× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিরোধী দলের কর্মসূচিতে অস্বস্তিতে সরকার

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২১ এএম

আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৬ ০৮:২১ এএম

 ১১-দলীয় জোটের ধারাবাহিক আন্দোলন সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। ছবি: সংগৃহীত

১১-দলীয় জোটের ধারাবাহিক আন্দোলন সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। ছবি: সংগৃহীত

নিত্যপণ্যের দাম, জ্বালানি ও গ্যাস-বিদ্যুতের সংকট, আইনশৃঙ্খলার অবনতি, চাঁদাবাজি-দুর্নীতি এবং জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের মতো জনসম্পৃক্ত ইস্যুতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের ধারাবাহিক আন্দোলন সরকারের ওপর নতুন রাজনৈতিক চাপ তৈরি করেছে। গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম এবং ১৯ সেপ্টেম্বর ঢাকা-রংপুর লংমার্চের পর জোটটি আরও কর্মসূচি ঘোষণা করেছে। এই ঘোষণা অনুযায়ী আগামী ১০ অক্টোবর ঢাকা-খুলনা লংমার্চ, ২৪ অক্টোবর ঢাকা-সিলেট ট্রেন লংমার্চ এবং ১৪ নভেম্বর ঢাকায় মহাসমাবেশ হবে। 

সংসদ ও রাজপথের এই বিরোধী জোটের আন্দোলনে দাবির সংখ্যা ইতোমধ্যে ছয় থেকে বেড়ে আট হয়েছে। আগের ছয় দফার সঙ্গে যুক্ত হয়েছে দুর্নীতি বন্ধ এবং তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি। ১১ দল চাইছে তাদের কর্মসূচির সঙ্গে সাধারণ মানুষের সম্পৃক্ততা সৃষ্টি করতে। গত ১৯ সেপ্টেম্বর ঢাকার লংমার্চের উদ্বোধনী সমাবেশে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে আট দফা এক দফায় পরিণত হতে পারে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু কর্মসূচির আকারে নয়, দাবিগুলোর প্রকৃতির কারণেও এই আন্দোলন তাৎপর্যপূর্ণ। বিরোধীরা এমন বিষয় সামনে এনেছে, যেগুলোর সঙ্গে মানুষের প্রতিদিনের জীবনযাত্রার সরাসরি সম্পর্ক রয়েছে। ফলে আন্দোলনকে কেবল রাজনৈতিক প্রতিপক্ষের কর্মসূচি হিসেবে দেখানোর পাশাপাশি সরকারকে এখন প্রতিটি দাবির বিপরীতে বাস্তব পরিস্থিতি এবং তাদের নেওয়া পদক্ষেপের ব্যাখ্যাও দিতে হচ্ছে। কিন্তু সেটা কতটা গ্রহণযোগ্যতা পাচ্ছে, তা নিয়েও প্রশ্ন রয়েছে।

সরকারের জন্য সবচেয়ে অস্বস্তিকর জায়গা তৈরি হয়েছে জ্বালানি ও বিদ্যুৎ সংকট নিয়ে। সরকার দায়িত্ব নেওয়ার সময়ই বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ বাড়ানোকে অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিল। কিন্তু ছয় মাস পরও গ্যাসের ঘাটতি, লোডশেডিং এবং জ্বালানির মূল্য বৃদ্ধি শিল্প ও সাধারণ ভোক্তার ওপর চাপ তৈরি করছে। ২৪ আগস্ট এনসিপি সরকারের প্রথম ১৮০ দিনের মূল্যায়নে দাবি করে, গ্যাস সরবরাহে প্রায় ৪৩ শতাংশ ঘাটতি রয়েছে এবং এর ফলে কারখানার উৎপাদন, পণ্য পরিবহন ও কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হচ্ছে। বেসরকারি খাতের উদ্যোক্তা ও বিনিয়োগকারীরা শত শত শিল্পপ্রতিষ্ঠান বন্ধের কথা জানিয়েছে।

জ্বালানি সংকটের আর্থিক চাপের একটি পরিমাপ পাওয়া যায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর বক্তব্যে। গত ২২ আগস্ট তিনি জানান, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে দেশের অতিরিক্ত জ্বালানি আমদানি ব্যয় ৪ থেকে ৫ বিলিয়ন ডলার বেড়েছে। গ্যাস ও বিদ্যুতের সংকট রাতারাতি সমাধান করা সম্ভব নয় এবং পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগবে। এরপর ২১ সেপ্টেম্বর সরকার চার ধরনের প্রধান জ্বালানির দাম এক লাফে লিটারপ্রতি ২০ টাকা বাড়িয়েছে। চলতি বছরে এটি জ্বালানির তৃতীয় দফা মূল্য বৃদ্ধি। অর্থাৎ বছরের শুরু থেকেই সাধারণ মানুষের পরিবহন ও উৎপাদন ব্যয়ের ওপর ধারাবাহিক চাপ তৈরি হয়েছে।

জ্বালানি সংকট এবং দাম বৃদ্ধির এই ইস্যুটি বিরোধীদের আন্দোলনের জন্য গুরুত্বপূর্ণ রাজনৈতিক উপাদান হয়ে উঠেছে। একদিকে সরকার বলছে, আন্তর্জাতিক বাজার, মধ্যপ্রাচ্যে সংঘাত ও আমদানি ব্যয় বৃদ্ধির কারণে এ পরিস্থিতি তৈরি হয়েছে। অন্যদিকে বিরোধীরা বলছে, সংকট মোকাবিলার ব্যর্থতার দায় সরকার এড়াতে পারে না। জ্বালানি সংকট ও মূল্য বৃদ্ধি নিয়ে সরকারের ভেতরেও অস্বস্তি রয়েছে। দলের মধ্যেও প্রতিবাদ হচ্ছে।

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে ফেসবুকে পোস্ট দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসাইন হৃদয়কে কারণ দর্শানোর নোটিস দিয়েছে সংগঠনটির কেন্দ্রীয় সংসদ। চলতি মাসের ২০ সেপ্টেম্বর দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ানোর ঘোষণার পর তিনি নিজের ফেসবুক আইডিতে এর বিরুদ্ধে প্রতিবাদ জানান। সাজ্জাদ হোসাইন তার ব্যক্তিগত ফেসবুকে লেখেন, ছাত্ররাজনীতিতে যুক্ত হওয়ার পর থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) যেসব কর্মসূচিতে অংশ নিয়েছেন, তার বেশিরভাগই ছিল তেল, গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির বিরুদ্ধে। তাই দলের নীতি ও আদর্শের সাথে সামঞ্জস্য রেখে তিনি বর্তমান মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের বিরুদ্ধেও প্রকাশ্যে প্রতিবাদ জানাচ্ছেন। সাজ্জাদ হোসাইনকে কারণ দর্শানোর সাংগঠনিক পদক্ষেপ নিয়ে সংগঠনে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

জ্বালানি সংকট মোকাবিলায় সরকারের পক্ষ থেকেও কয়েকটি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। দেশীয় গ্যাস অনুসন্ধান, বাপেক্সের সক্ষমতা বৃদ্ধি, নতুন সিসমিক জরিপ, পিএসসি ও বিডিংয়ের মাধ্যমে অনুসন্ধান এবং এলএনজি অবকাঠামো সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে। কিন্তু এসব উদ্যোগের অধিকাংশই মধ্য ও দীর্ঘমেয়াদি। তাৎক্ষণিক কোনো সমাধান না আসায় জনপ্রত্যাশার সঙ্গে সরকারের পরিকল্পনার সময়সীমার একটি ব্যবধান তৈরি হয়েছে।

নিত্যপণ্যের বাজারও সরকারের জন্য একই ধরনের চাপ তৈরি করছে। সরকারের প্রথম মন্ত্রিসভার বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল। কিন্তু ছয় মাসের মূল্যায়নে বিরোধী দলগুলো অভিযোগ করছে, বাজারে স্বস্তি ফেরেনি। আগস্টে সরকারের ছয় মাস পূর্তির সময় মূল্যস্ফীতি, নিত্যপণ্যের দাম এবং কর্মসংস্থানকে বড় চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। বাংলাদেশ ব্যাংকের ২০২৫-২৬ সালের মুদ্রানীতি পর্যালোচনায় দেখা যায়, ২০২৬ সালের মে মাসে কিছু পণ্যের মূল্যচাপ আগের বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ছিল। বিশেষ করে বিবিধ পণ্য ও সেবার মূল্যস্ফীতি ২০২৫ সালের জুনের ১৫ দশমিক ২৫ শতাংশ থেকে ২০২৬ সালের মে মাসে ১৮ দশমিক ৯৩ শতাংশে পৌঁছে। একই সময়ে গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম মার্চ-মে সময়ে উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক উল্লেখ করেছে। 

দেশের বাজারের বাস্তবতা হচ্ছে, কোনো পণ্যের দাম একবার বাড়লে মূল্যস্ফীতির হার কমলেও সেই পণ্যের দাম আগের জায়গায় ফিরে আসে না। বিরোধীরা ঠিক এই জায়গাটিকেই রাজনৈতিকভাবে ব্যবহার করছে। সরকার অবশ্য সামাজিক সুরক্ষা কর্মসূচির মাধ্যমে নিম্নবিত্ত ও প্রান্তিক মানুষের ওপর চাপ কমানোর চেষ্টা করছে। কিন্তু মধ্যবিত্তরা এখনও অস্বস্তিতেই আছে।

আইনশৃঙ্খলাও বিরোধীদের আন্দোলনের অন্যতম প্রধান বিষয়। ১১-দলীয় জোটের অভিযোগÑ চাঁদাবাজি, দখল, রাজনৈতিক সহিংসতা এবং প্রশাসনে দলীয়করণ বেড়েছে। ২৬ আগস্ট জোটের এক বৈঠকের পর সমন্বয়ক হামিদুর রহমান আজাদ আইনশৃঙ্খলা ও জননিরাপত্তার অবনতির অভিযোগ করেন। তিনি নিখোঁজ ও হত্যার বিষয়ে কিছু পরিসংখ্যানও তুলে ধরেন। তবে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে এবং রাজনৈতিক সহিংসতা, চাঁদাবাজি ও অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও বলেছেন, সরকারি দলের সঙ্গে যুক্ত কেউ অপরাধে জড়ালে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সরকারের জন্য আরেকটি রাজনৈতিক অস্বস্তির জায়গা তৈরি হয়েছে তাদের নিজেদের ঘোষিত ১৮০ দিনের কর্মসূচি ঘিরে। ১৭ আগস্ট সরকারের ছয় মাস পূর্ণ হওয়ার পর বিরোধী দলগুলো সরকার ঘোষিত অগ্রাধিকারগুলোর সঙ্গে বাস্তব পরিস্থিতির তুলনা শুরু করে। প্রথম মন্ত্রিসভা বৈঠকে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা এবং বিদ্যুৎ-জ্বালানি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া হয়েছিল; ১৮০ দিন পর এই তিন ক্ষেত্রেই বিরোধীরা সবচেয়ে বেশি প্রশ্ন তুলছে। জুলাই জাতীয় সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়েও দেখা দিয়েছে একই পরিস্থিতি। বিরোধী জোট বলছে, জনগণের দেওয়া রাজনৈতিক ম্যান্ডেট বাস্তবায়নে সরকার গড়িমসি করছে। ১৯ সেপ্টেম্বরের লংমার্চে শফিকুর রহমান দাবি করেন, গণভোটে প্রায় ৭০ শতাংশ ‘হ্যাঁ’ ভোট পড়েছে এবং সেই ম্যান্ডেট বাস্তবায়ন না করায় সরকার জনগণের রায়কে অবজ্ঞা করছে। সরকার বলছে, জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া চলমান এবং সাংবিধানিক ও আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই এগোতে হবে। নির্বাচনে জনগণ তাদের এ ব্যাপারে ম্যান্ডেট দিয়েছে। তাদের পরস্পরবিরোধী অবস্থান রাজপথের আন্দোলনকে আরও জোরদার করে তুলছে।

সাম্প্রতিক সময়ে যুক্ত হয়েছে তুলনার রাজনীতি। বিরোধীরা বর্তমান সরকারের সাত মাসের কর্মকাণ্ডের সঙ্গে ৫ আগস্টের আগের সরকার এবং পরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়কার পরিস্থিতির তুলনা করছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, বর্তমান সরকারের হাতে পাওয়া অর্থনীতি, জ্বালানি ব্যবস্থা, প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো বহু বছরের সমস্যায় জর্জরিত ছিল। বর্তমান সংকটের সব দায় সাত মাসের সরকারের ওপর চাপানো যায় না।

অবস্থাদৃষ্টে বলা যায়, বিরোধীরা এমন কিছু ইস্যুতে রাজপথে নেমেছেÑ যেগুলো সরকার নিজেই অগ্রাধিকার হিসেবে ঘোষণা করেছিল। ফলে সরকারের পক্ষে শুধু আন্দোলনকে রাজনৈতিক কর্মসূচি হিসেবে চিহ্নিত করে থেমে থাকা কঠিন। একই সঙ্গে জ্বালানির দাম এক বছরে তৃতীয়বার বাড়ানো, গ্যাস ও বিদ্যুৎ সংকট, মূল্যস্ফীতি এবং আইনশৃঙ্খলা নিয়ে ধারাবাহিক অভিযোগ সরকারের ব্যাখ্যার ওপর চাপ বাড়াচ্ছে। ২১ সেপ্টেম্বরের জ্বালানি মূল্যবৃদ্ধি সেই চাপকে আরও দৃশ্যমান করেছে।

‘হটকারী বক্তব্যে সংঘাতকে আহ্বান করা হচ্ছে’

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শামসুল আলম প্রতিদিনের বাংলাদেশকে সাম্প্রতিক এ পরিস্থিতি সম্পর্কে বলেন, ‘বিরোধী দলের নেতা তাদের লংমার্চসহ বিভিন্ন কর্মসূচিতে যেসব বক্তব্য দিচ্ছেন, তা শুনে সাধারণ মানুষ হাসাহাসি করছে। সাত মাস বয়সী একটি সরকারকে উৎখাত করার কিংবা হেলিকপ্টারে করে পাঠিয়ে দেওয়ার ঘোষণা রাজনৈতিক অপরিপক্বতা। এসব কর্মসূচি দেখে মনে হচ্ছে তারা পালিয়ে যাওয়া ফ্যাসিস্টকে ফেরানোর চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘বিরোধী দল এসব হটকারী বক্তব্য দিয়ে সংঘাতকে উস্কে দিচ্ছে। তাদের এসব কর্মসূচি ও বক্তব্যকে কেন্দ্র করে কোথাও কোনো সংঘাতের ঘটনা ঘটলে তা থেকে তৃতীয় পক্ষ সুযোগ নেবে। তারা তো ওঁৎ পেতেই রয়েছে।’ তিনি সতর্ক করে বলেন, ‘সরকার ও বিরোধী দলের এমন কোনো অবস্থান নেওয়া ঠিক হবে না, যাতে তৃতীয় পক্ষ সুযোগ পেয়ে যায়। আমাদের আরও সহনশীল ও গণতান্ত্রিক আচরণ করতে হবে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা