প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৩ পিএম
আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫০ পিএম
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। ফাইল ছবি
রাজধানীর সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
রবিবার রাতে তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুল কাদের।
এর আগে এদিন সন্ধ্যা সাতটার দিকে রাজধানীর শেরেবাংলা নগর এলাকার ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে মরিয়ম খাতুনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
এডিসি আব্দুল কাদের জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে থানা-পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করে।
এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত ও বিস্তারিত তদন্তের পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর সংসদ সদস্যের সমর্থকেরা দাবি করেছিলেন, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে তৈরি।
তবে পরদিনই কয়েকটি তথ্যযাচাইকারী (ফ্যাক্টচেকিং) প্রতিষ্ঠান নিশ্চিত করে যে ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয়, বরং বাস্তব। এ নিয়ে তুমুল বিতর্কের মুখে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই সম্প্রতি তিনি তাকে বিয়ে করেছেন।
কিন্তু এর পরেই মরিয়ম খাতুনের একটি জীবনবৃত্তান্ত (বায়োডাটা) সামনে এলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। কথিত বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই জীবনবৃত্তান্তে মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ ছিল। শুধু তাই নয়, ওই নথিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নিজ হাতের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি সুপারিশ ও স্বাক্ষর পাওয়া যায়। এর ফলে চাকরির প্রলোভন ও অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।
বিতর্কিত এই ঘটনার জেরে গত ২২ জুলাই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, অভ্যন্তরীণ সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) অবহিত করেছিল দলটি।