× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এমপি ভবনে মিলল গাজী নজরুলের সেই ‘দ্বিতীয় স্ত্রীর’ লাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ১৯:৫৯ পিএম

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৬ ২০:৪১ পিএম

 সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ও তার  দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম ও তার দ্বিতীয় স্ত্রী মোছা. মরিয়ম খাতুন। কোলাজ: প্রতিদিনের বাংলাদেশ

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার সংসদ সদস্য ভবন (ন্যাম ভবন) থেকে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘দ্বিতীয় স্ত্রী’ মোছা. মরিয়ম খাতুনের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সন্ধ্যায় ন্যাম ভবনের ৫ নম্বর ভবনের তৃতীয় তলার ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) আব্দুল কাদের বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, সন্ধ্যা সাড়ে সাতটার দিকে খবর পেয়ে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক দল দ্রুত ঘটনাস্থলে যায়। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দলের সদস্যরা ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেন। 

এটি হত্যা নাকি আত্মহত্যা, সে বিষয়ে রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। ময়নাতদন্ত ও বিস্তারিত তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে পুলিশ।

গত জুলাই মাসে মরিয়ম খাতুনের সঙ্গে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্তের’ কয়েকটি আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওগুলো ভাইরাল হওয়ার পর সংসদ সদস্যের সমর্থকেরা দাবি করেছিলেন, এগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ‘ডিপফেক’ প্রযুক্তির সাহায্যে তৈরি।

তবে পরদিনই কয়েকটি তথ্যযাচাইকারী (ফ্যাক্টচেকিং) প্রতিষ্ঠান নিশ্চিত করে যে ভিডিওগুলো এআই দিয়ে তৈরি নয়, বরং বাস্তব। এ নিয়ে তুমুল বিতর্কের মুখে গাজী নজরুল ইসলাম দাবি করেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতি নিয়েই সম্প্রতি তিনি তাকে বিয়ে করেছেন।

কিন্তু এর পরেই মরিয়ম খাতুনের একটি জীবনবৃত্তান্ত (বায়োডাটা) সামনে এলে বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধে। কথিত বিয়ের তারিখের পাঁচ দিন পরের ওই জীবনবৃত্তান্তে মরিয়মের বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ হিসেবে উল্লেখ ছিল। শুধু তাই নয়, ওই নথিতে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের নিজ হাতের ‘জোর সুপারিশ করছি’ লেখা একটি সুপারিশ ও স্বাক্ষর পাওয়া যায়। এর ফলে চাকরির প্রলোভন ও অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে রাজনৈতিক ও সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার ঝড় ওঠে।

বিতর্কিত এই ঘটনার জেরে গত ২২ জুলাই সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল, অভ্যন্তরীণ সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগ প্রমাণিত হওয়ায় গঠনতন্ত্রের ৬২ নম্বর ধারা অনুযায়ী তাকে দল থেকে বহিষ্কার করা হয়। একই সঙ্গে বিষয়টি আনুষ্ঠানিকভাবে নির্বাচন কমিশনকেও (ইসি) অবহিত করেছিল দলটি।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা