গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনরায় নেওয়ার ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে হারানো বা চুরি যাওয়া পাসপোর্টের তথ্য যাচাই করে ইস্যু করতে হবে নতুন পাসপোর্ট। সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্য সংখ্যক ব্যক্তি হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘোষণা দিয়ে পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করেছে। সরকার মনে করছে, পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের মাধ্যমে মানবপাচার, অবৈধ অনুপ্রবেশ ও রাষ্ট্রবিরোধী কার্যকলাপসহ গুরুতর নিরাপত্তা ঝুঁকি তৈরি হচ্ছে। এ বিবেচনায় হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনঃইস্যুর ক্ষেত্রে ১০ দফা নির্দেশনা জারি করে।
এদিকে, সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসিয়াল পাসপোর্ট ও ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট দেওয়ার নিয়ম স্পষ্ট করেছে সরকার। সরকারি কাজে বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা প্রতিষ্ঠানের জারি করা সরকারি আদেশÑ জিওর ভিত্তিতে অফিসিয়াল পাসপোর্ট নিতে হবে। আর ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জিও অথবা কর্তৃপক্ষের অনাপত্তি সনদÑ এনওসির ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে হবে।
হারানো পাসপোর্টে নতুন কড়াকড়ি
হারানো, চুরি বা বিনষ্ট হওয়া পাসপোর্ট পুনরায় নেওয়ার ক্ষেত্রে নতুন করে কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে হারানো বা চুরি যাওয়া পাসপোর্টের তথ্য যাচাই করে নতুন পাসপোর্ট ইস্যু করতে হবে। নতুন পাসপোর্টের ডেটা পেজে স্পষ্টভাবে উল্লেখ থাকবে ‘Previous Passport is Reported to be lost’। একই সঙ্গে আগের পাসপোর্টের তথ্য ইমিগ্রেশন ডেটাবেজে Lost/ Revoked হিসেবে হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অনতিবিলম্বে নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করতে হবে। হারানো বা চুরি যাওয়ার ক্ষেত্রে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার বিধানও রাখা হয়েছে। বারবার পাসপোর্ট হারালে নির্ধারিত ফি’র বাইরে অতিরিক্ত ১০ হাজার টাকা দিতে হবে।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিরাগমন-৪ শাখার উপ-সচিব মোহাম্মদ নুরুজ্জামান স্বাক্ষরিত পরিপত্রে ১০ দফা নির্দেশনা জারি করা হয়। পরিপত্রে বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের অভ্যন্তরে উল্লেখযোগ্যসংখ্যক ব্যক্তি হারানো, চুরি বা বিনষ্ট হওয়ার ঘোষণা দিয়ে পাসপোর্ট পুনঃইস্যুর আবেদন করছেন। পাসপোর্ট একটি সংবেদনশীল ভ্রমণ দলিল হওয়ায় এর অপব্যবহারের ঝুঁকি বিবেচনায় নিয়ে পুনঃইস্যুর ক্ষেত্রে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
তবে পাসপোর্ট হারানোর কথা জানিয়ে নতুন পাসপোর্ট নেওয়ার সুযোগ থাকছে না। হারানোর ঘটনাটি থানায় নথিভুক্ত হওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে তা যাচাইয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। হারানো পাসপোর্ট পরে উদ্ধার হলেও সেটিকে আর সক্রিয় করা যাবে না।
বিদেশে অবস্থানরত কোনো বাংলাদেশির পাসপোর্ট হারানো, চুরি বা বিনষ্ট হলে তাকেও নির্ধারিত ওয়েবসাইট বা অনলাইন ব্যবস্থায় রিপোর্ট করতে হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট বাংলাদেশ দূতাবাস, হাইকমিশন বা কনস্যুলেটকে অবহিত করতে হবে। বিদেশে পাসপোর্ট হারানোর পর সরাসরি নতুন পাসপোর্ট পাওয়ার বদলে বাংলাদেশি মিশনের মাধ্যমে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করতে হবে।
পরিপত্রে পাসপোর্টধারীর মৌলিক পরিচয়-সংক্রান্ত তথ্য পরিবর্তনের বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। পুনঃইস্যুর ক্ষেত্রে আবেদনকারীর নাম, জন্মতারিখ, পিতার নাম ও মাতার নামসহ মৌলিক পরিচিতির তথ্য সম্পূর্ণ পরিবর্তন করা যাবে না। তবে প্রচলিত আইন, বিধি ও অনুমোদিত প্রক্রিয়া অনুসারে বৈধ সংশোধনের বিষয় আলাদাভাবে বিবেচনা করা যাবে।
হারানো বা চুরি যাওয়া পাসপোর্টের তথ্য শুধু পাসপোর্ট অফিসে সীমাবদ্ধ না রেখে ইমিগ্রেশন ম্যানেজমেন্ট সিস্টেমে (আইএমএস) প্রয়োজনীয় হালনাগাদ করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজন অনুযায়ী ইন্টারপোলকেও নোটিফিকেশন দেওয়ার কথা বলা হয়েছে। ফলে হারানো পাসপোর্টের তথ্য সংশ্লিষ্ট একাধিক নিরাপত্তা ও ইমিগ্রেশন ব্যবস্থায় যুক্ত থাকবে।
নতুন নির্দেশনায় হারানো পাসপোর্টের তথ্যকে কেন্দ্রীয়ভাবে হালনাগাদ করা, নতুন পাসপোর্টে আগের পাসপোর্ট হারানোর বিষয়টি দৃশ্যমান রাখা ও পুনরাবৃত্তির ক্ষেত্রে অতিরিক্ত ফি আরোপের ব্যবস্থা রাখা হয়েছে।
এর ফলে পাসপোর্ট হারানোর পর পুনঃইস্যুর পুরো প্রক্রিয়াটি আগের তুলনায় বেশি যাচাই-নির্ভর হবে।
সরকারি কাজে অফিসিয়াল পাসপোর্ট, ব্যক্তিগত ভ্রমণে সাধারণ
সরকারি কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য অফিসিয়াল পাসপোর্ট এবং ব্যক্তিগত ভ্রমণের ক্ষেত্রে সাধারণ পাসপোর্ট দেওয়ার নিয়ম স্পষ্ট করেছে সরকার। সরকারি কাজে বিদেশ যেতে হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর বা প্রতিষ্ঠানের জারি করা সরকারি আদেশÑ জিওর ভিত্তিতে অফিসিয়াল পাসপোর্ট নিতে হবে। আর ব্যক্তিগত কাজে বিদেশ ভ্রমণের ক্ষেত্রে জিও অথবা কর্তৃপক্ষের অনাপত্তি সনদÑ এনওসির ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে হবে।
বিশেষ করে জাতীয় বেতন স্কেলের ৯ম গ্রেড ও তদূর্ধ্ব পর্যায়ের স্থায়ী কর্মকর্তাদের ব্যক্তিগত বিদেশভ্রমণের ক্ষেত্রেও জিও বা এনওসি ছাড়া পাসপোর্ট পাওয়ার সুযোগ থাকছে না। সরকারি কাজে ব্যবহারের জন্য অফিসিয়াল পাসপোর্ট অবশ্য নির্ধারিত শর্তে বিনা ফিতে দেওয়ার বিধান রাখা হয়েছে।
মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, পরিদপ্তর, অধস্তন অফিস ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত রাজস্ব খাতভুক্ত কর্মকর্তা-কর্মচারীরা সরকারি কাজে বিদেশ ভ্রমণের জন্য সরকারি আদেশের ভিত্তিতে অফিসিয়াল পাসপোর্ট পাবেন। তবে ব্যক্তিগত কাজে বিদেশ যেতে হলে তাদের জিও অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এনওসির ভিত্তিতে নির্ধারিত ফি দিয়ে সাধারণ পাসপোর্ট নিতে হবে। অর্থাৎ সরকারি কর্মকর্তা হলেই ব্যক্তিগত বিদেশভ্রমণের জন্য অফিসিয়াল পাসপোর্ট ব্যবহারের সুযোগ থাকছে না।
পরিপত্রে বলা হয়েছে, অফিসিয়াল ও সাধারণ পাসপোর্ট ইস্যুর বিষয়ে ইতঃপূর্বে জারি করা বিভিন্ন পরিপত্র, আদেশ ও নির্দেশনা সমন্বয় ও সংশোধন করে নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি আদেশ (জিও) ও অনাপত্তি সনদের (এনওসি) সত্যতা যাচাইয়ের জন্য প্রতিটি মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর ও সংস্থায় একজন করে ফোকাল পয়েন্ট ও একজন বিকল্প ফোকাল পয়েন্ট নির্ধারণ করতে হবে।
পাসপোর্ট ব্যবস্থাপনায় বাড়ছে যাচাই
নতুন ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলোÑ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের পাসপোর্ট ইস্যুকে তাদের বিদেশভ্রমণের উদ্দেশ্যের সঙ্গে সরাসরি যুক্ত করা হয়েছে। সরকারি কাজে গেলে অফিসিয়াল পাসপোর্ট, আর ব্যক্তিগত কাজে গেলে সাধারণ পাসপোর্টÑ এই পার্থক্যটি স্পষ্ট করা হয়েছে।