× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

থানচিতে ভারী অস্ত্রের ঝনঝনানি

তানভীর হাসান, বান্দরবানের থানচি থেকে ফিরে

প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫৫ পিএম

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২৩:০২ পিএম

প্রতীকী ছবি/এআই

প্রতীকী ছবি/এআই

বান্দরবানের পর্যটন এলাকা থানচিজুড়ে চলছে ভারী অস্ত্রের রমরমা ব্যবসা। সেখানে গহিন পাহাড়ে আফগানিস্তানে তৈরি একটি একে-৪৭ ও একে-২২ রাইফেল বিক্রি হচ্ছে মাত্র ৫০ হাজার টাকায়। এর পেছনে রয়েছে মগ লিবারেশন আর্মি ও কুকি চিন ন্যাশনাল ফ্রন্ট (কেএনএফ) ওরফে বম পার্টির সদস্যরা। তাদের কাছে অস্ত্র বিক্রি করে থাকে মিয়ানমারের আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা। এসব অস্ত্র তারা আফগানিস্তান থেকে ভারতে আনার পর তা মিয়ানমারে পাঠিয়ে থাকে। এরপর সুবিধাজনক সময়ে থানচির দুর্গম পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকা বড় মদক দিয়ে বাংলাদেশে পাঠায়। এই চারটি গ্রুপের হয়েই অস্ত্র ব্যবসা নিয়ন্ত্রণ করেন ১৫ জন। 

অস্ত্র ব্যবসা নিয়ে এই গ্রুপগুলো একতাবদ্ধ থাকলেও অন্যান্য স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে তাদের মধ্যে বিভিন্ন সময় বিরোধ ঘটে। তাই মাঝেমধ্যে খুনখারাবি এবং সংঘর্ষের খবরও পাওয়া যায়। তাছাড়া এই চক্রের সদস্যরা পাহাড়ি এলাকায় ভারী অস্ত্র বেচাকেনার পাশাপাশি চাহিদা অনুযায়ী ক্ষুদ্র অস্ত্র দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করে থাকে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এদের দমনে প্রায়ই অভিযান পরিচালনা করে থাকে। তাদের অভিযানে বিভিন্ন সময় অস্ত্র-গোলাবারুদসহ অপরাধীরা গ্রেপ্তারও হয়েছে। 

গত আগস্ট মাসের মাসের শেষ সপ্তাহে বান্দরবানের রুমা, আলীকদম ও থানাচির রেমাক্রি ঘুরে জানা গেছে, এই পাহাড়ি এলাকার নাইক্ষ্যংছড়ি থেকে রুমা ও আলীকদমে বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সদস্যরা অবাধে ঘোরাফেরা করে থাকেন। এদের মধ্যে মিয়ানমারের আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা পরিচয় গোপন করে বসবাস করে টেকনাফ-উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প ও তার সংলগ্ন বিভিন্ন পাহাড়ে। ওইসব এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান জোরদার হলেই তারা সেখান থেকে পালিয়ে রুমা, আলীকদম হয়ে চলে আসে থানচিতে। এ সময় তারা থানচির বিভিন্ন গ্রামে তাদের সহযোগীদের কাছে আশ্রয় নেয়। বিশেষ করে বম নৃ-গোষ্ঠীর জনগোষ্ঠী অধ্যুষিত রেমাক্রি ও বড় মদক এলাকায় এদের সহযোগী অনেক।

নাম প্রকাশ না করার শর্তে ওই এলাকার একাধিক বাসিন্দা প্রতিদিনের বাংলাদেশকে জানান, টেকনাফ ও উখিয়া থেকে ধাওয়া খেয়ে বিচ্ছিন্নবাদী সংগঠনের সদস্যরা বিভিন্ন উপায়ে থানচির বিভিন্ন দুর্গম গ্রামে আশ্রয় নেয়। আবার মিয়ানমার থেকেও আরাকান আর্মি ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্যরা বড় মদক থেকে রেমাক্রি নদীপথ হয়ে থানচির বিভিন্ন এলাকায় এসে বসবাস করে। অভিযোগ রয়েছে, এসব এলাকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সময় আরাকান আর্মির হয়ে সরাসরি মিয়ানমারে যুদ্ধে অংশ নেয়। বিনিময়ে তাদের নগদ অস্ত্র, ইয়াবা এবং কিছু নগদ টাকাও দেওয়া হয়। অভাবের সময় তারা এসব অস্ত্র দেশীয় বিচ্ছিন্নতাবাদীদের কাছে খুব কম দামে বিক্রি করে থাকেন।

রেমাক্রি বাজার সংলগ্ন একটি পাহাড় এক বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এসব এলাকার বেশিরভাগ অস্ত্রই আফগানিস্তানে তৈরি। এসবের মধ্যে একে-৪৭ ও একে-২২ রাইফেল রয়েছে। এসব অস্ত্র আফগানিস্তানের স্থানীয় বাজার থেকে ১২ থেকে ১৫ হাজার টাকায় কেনা যায়। এভাবে কেনা অস্ত্রই পরে ভারতের মিজোরাম হয়ে বাংলাদেশের বাজারে আসে। আবার কিছু ক্ষেত্রে সরাসরি ভারত দিয়ে মিয়ানমার হয়ে দেশে আসে। এভাবে বাংলাদেশে আসা একেকটি একে-৪৭ রাইফেল ৪০ থেকে ৫০ হাজাার টাকার মধ্যে পাওয়া যায়। 

এসব অস্ত্র কেনাবেচার সঙ্গে জড়িত রয়েছেন অন্তত ১৫ জন। তারা হচ্ছেনÑ বান্দরবানের থানচি উপজেলার প্রুসাঅংপাড়া গ্রামের অংথুই চিং মার্মা, মউসি ত্রিপুরা (পিতা : অনথহা ত্রিপুরা); আমইপাড়া গ্রামের দংওয়াই ম্রো; আমতলিপাড়ার উসাইংলই মার্মা, অংহ্লাচিং মার্মা (পুহ্লাঅং মার্মা); পাইসা কঙ্গোপাড়া গ্রামের মং সিং অং মার্মা, থোয়াইশে মার্মা (পিতা : উক্যনু মার্মা), নিঙমং চিং মারমা (পিতা : মৃত চিংলা অং মারমা); মাই কুয়াপাড়া গ্রামের রুমতুই ম্রো, মেন রাই ম্রো (পিতা : কাইদুপ ম্রো), রিংওয়ই ম্রো (পিতা : রাইথং ম্রো); জাপরং পাড়া (মদক) গ্রামের গুণাচন্দ্র ত্রিপুরা, দেমন্দ্র চন্দ্র ত্রিপুরা (পিতা : হানাচরণ ত্রিপুরা); সুন্দরী পাড়া গ্রামের উহ্লাসিং মারমা ও নাইক্ষ্যংছড়ি উপজেলার উজাইন তঞ্চঙ্গার ছেলে মিন্টু তঞ্চঙ্গা। গোয়েন্দা সংস্থার তালিকাতেও এদের সবার নাম রয়েছে। তবে দুর্গম এলাকায় বসবাস ও ছদ্মবেশের কারণে তারা এখনও ধরাছোঁয়ার বাইরে।

এদিকে গত সপ্তাহে এই পাহাড়ি এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে আরও দুটি অস্থায়ী পরিচালনা ঘাঁটি বা টেম্পোরারি অপারেশনাল বেস (টিওবি) উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সীমান্তবর্তী আরচ্ছতলা টিলা ও হাতুরানী টিলা এলাকায় টিওবি দুটি বসানো হয়েছে। 

সাবিংক বিষয়ে জানতে চাইলে বিজিবির কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কাজী সামশের উদ্দীন বলেন, ‘থানচির রেমাক্রি ও বড় মদক এলাকার অস্ত্রের ঝনঝনানির বিষয়টি সঠিক নয়। প্রমাণ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’ তাকে জানানো হয়, সরেজমিন ওইসব এলাকা ঘুরে অস্ত্র ব্যবসার এবং মিয়ানমার ও দেশীয় বিচ্ছিন্নতাবাদীদের আনাগোনা সম্পর্কে জানা গেছে। তখন তিনি বলেন, ‘প্রমাণ দেন ব্যবস্থা নেব।’

স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ, মিয়ানমার এবং ভারতের (মিজোরাম) ত্রিমুখী সীমান্ত সংযোগের কাছাকাছি হওয়ায় রেমাক্রি ও এর আশপাশের দুর্গম পাহাড়ি অঞ্চলকে অপরাধী চক্র ও বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলো নিরাপদ আশ্রয়স্থল এবং অস্ত্র পাচারের পথ হিসেবে বেছে নিয়েছে। বান্দরবানের থানচি উপজেলার বড় মদক সীমান্তের ৭০ নম্বর সীমান্ত পিলার সংলগ্ন মিয়ানমার অংশে আরাকান আর্মির (এএ) একাধিক প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে। বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এ ধরনের সশস্ত্র প্রশিক্ষণ কার্যক্রমে সীমান্তবর্তী জনপদে নতুন করে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। 

স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন প্রলোভন এবং ভয়ভীতি দেখিয়ে রাখাইন জনগোষ্ঠীর তরুণদের আরাকান আর্মিতে অন্তর্ভুক্ত করে সামরিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তবে বিজিবির একটি সূত্র জানায়, রেমাক্রি অঞ্চলের গভীর অরণ্য, পাহাড় এবং নদীপথের কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষে নিয়মিত নজরদারি চালানো বেশ কঠিন। এই সুযোগে অপরাধীরা মিয়ানমার ও ভারতের মিজোরাম সীমান্ত দিয়ে অত্যাধুনিক ও দেশীয় অস্ত্র অবৈধভাবে সীমান্ত পার করে নিয়ে আসে। এর মধ্যে গত বছর ২০২৫ সালের ৩ এপ্রিল থানচি বাজার সংলগ্ন সোনালী ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটায় কুকিচিনের সদস্যরা। এর আগের দিন ২ এপ্রিল রাতে রুমা সোনালী ব্যাংকেও একই সন্ত্রাসী গ্রুপ আক্রমণ করে। এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করার পর অস্ত্র কেনাবেচা ও বিচ্ছিন্নতবাদীদের বিষয়ে নানা তথ্য বেরিয়ে এসেছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা