আলোচনা সভায় বক্তারা
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২১:৪৬ পিএম
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের একটি মিলনায়তনে অ্যাকশনএইড বাংলাদেশ ও ব্রাইটার্স আয়োজিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জলবায়ু পরিবর্তনের কোনো সীমানা নেই। তাই স্থানীয় কমিউনিটি থেকে শুরু করে আন্তর্জাতিক নীতিনির্ধারকÑ সব পর্যায়ের মানুষের সম্মিলিত উদ্যোগেই এ বৈশ্বিক সংকট মোকাবিলা সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় ড্যানিশ দূতাবাসের ডেপুটি হেড অব মিশন অ্যান্ডার্স বি কার্লসেন।
তিনি বলেন, নীতি প্রণয়ন ও স্থানীয় বাস্তবতার মধ্যে কার্যকর সমন্বয় এখন সময়ের দাবি। মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ বলেন, জলবায়ু পদক্ষেপের কেন্দ্রবিন্দুতে তরুণদের রাখতে হবে। কারণ আজকের সিদ্ধান্তই নির্ধারণ করবে তাদের ভবিষ্যৎ।
মঙ্গলবার রাজধানীর তেজগাঁওয়ের একটি মিলনায়তনে অ্যাকশনএইড বাংলাদেশ ও ব্রাইটার্স আয়োজিত চার দিনব্যাপী ‘বাংলাদেশ ইয়ুথ কপ ২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
তুরস্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন কপ-৩১ সামনে রেখে ক্ষতিগ্রস্ত মানুষের বাস্তবতা ও দাবিগুলো জাতীয় নীতিতে যুক্ত করার আহ্বান জানিয়ে অনুষ্ঠানে দেশের শতাধিক তরুণ জলবায়ুকর্মী ২০ দফা সনদ প্রকাশ করেন। ৬৪ জেলার তরুণদের দাবি এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার মানুষের সরাসরি অভিজ্ঞতার ভিত্তিতে প্রণীত ‘যুব জলবায়ু অবস্থানপত্র ২০২৬’ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের কাছে হস্তান্তর করা হয়।
মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম বলেন, বৈশ্বিক এই সর্বগ্রাসী সংকট একা সরকারের পক্ষে মোকাবিলা করা সম্ভব নয়। পরিবেশ রক্ষায় তরুণরাই হতে পারে সবচেয়ে বড় প্রহরী। দূষণ শনাক্তকরণ, জীববৈচিত্র্য রক্ষা, জলবায়ু ঝুঁকি তুলে ধরা এবং জনসচেতনতা তৈরিতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (জলবায়ু, পরিবেশ ও আন্তঃমীমাংসিত পানিসম্পদ অনুবিভাগ) কাজী এহসানুল হক বলেন, বর্তমান জলবায়ু সিদ্ধান্তগুলো সরাসরি তরুণদের ভবিষ্যৎকে প্রভাবিত করছে। তাই নীতি ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় তাদের এখন থেকেই আরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করা প্রয়োজন।
অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুজান রাইল বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, চরম আবহাওয়া ও বাস্তুচ্যুতির কারণে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের মানুষ ইতোমধ্যে জলবায়ু পরিবর্তনের ক্ষতির মুখে পড়েছে। কার্যকর পদক্ষেপে সরকার, স্থানীয় কমিউনিটি, তরুণ ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে ‘ফেসিং দ্য ফ্রন্টলাইনার্স : সিএসও অ্যান্ড এক্সপার্টস’ শীর্ষক আলোচনা, ‘চিলড্রেনস ভয়েস অন ক্লাইমেট’ টকশো এবং ‘ক্লাইমেট পলিসি নেগোশিয়েশন ফেলোশিপ’-এর ১৯ তরুণের ছায়া নীতি-আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় ক্ষয়ক্ষতি, জলবায়ু অর্থায়ন, ন্যায়সঙ্গত রূপান্তর এবং কপ-৩১-এ বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে মতবিনিময় হয়।