প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) অর্জনে পারস্পরিক সহযোগিতা, সংহতি ও অভিন্ন দায়িত্ববোধের ভিত্তিতে বিশ্বনেতাদের একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি বলেছেন, ২০৩০ সালের মধ্যে এসডিজির লক্ষ্যমাত্রা অর্জনে বিশ্ব অনেকটাই পিছিয়ে রয়েছে। এখন আর সময়ক্ষেপণের সুযোগ নেই; দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং সবাইকে সমন্বিতভাবে এগিয়ে আসতে হবে।
জাতিসংঘ আয়োজিত ‘এসডিজি মোমেন্ট’ অনুষ্ঠানে পাঠানো এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।
শুক্রবার অনুষ্ঠিত এ আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ আন্তর্জাতিক পর্যায়ের প্রতিনিধিরা ভিডিও বার্তার মাধ্যমে অংশ নেন।
বার্তায় তারেক রহমান বলেন, টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে বর্তমান বৈশ্বিক অগ্রগতি প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। এ অবস্থায় উন্নয়ন কার্যক্রমের গতি বাড়াতে দেশগুলোর মধ্যে সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন।
বিশেষ করে উন্নয়ন-অভিজ্ঞতা বিনিময়, প্রযুক্তি ও জ্ঞান ভাগাভাগি এবং অভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।
প্রধানমন্ত্রী এসডিজি বাস্তবায়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও শক্তিশালী করার আহ্বান জানান।
তার মতে, কোনো একটি দেশ বা অঞ্চলের একক প্রচেষ্টায় বৈশ্বিক টেকসই উন্নয়নের লক্ষ্য অর্জন সম্ভব নয়। এজন্য উন্নত ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক আস্থা ও সংহতি জোরদার করা জরুরি।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ‘এসডিজি মোমেন্ট’-এর মূল প্রতিপাদ্য ছিল ‘টুগেদার, উই ক্যান ডু ইট’। ২০৩০ সালের লক্ষ্যমাত্রা সামনে রেখে এসডিজি বাস্তবায়নের অগ্রগতি, বিদ্যমান ঘাটতি এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরাই ছিল এবারের আয়োজনের অন্যতম উদ্দেশ্য। দারিদ্র্য, বৈষম্য, জলবায়ু পরিবর্তন, অর্থায়নের ঘাটতি, ঋণের চাপ ও সংঘাতসহ বিভিন্ন বৈশ্বিক সংকট এসডিজি অর্জনের পথে বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হচ্ছে।
এদিকে আগামী সোমবার জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের উচ্চপর্যায়ের কার্যক্রমে অংশ নিতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের।
সফরকালে তিনি সাধারণ পরিষদের অধিবেশনে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।