× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

বিবিসি

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৭:১৭ পিএম

ফাইল ছবি

ফাইল ছবি

জুলাই গণ-অভ্যুত্থানের পর মানবাধিকার সুরক্ষার প্রশ্নে বিএনপি সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল, ক্ষমতায় যাওয়ার পর দলটি তা রক্ষা করতে পারেনি বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। সংস্থাটি বলছে, সম্প্রতি এমন তিনটি আইন পাস করা হয়েছে, যা মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে আবারও পেছনে ঠেলে দিয়েছে।

বুধবার এক বিবৃতিতে এসব পর্যবেক্ষণ তুলে ধরেছে সংস্থাটি।

এইচআরডব্লিউর পর্যবেক্ষণ অনুযায়ী বিতর্কিত আইন তিনটি হলো—জাতীয় মানবাধিকার কমিশন আইন-২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন-২০২৬ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে গঠিত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন-২০২৬’।

বিবৃতিতে সংস্থাটি জানায়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সাবেক অন্তর্বর্তী সরকারের সময় মানবাধিকার সুরক্ষায় বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছিল। কিন্তু নতুন এই তিন আইন পাসের মাধ্যমে সেসব ব্যবস্থা বাতিল হয়ে গেছে। এর ফলে অতীতে ব্যাপকভাবে ঘটে যাওয়া গুম ও বিচারবহির্ভূত হত্যার মতো মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো ঠেকানোর আইনি কাঠামো দুর্বল হয়ে পড়েছে।

এইচআরডব্লিউ আরও উল্লেখ করে, জাতীয় মানবাধিকার কমিশনকে শক্তিশালী করার লক্ষ্যে অন্তর্বর্তী সরকারের আমলে দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সেখানে গুম প্রতিরোধ, ঘটনার তদন্ত এবং জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার সুনির্দিষ্ট ক্ষমতা দেওয়া হয়েছিল কমিশনকে। কিন্তু গত ফেব্রুয়ারিতে ক্ষমতা গ্রহণের পর তারেক রহমানের সরকার কমিশনের সেই স্বাধীনতা খর্ব করেছে এবং নতুন আইনে প্রতিষ্ঠানটির তদন্ত ক্ষমতা দুর্বল করে দেওয়া হয়েছে।

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড, গুম ও নির্যাতনের জন্য দায়ী পুলিশের বিশেষায়িত বাহিনী র‍্যাব বিলুপ্ত করার দাবি উঠলেও নতুন আইনে ‘কার্যত কেবল সংস্থাটির নাম পরিবর্তন করা হয়েছে’ বলে বিবৃতিতে উল্লেখ করেছে এইচআরডব্লিউ। সংস্থাটির পর্যবেক্ষণ অনুযায়ী, সাধারণ পুলিশ বাহিনীর ক্ষেত্রে যে ধরনের সুরক্ষামূলক নিয়ম প্রযোজ্য হয়, এসআরবি আইনে সেগুলোও রাখা হয়নি।

বিবৃতিতে হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক ইলায়িন পিয়ারসন বলেন, “নিরাপত্তা বাহিনীকে তদন্ত ও জবাবদিহিতার বাইরে রাখার নতুন সরকারের যে প্রচেষ্টা, সেটি থেকে এমনটা বিশ্বাস করার কোনো কারণ খুঁজে পাওয়া যায় না যে, হত্যাকাণ্ড ও গুমের ঘটনা অতীতের বিষয় হয়ে থাকবে।”

তিনি মনে করেন, অতীতে সংঘটিত গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে দেশের নিরাপত্তা খাতে ‘প্রকৃত সংস্কার ও নির্যাতনের অভিযোগ তদন্ত করার ক্ষমতা সম্পন্ন একটি স্বাধীন মানবাধিকার সংস্থা প্রয়োজন’।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা