বিবিসি
প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:৩৮ পিএম
নৌপথে লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে। প্রতীকী ছবি/বিবিসি
সব ধরনের জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর এবার নৌপথে লঞ্চের ভাড়াও বাড়ানো হয়েছে।
বুধবার লঞ্চ মালিকদের সঙ্গে বৈঠক শেষে নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম নৌপথের ভাড়া বৃদ্ধির এ সিদ্ধান্তের কথা জানান।
মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ব্যবস্থাপনা ব্যয় বৃদ্ধিসহ সামগ্রিক বিষয় বিবেচনায় নৌযান মালিকেরা ১৫ শতাংশ ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছিলেন। তবে যাত্রীদের কথা বিবেচনায় রেখে ভাড়া ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানো হয়েছে। এ ছাড়া সর্বনিম্ন ভাড়া আগের ৩২ টাকা থেকে বাড়িয়ে ৩৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৈঠক প্রসঙ্গে নৌপরিবহন মন্ত্রী বলেন, “তেলের দাম বেড়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ। কিন্তু আমরা যে দ্বিপক্ষীয় বৈঠক করেছি সেখানে সিদ্ধান্ত হয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ বাড়ানোর। এটা আমাদের কাছে যৌক্তিক মনে হয়েছে। আমরা সক্ষম হয়েছি ভাড়া নিয়ন্ত্রণে রাখতে।”
মন্ত্রী আরও বলেন, “ভাড়া বৃদ্ধি আমাদের কাম্য না। কিন্তু বৈশ্বিক পরিস্থিতিতে তেলের দাম বাড়ানো ছাড়া উপায় ছিল না। এজন্য জনদুর্ভোগের কথা বিবেচনা করেই আমরা সর্বনিম্ন ভাড়া বাড়ানোর চেষ্টা করেছি। ভাড়া বৃদ্ধির নামে নৈরাজ্য কিংবা তেলের দাম বৃদ্ধির সুযোগ নিয়ে কাউকে স্বেচ্ছাচারিতার সুযোগ দিইনি।”
এর আগে রবিবার সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ানোর পর মঙ্গলবার বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর কথা জানানো হয়েছিল।