নিউ ইয়র্কের ‘টার্কিশ হাউস’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান এক উচ্চপর্যায়ের বৈঠক করেছেন। ছবি: পিএমও
বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান।
নিউ ইয়র্ক সময় বুধবার সন্ধ্যায় জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ফাঁকে নিউইয়র্কের তুর্কি হাউসে দুই নেতার মধ্যে এ উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। জাতিসংঘ সদর দপ্তরের কাছে ৮২১ ইউনাইটেড নেশনস প্লাজায় অবস্থিত তুর্কি হাউসে বৈঠকটি অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানান, বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে দুই নেতা দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। পাশাপাশি পারস্পরিক স্বার্থ ও অভিন্ন অগ্রাধিকারের ভিত্তিতে ভবিষ্যতে সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজে বের করার বিষয়েও তারা আলোচনা করেন।
বৈঠকে দুই দেশের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় ও বহুমুখী করার লক্ষ্যে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন তারেক রহমান ও এরদোয়ান।
এ সময় বাণিজ্য, অর্থনীতি ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা আরও সম্প্রসারণের সম্ভাবনা নিয়েও আলোচনা হয়।
আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় অব্যাহত রাখার গুরুত্বের ওপরও জোর দেন দুই নেতা।