× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জলবায়ুর সঙ্গে লড়াই, পলিটানেলে অমৌসুমী তরমুজ চাষে সাফল্য

হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৮:১৫ পিএম

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় পলিটানেল পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন কৃষক জামান মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবিলায় পলিটানেল পদ্ধতিতে তরমুজ চাষ করেছেন কৃষক জামান মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কখনো অতিবৃষ্টি, কখনো তীব্র গরম- আবহাওয়ার এমন খামখেয়ালিপনায় কুড়িগ্রামের কৃষিতে বাড়ছে ঝুঁকি। ফসলের মাঠে জলাবদ্ধতা, অতিরিক্ত তাপমাত্রা ও রোগবালাইয়ের প্রভাব বাড়ায় প্রতিবছরই ক্ষতির মুখে পড়ছেন কৃষকরা। তবে প্রতিকূল আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিতে বদলাচ্ছে কৃষির ধরনও। জলবায়ু অভিযোজন পদ্ধতি ব্যবহার করে অমৌসুমী ও বারোমাসি তরমুজ চাষে সাফল্য পাচ্ছেন জেলার কৃষকরা।

পলিটানেল, মালচিং, মাচা, ফেরোমন ফাঁদ, হলুদ ফাঁদ ও বিষটোপসহ নানা প্রযুক্তি ব্যবহার করে নিয়ন্ত্রিত পরিবেশে তরমুজ চাষ করছেন তারা। অমৌসুমে বাজারে তরমুজ ওঠায় মিলছে ভালো দাম। একই জমিতে বছরে একাধিকবার তরমুজ ও সবজি চাষের সুযোগ তৈরি হওয়ায় বাড়ছে কৃষকের আয়।

সরেজমিনে রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের ঝাড়খোলা গ্রামে গিয়ে দেখা যায়, কৃষক জামান মিয়ার ২৫ শতক জমিতে সারি সারি তরমুজগাছ। গাছগুলো বাঁশ ও জিআই তারের তৈরি মাচায় উঠেছে। ওপর থেকে পলিটানেলের পলিথিনের ছাউনি। চারপাশ ঘেরা নাইলনের জালে। গাছের মধ্যে ঝুলছে ছোট আকারের তরমুজ।

জামান মিয়া এ জমিতে সাড়ে তিন শতাধিক তরমুজের চারা রোপণ করেছেন। পোকামাকড় দমনে ব্যবহার করছেন ফেরোমন ও হলুদ ফাঁদ, পাশাপাশি রয়েছে বিষটোপ। জৈব সার ও মালচিং পদ্ধতিও ব্যবহার করা হয়েছে।

কৃষক জামান মিয়া বলেন, “জেলার আবহাওয়া এখন ঠিক নেই। অতিবৃষ্টি আর তাপমাত্রা বেড়ে যাওয়ায় আবাদে সমস্যা হচ্ছে। অনেক সময় ফসল নষ্ট হয়ে যায়। সেই ক্ষতি কাটিয়ে উঠতে এবার প্রথমবার পলিটানেল ব্যবহার করে তরমুজ চাষ করেছি। এতে অতিবৃষ্টি ও অতিরিক্ত তাপের প্রভাব নিয়ন্ত্রণ করা যাচ্ছে”।

তিনি বলেন, “জৈব সার, মালচিং, বাঁশের মাচা, জিআই তার, নাইলনের জাল, ফেরোমন, হলুদ ফাঁদ ও বিষটোপ ব্যবহার করেছি। আশা করছি ভালো ফলন পাব”।

কৃষি সংশ্লিষ্টরা বলছেন, পলিটানেল অনেকটা ছোট আকারের গ্রিনহাউসের মতো কাজ করে। এতে অতিরিক্ত বৃষ্টি, ঠান্ডা ও তাপমাত্রার ওঠানামার প্রভাব কমানো যায়। পাখি ও ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণ থেকেও গাছ ও ফল রক্ষা করা সম্ভব। পাশাপাশি ছত্রাকজনিত রোগের ঝুঁকি কমে। পলিটানেলের ভেতরে আর্দ্রতা ধরে রাখায় বাষ্পীভবন কম হয়, ফলে পানির অপচয়ও কমে।

ছোট আকারের এসব তরমুজ দেখতে লম্বাটে ও ডিম্বাকার। কালচে খোসার ভেতরে টকটকে লাল শাঁস। অমৌসুমে বাজারে ওঠায় ভালো দামও পাচ্ছেন কৃষকরা।

গোলজার নামে এক কৃষক বলেন, “মে মাসের শুরুতে তরমুজের চারা রোপণ করেছি। বাঁশের মাচা, শ্রমিক, সারসহ প্রায় ২৫ হাজার টাকা খরচ হয়েছে। চলতি মাসের শুরুতে প্রথম দফায় ৭০টি তরমুজ তুলেছি। প্রতিটি তরমুজের ওজন গড়ে তিন থেকে চার কেজি হয়েছে। দুই হাজার টাকা মণ দরে বিক্রি করেছি”।

তিনি বলেন, “সামনে আরও দুই দফা তরমুজ তুলতে পারব। এরপর বড় ধরনের বাড়তি খরচ ছাড়াই আবার তরমুজ চাষ করা যাবে। এভাবে বছরে তিনবার তরমুজ এবং একবার সবজি চাষ করা সম্ভব হচ্ছে”।

কৃষকরা জানান, একই জমিতে একাধিকবার ফসল উৎপাদনের সুযোগ থাকায় অমৌসুমী তরমুজ তাদের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। এতে একদিকে পরিবারের খাদ্য চাহিদা মেটানো যাচ্ছে, অন্যদিকে অতিরিক্ত ফসল বিক্রি করে আয় করা সম্ভব হচ্ছে।

নারী কৃষাক জেসমিন আরা ও খাদিজা বলেন, “অমৌসুমী বা বারোমাসি তরমুজ চাষ করে কৃষকরা বছরে তিন থেকে চারবার ফসল ফলানোর সুযোগ পাচ্ছেন। এতে নিজেদের প্রয়োজন মেটানোর পাশাপাশি বাজারে বিক্রি করে আর্থিকভাবে লাভবান হচ্ছেন”।


রাজারহাটে ছোট আকারের বারোমাসি তরমুজের বিভিন্ন জাতের বীজ পাওয়া যাচ্ছে। এর মধ্যে হাইব্রিড চায়না, থাইল্যান্ড, সুইট বেবি ও সুইটকর্ন উল্লেখযোগ্য। এসব জাত বছরের বিভিন্ন সময়ে চাষ করা যায়। কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী মার্চের মাঝামাঝি থেকে জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত চারা রোপণ করা যায়। প্রতি বিঘায় প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০টি চারা লাগানো যায়।

বারোমাসি তরমুজ চাষে প্রতি বিঘায় প্রায় ২০০ কেজি জৈব সার বা ভার্মি কম্পোস্ট, ৪০ কেজি ইউরিয়া, ৪০ কেজি টিএসপি, ৪০ কেজি এমওপি, ২০ কেজি জিপসাম, ১ কেজি জিংক সালফেট ও দেড় কেজি বোরণ সার প্রয়োগের পরামর্শ দেওয়া হয়। বেড তৈরির সময় এসব সার মাটির সঙ্গে মিশিয়ে দিতে হয়।

এ বিষয়ে বেসরকারি সংস্থা আরডিআরএস বাংলাদেশের রংপুর বিভাগীয় ব্যবস্থাপক রফিকুল ইসলাম বলেন, “এই অঞ্চলের কৃষকদের জমি যেন সারা বছর উৎপাদনমুখী থাকে, সে জন্য আরডিআরএস বাংলাদেশ ও পল্লী-কর্ম-সহায়ক ফাউন্ডেশন আর্থিক ও কারিগরি সহায়তা দিচ্ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় কৃষকদের অভিযোজনমূলক কৃষিতে উদ্বুদ্ধ করা হচ্ছে”।

কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক কৃষিবিদ মেহিদী হাসান বলেন, “কুড়িগ্রাম সদর, রাজারহাট, ভূরুঙ্গামারী ও উলিপুরে প্রায় ৩৫ একর জমিতে তরমুজ চাষ হয়েছে। অমৌসুমী বা বারোমাসি তরমুজ চাষ করে এ অঞ্চলের কৃষকরা ভালো মুনাফা পাচ্ছেন। ফলে অনেক কৃষক এ চাষে আগ্রহী হচ্ছেন। কৃষি বিভাগের পক্ষ থেকে তাদের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে”।

জলবায়ু পরিবর্তনের প্রভাবে কৃষির অনিশ্চয়তা বাড়লেও অভিযোজন পদ্ধতি ব্যবহার করে নতুন সম্ভাবনা তৈরি করছেন কুড়িগ্রামের রাজারহাটের কৃষকরা। অমৌসুমে তরমুজ উৎপাদন, নিয়ন্ত্রিত পরিবেশে চাষ এবং একই জমিতে একাধিকবার ফসল ফলানোর সুযোগ তাদের সেই সম্ভাবনাকে আরও শক্তিশালী করছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা