সংসদ ভবন। ফাইল ছবি
জুলাই জাতীয় সনদে পরবর্তী জাতীয় সংসদকে দ্বিকক্ষবিশিষ্ট করার বিষয়ে রাজনৈতিক ঐকমত্য হয়েছিল। ১০০ সদস্যের উচ্চকক্ষ বা সিনেট গঠনের কথাও সনদে স্পষ্টভাবে বলা হয়েছে। কিন্তু সনদ স্বাক্ষরের প্রায় এক বছর এবং বর্তমান সরকার গঠনের ৭ মাস পেরিয়ে গেলেও সেই উচ্চকক্ষ বাস্তবায়নের সাংবিধানিক পথ এখনও চূড়ান্ত হয়নি। এই প্রেক্ষাপটে জাতীয় সংসদে সংবিধান সংশোধনের জন্য গঠিত বিশেষ কমিটি আজ রবিবার দ্বিতীয় বৈঠকে বসছে। কমিটির প্রথম বৈঠক হয়েছিল প্রায় দেড় মাস আগে, গত ৪ আগস্ট।
এদিকে জুলাই সনদে থাকা দ্বিকক্ষবিশিষ্ট সংসদের বাস্তবায়ন নিয়ে আছে অনিশ্চয়তাও। কেননা জুলাই সনদে উচ্চকক্ষ যেভাবে গঠনের কথা বলা হয়েছে, বিএনপির নির্বাচনী ইশতেহারে উচ্চকক্ষের ধারণার সঙ্গে তার বেশ কিছু মৌলিক পার্থক্য রয়েছে। বিশেষ করে, সদস্য নির্বাচনের পদ্ধতি এবং উচ্চকক্ষের ক্ষমতার ক্ষেত্রে দুই প্রস্তাবের মধ্যে পার্থক্য খুবই গুরুত্বপূর্ণ। যদিও বিএনপি জুলাই জাতীয় সনদ অক্ষরে অক্ষরে পালনের ঘোষণা দিয়েছে।
জুলাই সনদে ১০০ সদস্যের উচ্চকক্ষ
জুলাই জাতীয় সনদের ১৭ নম্বর প্রস্তাবে বাংলাদেশের আইনসভাকে দুই কক্ষবিশিষ্ট করার কথা বলা হয়েছে। এর একটি হবে বর্তমান জাতীয় সংসদ বা নিম্নকক্ষ, অন্যটি উচ্চকক্ষ বা সিনেট। এরপর ১৮ নম্বর প্রস্তাবে উচ্চকক্ষের গঠন, সদস্য নির্বাচনের পদ্ধতি ও মেয়াদ নির্ধারণ করা হয়েছে। সনদের প্রস্তাব অনুযায়ী, নিম্নকক্ষের নির্বাচনে কোনো রাজনৈতিক দল সারা দেশে যত ভোট পাবে, সেই ভোটের অনুপাতে উচ্চকক্ষের ১০০টি আসন বণ্টন হবে। অর্থাৎ উচ্চকক্ষের সদস্য নির্বাচনের ভিত্তি হবে জাতীয়ভাবে পাওয়া ভোটের আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি। উচ্চকক্ষের মেয়াদ হবে পাঁচ বছর। নিম্নকক্ষ কোনো কারণে ভেঙে গেলে উচ্চকক্ষও বিলুপ্ত হবে। রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষের সাধারণ নির্বাচনের প্রার্থিতালিকা প্রকাশের সময় একই সঙ্গে উচ্চকক্ষের প্রার্থিতালিকাও প্রকাশ করবে এবং সেই তালিকায় অন্তত ১০ শতাংশ নারী প্রার্থী রাখার প্রস্তাব রয়েছে।
সনদ অনুযায়ী, উচ্চকক্ষের সদস্যরা সরাসরি আলাদা ভোটে নির্বাচিত হবেন না। বরং নিম্নকক্ষের নির্বাচনে পাওয়া দলগুলোর মোট ভোটের অনুপাতে ১০০টি আসন ভাগ হবে। ফলে কোনো দল নিম্নকক্ষের আসনে যতটা শক্তিশালী, তার চেয়ে বেশি বা কম ভোট পেলে উচ্চকক্ষে তার প্রতিনিধিত্ব সেই ভোটের অনুপাতেই নির্ধারিত হবে।
উচ্চকক্ষ শুধু পরামর্শ দেবে না
জুলাই সনদের প্রস্তাবে উচ্চকক্ষকে কেবল পরামর্শমূলক প্রতিষ্ঠান হিসেবে রাখা হয়নি। তবে এর আইন প্রণয়নের ক্ষমতা নিম্নকক্ষের মতো সরাসরি নয়। সনদ অনুযায়ীÑ নিম্নকক্ষে পাস হওয়া আইন পর্যালোচনা করবে উচ্চকক্ষ। অর্থবিল ও আস্থাভোট ছাড়া সব বিল উচ্চকক্ষে অনুমোদনের জন্য পাঠাতে হবে। উচ্চকক্ষ কোনো বিল স্থায়ীভাবে আটকে রাখতে পারবে না। কোনো বিল দুই মাসের বেশি আটকে রাখলে সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত হয়েছে বলে গণ্য করার প্রস্তাব রয়েছে। উচ্চকক্ষ কোনো বিল সংশোধনের সুপারিশ করে নিম্নকক্ষে ফেরত পাঠাতে পারবে। নিম্নকক্ষ সেই সংশোধনী পুরোপুরি বা আংশিক গ্রহণ কিংবা প্রত্যাখ্যান করতে পারবে। উচ্চকক্ষের সুপারিশসহ কোনো বিল নিম্নকক্ষ পুনরায় পাস করলে উচ্চকক্ষের অনুমোদন ছাড়াই সেটি রাষ্ট্রপতির সম্মতির জন্য পাঠানোর বিধান রাখার প্রস্তাব করা হয়েছে।
তবে সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের ভূমিকা বেশ শক্তিশালী। সনদে বলা হয়েছে, সংবিধান সংশোধন-সংক্রান্ত যেকোনো বিল উচ্চকক্ষে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস করতে হবে। অর্থাৎ ভবিষ্যতে সংবিধানের কোনো পরিবর্তন শুধু নিম্নকক্ষের দুই-তৃতীয়াংশ সমর্থন পেলেই হবে না; উচ্চকক্ষের অনুমোদনও প্রয়োজন হবে। জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত গণভোটের প্রশ্নেও এই বিষয়টি সরাসরি অন্তর্ভুক্ত ছিল।
বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের ধারণা কী
ত্রয়োদশ সংসদ নির্বাচনের আগে প্রকাশিত বিএনপির ইশতেহারেও দ্বিকক্ষবিশিষ্ট সংসদের কথা রয়েছে। বিএনপি বলেছে, দেশের এককেন্দ্রিক বা একক রাষ্ট্রকাঠামো অক্ষুণ্ন রেখে বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি ১০০ সদস্যের একটি উচ্চকক্ষ প্রতিষ্ঠা করা হবে। এর উদ্দেশ্য হিসেবে রাষ্ট্র পরিচালনায় বিশেষজ্ঞদের অংশগ্রহণের কথা বলা হয়েছে। উচ্চকক্ষে বিশিষ্ট নাগরিক, শিক্ষাবিদ, আইনজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী, প্রশাসনিক অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তি এবং অন্যান্য পেশাজীবীদের অন্তর্ভুক্ত করার কথা রয়েছে। তবে বিএনপির ইশতেহারের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলোÑ তারা বলেছে, রাজনৈতিক দলগুলো নিম্নকক্ষে অর্জিত আসনের সংখ্যার আনুপাতিক হারে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব করবে। অর্থাৎ বিএনপির ইশতেহারের ভাষ্য অনুযায়ীÑ উচ্চকক্ষের প্রতিনিধিত্বের ভিত্তি হবে নিম্নকক্ষে একটি দল কতটি আসন পেয়েছে। অন্যদিকে জুলাই সনদের ভিত্তি হলোÑ নিম্নকক্ষের নির্বাচনে একটি দল সারা দেশে মোট কত শতাংশ ভোট পেয়েছে। দুই পদ্ধতির পার্থক্যটি গুরুত্বপূর্ণ। একটি ক্ষেত্রে ভোটের অনুপাত, অন্য ক্ষেত্রে নিম্নকক্ষের আসনের অনুপাত উচ্চকক্ষের প্রতিনিধিত্ব নির্ধারণের ভিত্তি হবে।
পার্থক্য সবচেয়ে বেশি ক্ষমতার প্রশ্নে
দুই প্রস্তাবের দ্বিতীয় বড় পার্থক্য উচ্চকক্ষের ক্ষমতায়। বিএনপির ইশতেহারে বলা হয়েছে, সংবিধান সংশোধনী, অর্থবিল, আস্থাভোট এবং জাতীয় নিরাপত্তা বা যুদ্ধ পরিস্থিতি-সংক্রান্ত বিষয় ছাড়া অন্যসব বিল উচ্চকক্ষে পাঠানো হবে। উচ্চকক্ষ কোনো বিল সর্বোচ্চ এক মাস আটকে রাখতে পারবে। এক মাসের মধ্যে বিল আটকে না রাখলে সেটিকে উচ্চকক্ষ কর্তৃক অনুমোদিত বলে বিবেচনা করার প্রস্তাব বিএনপির ইশতেহারে রয়েছে।
জুলাই সনদের প্রস্তাবে সময়সীমাটি দ্বিগুণ বা দুই মাস। অর্থবিল ও আস্থাভোট ছাড়া সব বিল উচ্চকক্ষে পাঠাতে হবে। তবে সংবিধান সংশোধনের বিলের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন বাধ্যতামূলক। অর্থাৎ সনদের উচ্চকক্ষের সাংবিধানিক ক্ষমতা বিএনপির ইশতেহারে বর্ণিত উচ্চকক্ষের তুলনায় কিছু ক্ষেত্রে বেশি স্পষ্ট ও শক্তিশালী।
আরও একটি পার্থক্য হলোÑ বিএনপির ইশতেহারে উচ্চকক্ষের মূল ধারণার মধ্যে বিশেষজ্ঞ ও পেশাজীবীদের অংশগ্রহণের বিষয়টি আলাদাভাবে গুরুত্ব পেয়েছে। কিন্তু জুলাই সনদে ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে পিআর পদ্ধতিকে মূল ভিত্তি করা হয়েছে। ফলে বাস্তবে কোন কাঠামোয় পেশাজীবী বা বিশেষজ্ঞদের জায়গা থাকবে, সেটি সনদের ভাষায় বিএনপির ইশতেহারের মতো স্পষ্ট নয়।
কোন প্রস্তাব বাস্তবায়ন হবে
এখানেই সাংবিধানিক সংস্কারের বর্তমান জটিলতা। বিএনপির ইশতেহার নিজেই বলেছে, জুলাই জাতীয় সনদে যেসব বিষয়ে ঐকমত্য ও স্বাক্ষর হয়েছে, সেগুলোকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে বাস্তবায়ন করা হবে। একই সঙ্গে জুলাই সনদের বিভিন্ন প্রস্তাবের সঙ্গে বিএনপির ভিন্নমত বা নোট অব ডিসেন্টও রয়েছে। বিশেষ করে, সাংবিধানিক কাঠামো, তত্ত্বাবধায়ক সরকার, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য এবং উচ্চকক্ষের মতো বিষয়ে দলটির আলাদা অবস্থান ছিল। জুলাই সনদে বলা হয়েছে, কোনো রাজনৈতিক দল নির্বাচনী ইশতেহারে কোনো প্রস্তাব উল্লেখ করে জনগণের ম্যান্ডেট পেলে তারা সে অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। বিএনপি এখন এই বিধানকেই তাদের অবস্থানের অন্যতম ভিত্তি হিসেবে দেখাচ্ছে। ফলে উচ্চকক্ষের ক্ষেত্রে সনদ এবং নির্বাচনী ইশতেহারের দুই ধরনের প্রস্তাবের মধ্যে কীভাবে সমন্বয় করা হবে, সেটি বিশেষ কমিটির সামনে বড় প্রশ্ন।
সাত মাসে বিশেষ কমিটির অগ্রগতি কতটা
ত্রয়োদশ সংসদে সংবিধান সংশোধনের জন্য গত ১৩ জুলাই স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে ১২ সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়। বিরোধী দলকে পাঁচজন প্রতিনিধি দেওয়ার সুযোগ রাখা হলেও তারা সদস্যের নাম দেয়নি। তাদের অবস্থান হলোÑ শুধু সংবিধান সংশোধন নয়, জুলাই সনদের আলোকে ব্যাপক রাষ্ট্রীয় সংস্কার প্রয়োজন। এজন্য গণভোটের রায় অনুযায়ী সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করতে হবে। গত ৪ আগস্ট অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠকে জুলাই সনদ সামনে রেখে পুরো সংবিধান পর্যালোচনা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মতামত নেওয়ার সিদ্ধান্ত হয়। এরপর প্রায় দেড় মাস পর কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হচ্ছে আজ। এদিকে বর্তমান সরকার দায়িত্ব নেয় ১৭ ফেব্রুয়ারি। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠনের পর সাত মাস পেরিয়ে গেছে। ফলে সরকারের মেয়াদের প্রথম সাত মাসে সাংবিধানিক সংস্কারের সবচেয়ে বড় প্রস্তাবগুলোর একটিÑ দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এখনও মূলত আলোচনার পর্যায়েই রয়েছে।
উচ্চকক্ষ পেতে হলে সামনে আরও কয়েক ধাপ
জুলাই সনদ বা বিএনপির ইশতেহার; উচ্চকক্ষের যে কাঠামোই শেষ পর্যন্ত গ্রহণ করা হোকÑ তা চালু করতে হলে প্রথমেই সাংবিধানিক পরিবর্তন প্রয়োজন। কারণ বর্তমান সংবিধানে জাতীয় সংসদ এককক্ষবিশিষ্ট এবং সংবিধান সংশোধনের ক্ষমতা সংসদের হাতে রয়েছে।
বর্তমান ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী সংবিধান সংশোধনের বিলের দীর্ঘ শিরোনামেই সংশ্লিষ্ট সাংবিধানিক বিধান সংশোধনের কথা স্পষ্টভাবে উল্লেখ করতে হয়। এরপর বিলটি সংসদের মোট সদস্য সংখ্যার অন্তত দুই-তৃতীয়াংশ ভোটে পাস করতে হবে। রাষ্ট্রপতির কাছে পাঠানোর পর ৭ দিনের মধ্যে তাকে সম্মতি দিতে হবে; নির্ধারিত সময়ের মধ্যে সম্মতি না দিলেও তা সম্মত হয়েছে বলে গণ্য হবে।
অর্থাৎ সংসদে উচ্চকক্ষ প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্তত চারটি বড় ধাপ পার হতে হবে। একই সঙ্গে প্রস্তাবিত দ্বিকক্ষব্যবস্থায় উচ্চকক্ষ নিজেই ভবিষ্যতের সংবিধান সংশোধন প্রক্রিয়ার অংশ হবে। ফলে প্রথমবার উচ্চকক্ষ প্রতিষ্ঠার জন্য বর্তমান এককক্ষ সংসদকেই প্রয়োজনীয় সাংবিধানিক পরিবর্তন করতে হবে। এরপর নতুন কাঠামোয় সংবিধান সংশোধনের ক্ষেত্রে উচ্চকক্ষের অনুমোদন প্রয়োজন হবেÑ এটাই জুলাই সনদের প্রস্তাবের একটি মৌলিক বৈশিষ্ট্য। আর সেই সিদ্ধান্তের প্রথম ধাপ এখন জাতীয় সংসদের সংবিধান সংশোধন-সম্পর্কিত বিশেষ কমিটির হাতে।
জাতীয় সংসদের উপ-পরিচালক (গণসংযোগ) মো. সাব্বির মাহমুদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ দুপুর আড়াইটায় সংসদ ভবনের কেবিনেট কক্ষে ওই কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন কমিটির প্রধান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।