বিশেষ প্রতিবেদক
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২১:৫৬ পিএম
নির্বাচন কমিশন ভবন। ফাইল ছবি
নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আগামী বছরের জানুয়ারি মাসে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
রবিবার নির্বাচন কমিশনের নিজ কার্যালয়ে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
ইসি মাছউদ বলেন, আগামী ১২ নভেম্বর থেকে ইউপি নির্বাচন শুরুর যে প্রাথমিক পরিকল্পনা করা হয়েছিল, সেখান থেকে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে ইসি। নভেম্বর ও ডিসেম্বরে স্কুল-কলেজের পরীক্ষা, ভোটকেন্দ্র হিসেবে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহার এবং শিক্ষকদের নির্বাচনী দায়িত্ব পালনের বিষয়টি বিবেচনায় নিয়ে ওই সময়ে ভোট আয়োজন সম্ভব হচ্ছে না। এসব বিষয় বিবেচনায় নিয়ে আগামী বছরের জানুয়ারিতে ইউপি নির্বাচন আয়োজনের সম্ভাবনা রয়েছে। তবে নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি কমিশন। এ ছাড়া ২৩, ২৪ ও ২৫ সেপ্টেম্বর রাজনৈতিক দলসহ বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে ইসির যে সংলাপ হওয়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।
ইসি সূত্র জানায়, গত ১৭ সেপ্টেম্বর বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে নভেম্বর ও ডিসেম্বর মাসে শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক পরীক্ষা থাকার বিষয়টি উঠে আসে। এ কারণে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহৃত বিদ্যালয়গুলো পাওয়া এবং নির্বাচনী দায়িত্ব পালনের জন্য শিক্ষকদের নিয়োজিত করা কঠিন হবে। এসব বিষয় বিবেচনায় নিয়ে নভেম্বরে তফসিল ঘোষণা করে জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন শুরু করার পরিকল্পনা করছে ইসি। কারণ, জানুয়ারিতে ভোট করতে হলে ন্যূনতম ৪০ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণা করতে হবে। এজন্য নভেম্বরে তফসিল ঘোষণা করার পরিকল্পনা রয়েছে।
এর আগে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবু ফজল মো. সানাউল্লাহ জানান, নভেম্বর ও ডিসেম্বরে পরীক্ষা থাকায় নির্বাচন আয়োজনের জন্য সময়ের ‘স্পেস’ খুব কম পাওয়া যাচ্ছে। আগে তো আমাকে স্লটটা পেতে হবে নির্বাচন করার জন্য। এবারে আমাদের স্পেশালিটি হচ্ছে, পুরো নভেম্বর এবং ডিসেম্বরজুড়ে পরীক্ষা হচ্ছে। পুরো অলমোস্ট খুবই গ্যাপ কম পাওয়া গেছে। আমরা দুটো জায়গায় ঢুকিয়েছিলাম। কিন্তু এখন আবার দেখতে হবে, আমাদের আজকে প্রাপ্ত উপাত্তের ওপর ভিত্তি করে যেগুলো আদৌ সম্ভব কি না। আমরা জানুয়ারিতে ফাঁকা সময় পাচ্ছি কিছুটা এবং আপনারা এটাও জানেন যে, ৭ বা ৮ ফেব্রুয়ারি থেকে আবার রোজা শুরু। রোজা শেষ হওয়ার মাত্র এক দিন পর থেকে আবার এসএসসি পরীক্ষা শুরু। এসএসসি শেষে আবার ওই জুন মাসের ৬ তারিখে এইচএসসি শুরু। মাঝখানে আবার একটা সময় পাওয়া যাচ্ছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হলে ৬১টি জেলা পরিষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে বিএনপি সরকার গঠনের পর ধাপে ধাপে ৫৬টি জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়। বর্তমানে পৌরসভাগুলোও প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। শুধু ইউনিয়ন পরিষদগুলোতেই নির্বাচিত প্রতিনিধিরা দায়িত্ব পালন করছেন।