প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৭ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৮ পিএম
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ। ফাইল ছবি
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিরুদ্ধে ধারাবাহিক গুরুতর অভিযোগ ও নৈতিক প্রশ্ন ওঠার পরও তর সংসদ সদস্য পদ কীভাবে বহাল রয়েছে—এ প্রশ্ন তুলেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
একই সঙ্গে তার ‘দ্বিতীয় স্ত্রী’ মরিয়ম খাতুনের মৃত্যু এবং মৃত্যুর আগে কথিত ‘সেক্সটরশন বা যৌন ব্ল্যাকমেলের’ অভিযোগের নিরপেক্ষ ও প্রভাবমুক্ত তদন্তের দাবি জানিয়েছে সংস্থাটি।
মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিআইবি বলেছে, জনপ্রতিনিধিদের জন্য বিশেষায়িত, পূর্ণাঙ্গ ও বাধ্যতামূলক নৈতিক আচরণবিধি প্রণয়ন করা জরুরি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, সংসদ ও সংসদ সদস্যদের মর্যাদাহানিকর পরিস্থিতির জন্য দায়ী ব্যক্তির সংসদ সদস্য পদ অব্যাহত থাকা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। একজন জনপ্রতিনিধিকে ঘিরে ধারাবাহিক গুরুতর অভিযোগ ও নৈতিক প্রশ্ন জাতীয় সংসদের মর্যাদার জন্য অবমাননাকর এবং সংসদ সদস্যদের জন্যও চরম লজ্জাজনক।
তিনি বলেন, ফৌজদারি দায় নির্ধারণ করবে আদালত। তবে একজন সংসদ সদস্যের নৈতিকতা, ক্ষমতার ব্যবহার এবং জনগণের আস্থার প্রশ্নে জবাবদিহি নিশ্চিত করার দায়িত্ব সংসদের। এ কারণে গাজী নজরুল ইসলামের সংসদীয় অবস্থান নিয়ে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে, তা জাতীয় সংসদ ও নির্বাচন কমিশনকে স্পষ্ট করতে হবে।
ইফতেখারুজ্জামান আরও বলেন, সংবিধানের ৬৬(২)(ঘ) অনুচ্ছেদ অনুযায়ী নৈতিক স্খলনজনিত ফৌজদারি অপরাধে দোষী সাব্যস্ত হয়ে অন্তত দুই বছরের কারাদণ্ড হলে একজন ব্যক্তি সংসদ সদস্য থাকার অযোগ্য হন। তবে এই আইনগত সীমারেখাকে নৈতিক স্খলনের রক্ষাকবচে পরিণত করার চর্চা থেকে সংসদকে বেরিয়ে আসতে হবে।
গুরুতর নৈতিক স্খলন, স্বার্থের সংঘাত, ক্ষমতার অপব্যবহার কিংবা সংসদের মর্যাদা ক্ষুণ্নকারী আচরণের ক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে এবং কোন পরিস্থিতিতে সংসদ সদস্য পদ বাতিল বা আসন শূন্য হওয়ার প্রশ্ন উঠবে- সে বিষয়ে সুস্পষ্ট বিধান প্রণয়নের দাবি জানিয়েছে টিআইবি।
সংস্থাটি বলছে, সংসদ সদস্যদের নৈতিক স্খলনের তথ্য অতীতেও বিভিন্ন গবেষণা ও নির্ভরযোগ্য গণমাধ্যম প্রতিবেদনে উঠে এসেছে। কিন্তু প্রতিকারে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ২০২৪-পরবর্তী সংস্কার প্রস্তাব এবং ২০২৬ সালে বর্তমান সরকারের কাছে দেওয়া সুপারিশেও নির্বাচিত জনপ্রতিনিধিদের জন্য কার্যকর আচরণবিধির দাবি জানিয়েছে টিআইবি।
ইফতেখারুজ্জামানের প্রশ্ন, সমস্যা চিহ্নিত হয়েছে, সমাধানের পথও জানা- তবু বাস্তবায়নে আগ্রহ নেই কেন?