× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তারেক রহমানের দিল্লি সফর নিয়ে ফের আলোচনা শুরু

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ২১:২০ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও

টানাপড়েন কাটিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়া দিল্লি সফর নিয়ে দুই দেশের কর্মকর্তাদের মধ্যে ফের আলোচনা শুরু হওয়ার খবর পাওয়া যাচ্ছে। আগামী নভেম্বরে সফরের বিষয়টি চূড়ান্ত করতে আলোচনা হচ্ছে বলে ভারতের একটি গণমাধ্যম ঢাকার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে সংবাদ প্রকাশ করেছে।

যদিও কূটনৈতিক পর্যায় থেকে এখনই এই বিষয়ে কোন মন্তব্য করতে চাচ্ছেনা। রাজনৈতিক পর্যায় থেকে প্রতিক্রিয়া আসার পরেই তারা এই প্রসঙ্গে কথা বলতে চান বলে ইঙ্গিত দিচ্ছেন। এর আগে প্রধানমন্ত্রীর দিল্লি সফর নিয়ে দুই দেশের রাজনৈতিক ক কূটনৈতিক মহলে কথা চালাচালি হয়েছে। সেই অভিজ্ঞতা থেকেই এখনই কোন ধরনের বক্তব্য দিতে চাচ্ছেন না কূটনীতিকরা। 

এদিক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু লিখেছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়া দিল্লি সফরের পরিকল্পনা চূড়ান্ত করতে দুই দেশের কর্মকর্তারা ফের আলোচনা শুরু করেছেন। এখন নভেম্বরের কোনো এক সময় এই সফর আয়োজনের সম্ভাবনা নিয়ে কাজ চলছে।

প্রসঙ্গত, গত আগস্টে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল সংবাদ সম্মেলনকে কেন্দ্র করে দেশে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হওয়ার পর দুই দেশের সম্পর্কে টানাপড়েন দেখা দেয়। ২০২৪ সালের অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর থেকে দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা। তাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধে সাড়া দেয়নি ভারতের নরেন্দ্র মোদীর সরকার।

কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে হিন্দু লিখেছে, ঢাকায় দুই দেশের কর্মকর্তাদের বৈঠক অব্যাহত রয়েছে। প্রধানমন্ত্রীর সফরের আলোচ্যসূচিও তৈরি করা হচ্ছে। বিগত অন্তর্বর্তী সরকারের সময়ে রাজনৈতিক সম্পর্কের অস্থিরতার কারণে ক্ষতিগ্রস্ত দ্বিপক্ষীয় বাণিজ্য স্বাভাবিক করা এবং গঙ্গার পানি বণ্টন চুক্তির নবায়নসহ বিভিন্ন বিষয় সেখানে স্থান পেতে পারে।

এর মধ্যেই গত বৃহস্পতিবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ৭৬তম জন্মবার্ষিকীতে তাকে শুভেচ্ছা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জবাবে পাল্টা পোস্টে তাকে ধন্যবাদ দিয়েছেন নরেন্দ্র মোদী।


জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর অক্টোবর ও নভেম্বরে তার একাধিক কূটনৈতিক কর্মসূচি রয়েছে।

এর মধ্যেই নভেম্বরে সুবিধাজনক সময়ে তার নয়া দিল্লি সফরের সূচি নির্ধারণের চেষ্টা চলছে বলে ঢাকার কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে হিন্দু।

ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী গত কয়েক দিনে বাংলাদেশ সরকারের একাধিক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছেন। তাদের মধ্যে রয়েছেন পানিসম্পদমন্ত্রী মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

সম্প্রতি ভারতে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে বিমসটেকের প্রধান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছিল। তবে বাংলাদেশ সেখানে কোনো প্রতিনিধি পাঠায়নি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির তখন বলেছিলেন, ভারতের সঙ্গে সম্পর্ক ‘নতুন করে সাজানোর’ পরিকল্পনা করছে বাংলাদেশ। এ ক্ষেত্রে উপযুক্ত সময়ে দ্বিপক্ষীয় সফরকে অগ্রাধিকার দেবে ঢাকা।

এর আগে হিন্দু এক প্রতিবেদনে জানিয়েছিল, চলতি মাসের শুরুতে দিল্লিতে আওয়ামী লীগ সমর্থকদের একটি কর্মসূচি আটকে দেওয়ার সিদ্ধান্তকে বিএনপি সরকার ইতিবাচক সংকেত হিসেবে দেখছে।

২০২৪ সালের ৫ আগস্ট অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর ভারতে গিয়ে আশ্রয় নেন শেখ হাসিনা। তার অনুপস্থিতিতেই তাকে মানবতাবিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনাকে ফেরত পাঠাতে বার বার ভারতের প্রতি আহ্বান জানানো হয়েছে। 

বিষয়টিকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশিষ্ট কূটনীতিবিদ এবং সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমেদ৷ তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, যতদ্রুত যাওয়া যায় ততই আমাদের জন্য মঙ্গল। তিনি বলেন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যু এবং গঙ্গা চুক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য দ্রুত ভারতে সফর করা প্রয়োজন। তিনি মনে করেন, কূটনৈতিক সফলতার জন্য কেবল শক্তির বড়াই না করে বরং নমনীয়তা ও বুদ্ধিমত্তার সাথে নিজেদের দাবিগুলো উপস্থাপন করা উচিত। প্রতিবেশীর সাথে সুসম্পর্ক বজায় রাখাকে তিনি জাতীয় স্বার্থ রক্ষার অন্যতম চাবিকাঠি হিসেবে দেখছেন। সিদ্ধান্তহীনতায় ভোগার পরিবর্তে সরাসরি সংলাপের মাধ্যমে জবাবদিহিতা নিশ্চিত করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেছেন। অনেক সময় ছোট হলেও সমান সমান কথা বলা যায় বলেও মনে করেন এই কূটনীতিক।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা