প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ২০:৫৮ পিএম
সোমবার রাজধানীর পুরানা পল্টনে বিএফএর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কথা বলেন চেয়ারম্যান মো. মোশারফ হোসেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বস্তাপ্রতি সারের বিক্রয় কমিশন ১০০ টাকা থেকে বাড়িয়ে ২০০ টাকা করার দাবি জানিয়েছে বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন (বিএফএ)। একই সঙ্গে নতুন সার ডিলার নিয়োগ নীতিমালা স্থগিত রাখতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সংগঠনটি।
সোমবার রাজধানীর পুরানা পল্টনে বিএফএর নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের চেয়ারম্যান মো. মোশারফ হোসেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৮ বছর ধরে বস্তাপ্রতি সারের বিক্রয় কমিশন বৃদ্ধির দাবি জানানো হলেও তা কার্যকর হয়নি। এ সময়ে জ্বালানি তেলের দামসহ পরিবহন ব্যয় এবং দ্রব্যমূল্য কয়েক দফা বেড়েছে। ফলে সার ডিলারদের ব্যবসায়িক ব্যয়ও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ১৬ বছর আগে কমিশন বাড়ানো হয়েছিল, চলতি বছর বস্তায় ৫০ বাড়ানোর কথা ঘোষণা দেওয়া হয়েছে যা বাস্তবায়ন হবে ২০২৭ সালের জুলাই মাসে।
মোশারফ হোসেন বলেন, ২০০৮ সালে বস্তাপ্রতি পরিবহন খরচ ও বিক্রয় কমিশন মিলিয়ে ১০০ টাকা থাকায় পরিবহন ও অন্যান্য খরচ বাদ দিয়ে ডিলাররা বস্তাপ্রতি প্রায় ২৫ থেকে ৩০ টাকা কমিশন পেতেন। বর্তমানে একই ব্যবস্থায় বস্তাপ্রতি প্রায় ৫০ থেকে ৫৫ টাকা লোকসান হচ্ছে। চলতি বছর সরকার বস্তাপ্রতি কমিশন ৫০ টাকা বাড়িয়েছে, যা ২০২৭ সালের ১ জুলাই থেকে কার্যকর হবে। এতে ডিলারদের কমিশন ‘না লাভ, না ক্ষতি’ পর্যায়ে পৌঁছাবে। তাই ডিলারদের টিকে থাকার স্বার্থে বস্তাপ্রতি কমিশন আরও ১০০ টাকা বাড়িয়ে ২০০ টাকা করতে হবে। কমিশন না বাড়ালে ডিলাররা ধীরে ধীরে এ ব্যবসার প্রতি আগ্রহ হারাতে পারেন।
তিনি বলেন, “কৃষি মন্ত্রণালয় গত ২৭ আগষ্ট ‘সার ডিলার নিয়োগ ও সার বিতরণ সংক্রান্ত সমন্বিত নীতিমালা-২০২৬’ প্রণয়ন করে তা বাস্তবায়নে ‘রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনের সার ডিলার নিয়োগ’ শীর্ষক পরিপত্রও জারি করেছে। পরিপত্র পর্যালোচনা করে দেখা যায়, নীতিমালার কতিপয় গুরুত্বপূর্ণ ধারা এবং পরিপত্রের নির্দেশনার মধ্যে এমন কিছু অস্পষ্টতা ও বাস্তবিক জটিলতা রয়েছে, যেগুলো সুনির্দিষ্ট না করে বাস্তবায়ন করা হলে সার বিতরণ ব্যবস্থায় বিভ্রান্তি, বৈষম্য, প্রশাসনিক জটিলতা এবং অনাকাঙ্খিত অস্থিরতা সৃষ্টি হওয়ার যথেষ্ট আশঙ্কা রয়েছে।
“বিগত ২ সেপ্টেম্বর বিএফএর পক্ষ থেকে একটি রীট পিটিশন দায়ের করা হয়েছে। রীট পিটিশনের পক্ষে মহামান্য আদালত অসংলগ্ন ধারাগুলো আইনগতভাবে নিষ্পত্তি করার জন্যে ৬০ দিনের একটি রুল ইস্যু করেছেন। এরপরও দেশের বিভিন্ন জেলায় জেলা সার ও বীজ মনিটরিং কমিটি কর্তৃক ডিলার নিয়োগের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং কৃষি মন্ত্রণালয় কর্তৃক এসোসিয়েশনের সঙ্গে উক্ত ধারাগুলো স্পষ্টিকরণের ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করেনি।”
তিনি আরও বলেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে স্ব-স্ব জায়গায় নেতৃবৃন্দকে দায়িত্ব অর্পণ না করে নিয়োগ প্রক্রিয়া চলমান রাখলে যেকোন প্রতিকূল পরিস্থিতির জন্যে ঐ কর্তৃপক্ষ দায়ী থাকবেন। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্নভাবে আলোচনায় আসছে কেবলমাত্র রাজনৈতিক বিবেচনায় ডিলার নিয়োগ বিবেচনা করা হচ্ছে।
মো. মোশারফ হোসেন বলেন, ১৯৯৫ সালে বিসিআইসি ২ লাখ টাকা নিরাপত্তা জামানত নিয়ে সারাদেশে প্রায় ৫,৬০০ জন ডিলার নিয়োগ করে। গত ৩২ বছর ধরে উক্ত ডিলারগণ সরকারি কারখানা ও নির্ধারিত বাফার গুদাম এবং অনুমোদিত মোকাম হতে সার উত্তোলন করে নির্ধারিত মূল্যে কৃষক পর্যায়ে সরবরাহ করে আসছে। অপরদিকে বিএডিসি মূলত বীজ ডিলারশীপের সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ২০০৭ সাল হতে ২৫ হাজার টাকা নিরাপত্তা জামানতের ভিত্তিতে কাজ করছিল ২০০৯ সালে তাদের ৫,২০০ জনকে বীজ ও সার ডিলার হিসেবে নিয়োগ নেওয়া হয়। বিএডিসি ডিলাররাই সার অব্যবস্থাপনার সঙ্গে জড়িত।
তিনি বলেন, এর আগে উপজেলা, জেলা এবং জাতীয় পর্যায়ে সার সংক্রান্ত যে কোন মিটিং, কর্মশালা গ্রহণ করা হলে পর্যায়ক্রমে বিএফএ'র নেতৃবৃন্দদের আহ্বান করা হতো। অত্যন্ত পরিতাপের বিষয় ২০২৬ এর নীতিমালায় সম্পূর্ণরূপে এগুলোকে উপেক্ষা করা হয়েছে।
বিএফএ চেয়ারম্যান বলেন, বিগত ১৮ বছর দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাওয়ায় জীবন-যাত্রার ব্যয়ও বৃদ্ধি পেয়েছে কিন্তু সার ডিলারদের বিক্রয় কমিশন বৃদ্ধি করা হয়নি। ২০০৮ সালে বস্তাপ্রতি পরিবহন খরচ ও বিক্রয় কমিশন ১০০/- টাকা থাকায় পরিবহন খরচ ও অন্যান্য খরচ বাদে ডিলারদের বস্তাপ্রতি প্রায় ২৫-৩০/- টাকা কমিশন পাওয়া যেত। কিন্তু বর্তমানে বস্তাপ্রতি প্রায় ৫০-৫৫ টাকা লোকসান গুণতে হয়।