× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জ্বালানি তেলের বাড়তি দামের চড়া মাশুল বাজারে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪৯ পিএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫২ পিএম

সবজিরে বাজার। প্রতীকী ছবি

সবজিরে বাজার। প্রতীকী ছবি

জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানোর এক দিনের মধ্যেই এর প্রভাব পড়তে শুরু করেছে নিত্যপণ্যের বাজারে। রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, পরিবহন ব্যয় বাড়ায় শুধু সবজি নয়, দূরবর্তী এলাকা থেকে আসা চাল, মাছ, মাংস, ডিম, আলু, পেঁয়াজসহ অন্যান্য পণ্যের দামও পর্যায়ক্রমে বাড়তে পারে।

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২১ সেপ্টেম্বর থেকে ডিজেলের দাম লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হয়েছে। একই সঙ্গে কেরোসিন ১৩৫ থেকে ১৫৫, অকটেন ১৪৫ থেকে ১৬৫ এবং পেট্রোল ১৪০ থেকে ১৬০ টাকা করা হয়েছে। চলতি বছরে এটি জ্বালানি তেলের দাম বাড়ানোর তৃতীয় দফা।

এক লাফে কয়েক হাজার টাকা বেড়েছে ট্রাকভাড়া

জ্বালানির মূল্যবৃদ্ধির তাৎক্ষণিক প্রভাব পড়েছে পণ্য পরিবহনে। রাজধানীর কারওয়ান বাজারে ময়মনসিংহ, জামালপুর ও টাঙ্গাইল থেকে সবজি সরবরাহকারী আড়তদার মো. আমিনুর রহমান জানান, একেকটি ট্রাকে পরিবহন খরচ কয়েক হাজার টাকা বেড়েছে। ময়মনসিংহ থেকে ঢাকায় একটি ট্রাকের ভাড়া ১৪ হাজার ৫০০ টাকা থেকে বেড়ে ১৮ হাজার ৫০০ টাকা হয়েছে।

মানিকগঞ্জ থেকে সবজি আনা পাইকারি ব্যবসায়ী কায়সার রহমান বলেন, তার একটি পরিবহনের ভাড়া ২ হাজার ৬০০ টাকা থেকে বেড়ে ৩ হাজার ৫০০ টাকা হয়েছে। বাড়তি এ ব্যয় ব্যবসায়ীদের পক্ষে নিজেদের বহন করা সম্ভব নয়। ফলে এর চাপ পড়ছে পণ্যের বিক্রয়মূল্যে।

কেরানীগঞ্জ মডেল টাউনের খুচরা বিক্রেতা আল-আমীন বলেন, জ্বালানি তেলের দাম বাড়ার এক দিনের মধ্যেই বিভিন্ন সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা বেড়েছে। কারওয়ান বাজারের খুচরা বিক্রেতা মরিয়ম মেরীও জানান, মঙ্গলবার সকালে আড়ত থেকেই আগের দিনের তুলনায় বেশি দামে সবজি কিনতে হয়েছে। ফলে কিছুটা লাভ রেখে কেজিতে ৫ থেকে ১০ টাকা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।

বাড়ছে বহুমুখী মূল্যচাপ

ব্যবসায়ীদের মতে, উৎপাদনস্থল থেকে পাইকারি বাজার এবং সেখান থেকে খুচরা বাজার- প্রতিটি ধাপেই পরিবহন ব্যয় যুক্ত হওয়ায় জ্বালানির দাম বৃদ্ধির প্রভাব ছড়িয়ে পড়তে পারে। বেনাপোল স্থলবন্দরেও এরই মধ্যে স্থানভেদে ট্রাকভাড়া ৫ থেকে ৮ হাজার টাকা পর্যন্ত বেড়েছে। বেসরকারি কনটেইনার ডিপোগুলোতে হ্যান্ডলিং চার্জও গড়ে ৯ দশমিক ৮৫ শতাংশ বাড়ানো হয়েছে। এতে আমদানি করা পণ্য দেশের বিভিন্ন এলাকায় পৌঁছাতে বাড়তি খরচ হবে।

সিপিডির গবেষক গোলাম মোয়াজ্জেমের মতে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বড় চাপ সাধারণ মানুষের ওপর পড়তে পারে। খাদ্যপণ্যের পাশাপাশি খাদ্যবহির্ভূত পণ্যের দামও বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় পরিবহন ভাড়া যৌক্তিক পর্যায়ে রাখা এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নজরদারি বাড়ানোর পরামর্শ দিয়েছেন তিনি।

বাসভাড়াও বাড়ানোর প্রস্তাব

জ্বালানির দাম বাড়ার পর গণপরিবহনের ভাড়া সমন্বয়ের প্রস্তাবও এসেছে। বিআরটিএর প্রস্তাবে দূরপাল্লার বাসে প্রতি কিলোমিটারে ২০ পয়সা এবং শহরের বাসে ১৭ পয়সা ভাড়া বাড়ানো প্রস্তাব দেয়া হলে সরকার ১৭ পয়সা বাড়ানোর  ঘোষনা দেয়। অন্যদিকে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি দূরপাল্লার বাসে ৮ পয়সা, সিটি সার্ভিসে ১০ পয়সা এবং লঞ্চে প্রতি নটিক্যাল মাইলে ৫ পয়সা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক এএসএম আহম্মেদ খোকন বলেন, ডিজেলের দাম বাড়ায় ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম রুটে একটি বাসে শুধু জ্বালানি বাবদ প্রায় ৪ হাজার টাকা অতিরিক্ত খরচ হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বাসভাড়া সমন্বয় করা হবে।

সরকারের যুক্তি, নজরদারির আশ্বাস

সরকার জ্বালানির দাম বাড়ানোর কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও আমদানি ব্যয়ের চাপের কথা জানিয়েছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও জাহাজভাড়া বৃদ্ধির কারণে মার্চ থেকে আগস্ট পর্যন্ত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বড় ধরনের লোকসানের মুখে পড়েছে।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, জ্বালানির দাম সমন্বয় না করলে টিকা কর্মসূচি, সামাজিক নিরাপত্তা ও কম মূল্যে খাদ্য সরবরাহের মতো সরকারি কার্যক্রমে ব্যাঘাত ঘটতে পারত। পরিস্থিতি স্বাভাবিক হলে জ্বালানির দাম আবার সমন্বয় করে আগের পর্যায়ে বা তার চেয়েও কমিয়ে আনার চেষ্টা করা হবে।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, আন্তর্জাতিক বাজারে জ্বালানির দাম বাড়লে দেশের অর্থনীতিতেও এর চাপ পড়ে। নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাজার নজরদারি জোরদার করা হবে। অযৌক্তিকভাবে দাম বাড়ানো বা অতিরিক্ত মুনাফার চেষ্টা হলে ব্যবস্থা নেওয়া হবে।

জ্বালানির মূল্যবৃদ্ধির প্রথম ধাক্কা ইতোমধ্যে পরিবহন ও সবজির বাজারে দৃশ্যমান। উৎপাদন, পরিবহন ও বিপণনের বিভিন্ন ধাপ পেরিয়ে অন্যান্য নিত্যপণ্যের দামে এর প্রভাব কতটা পড়ে, এখন সেটিই দেখার বিষয়। সরবরাহ স্বাভাবিক রাখা, পরিবহন ব্যয় নিয়ন্ত্রণ এবং অতিরিক্ত মুনাফা ঠেকাতে কার্যকর বাজার নজরদারিই হয়ে উঠছে বড় চ্যালেঞ্জ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা