× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশে ৮০ শতাংশ পোকাই উপকারী, অতিরিক্ত কীটনাশকে বাড়ছে যেসব ঝুঁকি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১২ পিএম

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২০ পিএম

বেগুন ক্ষেতে কীটনাশক ব্যবহার করছেন এক কৃষক। ছবি: সংগৃহীত

বেগুন ক্ষেতে কীটনাশক ব্যবহার করছেন এক কৃষক। ছবি: সংগৃহীত

দেশে সবজিতে নির্ধারিত মাত্রার চেয়ে ১০ শতাংশ এবং ফলে ৪ শতাংশ বেশি কীটনাশক ব্যবহারের প্রমাণ মিলেছে। এ ছাড়া খেজুরে ৫ শতাংশ ও শুঁটকি মাছে ১০ শতাংশ বেশি কীটনাশক পাওয়া গেছে।

কৃষকদের কীটনাশক ব্যবহারে অসচেতনতার কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

ঢাকার ফার্মগেটে সার্ক এগ্রিকালচার কনফারেন্স রুমে বুধবার আয়োজিত এক কর্মশালায় এসব তথ্য জানান কীটতত্ত্ববিদ ও বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের (বারি) পরিচালক ড. নির্মল কুমার দত্ত।

বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বিএআরসি) কর্মশালাটির আয়োজন করে।

নির্মল কুমার দত্ত বলেন, দেশে কীটনাশকের ব্যবহার বর্তমানে অনেক বেড়েছে। ফলে পোকামাকড় রাসায়নিক কীটনাশক প্রতিরোধী হয়ে উঠছে। এতে আরও বেশি কীটনাশক ব্যবহারের প্রয়োজন হচ্ছে।

অন্যদিকে অতিরিক্ত কীটনাশক ব্যবহারে উপকারী পোকামাকড় মারা যাওয়ায় ক্ষতিকর পোকার প্রাদুর্ভাবও বাড়ছে বলেও জানান তিনি।

তিনি জানান, ২০১৬ সাল পর্যন্ত দেশে নতুন করে ২৫টির বেশি ক্ষতিকর পোকার আগমন ঘটেছে। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহারে জোর দিতে হবে। দেশে প্রায় ৮ হাজার কীটনাশক অনুমোদিত রয়েছে। এর মধ্যে ৪৭ শতাংশ কীটনাশক শতভাগ পিউর বলে যাচাইয়ে দেখা গেছে।

পেস্টিসাইড ব্যবহারের বিষয়ে নির্মল কুমার দত্ত বলেন, ফসল উৎপাদনে রাসায়নিক কীটনাশক গুরুত্বপূর্ণ উপাদান। তবে আমাদের হাইলি হেজার্ড পেস্টিসাইড থেকে বের হয়ে আসতে হবে। দেশে ৮০ শতাংশ পোকাই উপকারী। এগুলো ক্ষতিকর পোকা খেয়ে ফসল রক্ষা করে। অথচ অতিরিক্ত কীটনাশক ব্যবহারে সেগুলো মারা যাচ্ছে। তিনি রাসায়নিক কীটনাশকের পরিবর্তে জৈব বালাইনাশক ব্যবহারের ওপর জোর দেন।

তিনি আরও বলেন, জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা ৮টি ক্রাইটেরিয়ায় ২৫টি হাইলি হেজার্ড পেস্টিসাইড চিহ্নিত করেছে।

কর্মশালায় বক্তারা জানান, মধুপুরের আনারসে নির্ধারিত মাত্রার চেয়ে ১৬-১৭ শতাংশ বেশি ডোজ দেওয়া হচ্ছে।

অধ্যাপক ড. খন্দকার শরিফুল ইসলাম বলেন, পোকামাকড় দমনে বালাইনাশক ব্যবহার করা হলেও নকল বালাইনাশকের কারণে পোকামাকড় না মরে উল্টো তাদের বংশবৃদ্ধি হচ্ছে।

অধ্যাপক ড. মাহবুবা জাহান বলেন, জৈব বালাইনাশক মূলত প্রকৃতিতেই রয়েছে। তাই উপকারী পোকামাকড়কে বাঁচিয়ে রাখতে হবে।

কর্মশালায় আরও বক্তব্য দেন বিএআরসির পরিচালক ড. মো. মাহফুজ আলম। বিএআরসির প্রধান ট্রেনিং অফিসার আল মোবাচ্ছের হোসেনের সঞ্চালনায় কৃষি বিটের সাংবাদিকেরাও আলোচনায় অংশ নেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা