প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৭ পিএম
স্বাস্থ্য অধিদপ্তরের লোগো। ফাইল ছবি
সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে হাসপাতালের এই সীমানার মধ্যে থাকা বিদ্যমান ক্লিনিকগুলোতে সরকারি হাসপাতালের চিকিৎসকেরা প্র্যাকটিস করতে পারবেন না।
স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম বুধবার বিবিসি বাংলাকে এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, এ–সংক্রান্ত একটি চিঠি ইতিমধ্যে জারি করা হয়েছে।
ডা. মো. নূরুল ইসলাম জানান, গত মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে প্রধানমন্ত্রীর দেওয়া নির্দেশনা অনুযায়ী এই সিদ্ধান্ত নিয়ে নির্দেশনা জারি করা হয়েছে।
কবে থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্য অধিদপ্তরের এই কর্মকর্তা জানান, চিঠি জারির সঙ্গে সঙ্গেই এ নির্দেশনা কার্যকর হয়ে গেছে।
দেশের সরকারি হাসপাতালগুলোতে যেসব রোগী ভর্তি হতে আসেন, তাদের বিভিন্ন চক্র কৌশলে বেসরকারি হাসপাতালে ভর্তি করতে প্রলুব্ধ করে বলে অভিযোগ রয়েছে। এ ছাড়া অনেক সময় হাসপাতালের নির্ধারিত কর্মঘণ্টার মধ্যেই কাছাকাছি অবস্থিত ক্লিনিকগুলোতে গিয়ে সরকারি হাসপাতালের চিকিৎসকদের রোগী দেখার বা প্র্যাকটিস করারও অভিযোগ রয়েছে।