সেবার ব্যয়, ৭০০ রিয়াল এবং বিনিময় হারজনিত খরচ যুক্ত হওয়ায় মোট ব্যয় কমেনি।