প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩১ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৩৩ পিএম
হঠাৎ নামা বৃষ্টিতে বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় বুধবার বৃষ্টিতে পথচারীদের চলাচলে ভোগান্তির দৃশ্য। ছবি: ফোকাস বাংলা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে আগামী চার দিন বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। এ সময় কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারি বর্ষণ। একই সঙ্গে দেশের বিভিন্ন এলাকায় দিনের তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর মঙ্গলবার পরবর্তী ৯৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। পূর্বাভাসটি বুধবার সকাল ৯টা থেকে কার্যকর হবে।
অধিদপ্তর জানায়, পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হয়েছে। মঙ্গলবার সকাল ৬টায় এটি নিম্নচাপে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছিল। বর্তমানে নিম্নচাপটি পশ্চিমমধ্য ও তৎসংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থান করছে। আগামী ১২ ঘণ্টার মধ্যে এটি আরও ঘনীভূত হয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে।
এদিকে মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।
পূর্বাভাস অনুযায়ী, বুধবার থেকে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে। রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ।
বৃহস্পতিবারও একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। শুক্রবার রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে; কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ।
শনিবার দেশের বিভিন্ন বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, ৪ দিন পর দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে কমতে পারে।