প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ১৪:২২ পিএম
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে বিজিএমইএ। ছবি: সংগৃহীত
সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় প্রীতি গ্রুপের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে অগ্নিকাণ্ডে গভীর দুঃখ ও শোক প্রকাশ করছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)।
বিজিএমইএ এই ভয়াবহ দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করছে এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। একই সঙ্গে, দুর্ঘটনায় গুরুতর দগ্ধ ও আহতদের দ্রুত এবং পূর্ণাঙ্গ আরোগ্য কামনা করছে সংগঠনটি।
বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, “এই সংকটের মুহূর্তে আহত ব্যক্তি ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো আমাদের প্রথম ও প্রধান অগ্রাধিকার।”
দুর্ঘটনার সংবাদ পাওয়ার পরপরই বিজিএমইএ এর একটি বিশেষ ক্রাইসিস রেসপন্স টিম ও প্রতিনিধিদল ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং উদ্ধারকাজে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকে সার্বিক সহায়তা প্রদান করেছে। এই দুর্ঘটনায় কোনো নিয়মিত পোশাক শ্রমিক আহত হননি।
এই অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে বিজিএমইএ নিম্নলিখিত পদক্ষেপসমূহ গ্রহণ করেছে:
চিকিৎসা সহায়তা: দুর্ঘটনায় আহত ও দগ্ধ যেসব ব্যক্তিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিট এবং স্থানীয় হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে বিজিএমইএর একটি মেডিক্যাল টিম সার্বক্ষণিক তদারকি করছে। আহতদের প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসার বিষয়ে বিজিএমইএ প্রীতি গ্রুপ কর্তৃপক্ষের সাথে নিবিড়ভাবে সমন্বয় করে কাজ করছে।
তদন্ত কমিটি গঠন: এই অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এই ধরণের সিলিন্ডার বা গ্যাস লরি খালাসের ক্ষেত্রে নিরাপত্তা ত্রুটি খতিয়ে দেখতে বিজিএমইএ একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করছে, যাতে এ জাতীয় ঘটনার পুনরাবৃত্তি রোধ করা যায়।
নিরাপত্তা নির্দেশনা: দেশের সকল তৈরি পোশাক কারখানায় কেমিক্যাল, গ্যাস সিলিন্ডার এবং দাহ্য পদার্থ খালাস, হ্যান্ডলিং এবং সংরক্ষণের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার জন্য বিজিএমইএর পক্ষ থেকে অতি দ্রুত একটি জরুরি সার্কুলার জারি করা হচ্ছে।
বিজিএমইএ দৃঢ়ভাবে বিশ্বাস করে, যেকোনো শিল্প দুর্ঘটনার পর শ্রমিকদের জীবন রক্ষা এবং কর্মক্ষেত্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা সংগঠনটির অন্যতম শীর্ষ অগ্রাধিকার। এই সংকটাপন্ন মুহূর্তে সরকারের সংশ্লিষ্ট বিভাগ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় প্রশাসনের দ্রুত সাড়া ও অকুতোভয় উদ্ধার তৎপরতার জন্য বিজিএমইএ আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছে।