× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আওয়ামী লীগকে অরাজকতা করতে দেওয়া হবে না: পানিসম্পদমন্ত্রী

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৬ ১৬:০১ পিএম

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার দুপুরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার দুপুরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চট্টগ্রামে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভায় আওয়ামী লীগের ঝটিকা মিছিলের প্রসঙ্গ তুলে ধরে রাজনৈতিক ও আইনগতভাবে তা মোকাবিলার কথা বলেছেন পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানি।

তিনি বলেছেন, কোনোভাবেই অস্থিরতার মধ্য দিয়ে অরাজকতা, নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টি করতে দেওয়া হবে না।

চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার দুপুরে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিশেষ মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী শহীদউদ্দিন চৌধুরী এ্যানি বলেন,“সব পরিস্থিতি মোকাবিলা করে আজ দ্বিতীয়বারের মতো আইন-শৃঙ্খলা রক্ষার সমন্বয় কমিটির মিটিং করা হয়েছে। এর মাধ্যমে এই জেলা ও শহরের সাধারণ মানুষ যেন স্বাভাবিক জীবনযাপন করতে পারে এবং স্বাভাবিক চলাফেরা বজায় থাকে, সেদিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং করব।”

আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, “আওয়ামী লীগ একটি নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটি অস্থিরতা সৃষ্টি করার চেষ্টা করছে। কোনোভাবেই যেন এই ধরনের অস্থিরতার মাধ্যমে কোনো অরাজকতা ও নৈরাজ্য-সন্ত্রাস না হতে পারে, সেদিকে একদিকে রাজনৈতিকভাবে আমরা তা মোকাবিলা করব।”

“অন্যদিকে, আইনগত যে ব্যবস্থাটুকু নেওয়া দরকার, জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় যাদের দায়িত্ব রয়েছে, তারা সজাগ ও সতর্ক থাকবেন এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবেন”, বলেন মন্ত্রী।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মন্ত্রী বলেন, চুরি, রাহাজানি, ডাকাতি, ছিনতাই, অবৈধ অস্ত্র ও মাদক নির্মূলে প্রশাসন ও জনপ্রতিনিধিরা বিস্তারিত আলোচনা করে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, “প্রতিটি বিষয়কে আমরা অগ্রাধিকার দিচ্ছি। অগ্রাধিকারের ভিত্তিতে সব দিক বিবেচনা করে যেখানে যেটা দরকার, তাৎক্ষণিকভাবে সেটাকে অ্যাড্রেস করা, সমন্বয় করা ও সমাধান করা সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে।”

আইন সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, “পার্লামেন্টে আপনারা দেখেছেন, অনেক বিষয়ে নতুন আইন হয়েছে এবং আইন সংশোধন হয়েছে। ১৭ বছরের ট্রেইন্ড (প্রশিক্ষিত) লোক চাইলে ১৭ দিনে কিংবা ১৭ মাসেই পুরোপুরিভাবে তা শেষ করে দেওয়া সম্ভব- এ কথা আমি বলব না।”

সভায় চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সামাজিক নিরাপত্তা, নৈতিক শিক্ষা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত কার্যক্রম জোরদারের ওপর গুরুত্ব দেন।

তিনি বলেন, শুধু উচ্ছেদ বা আইন প্রয়োগের মাধ্যমে সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; সমস্যার মূল কারণ চিহ্নিত করে সামাজিক ও অর্থনৈতিক বাস্তবতার আলোকে সমাধানের উদ্যোগ নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা