প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৫৩ এএম
বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইনডকট্রিনেশন ট্রেইনিং অন সিভিল এভিয়েশন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাত সম্পর্কে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মৌলিক ও সমন্বিত ধারণা প্রদানের লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ‘ইনডকট্রিনেশন ট্রেইনিং অন সিভিল এভিয়েশন’ শীর্ষক পাঁচ দিনব্যাপী বিশেষ প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে।
সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশের উদ্যোগে শুক্রবার আয়োজিত এ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ৪১৫ নম্বর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণ কর্মসূচিতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের নীতি নির্ধারণ, প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন পর্যায়ের মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল ব্যবস্থার কাঠামো ও কার্যক্রম, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের দায়িত্ব ও কার্যাবলি, বিমানবন্দর পরিচালনা, ফ্লাইট সেফটি, এভিয়েশন সিকিউরিটি, এয়ার নেভিগেশন সার্ভিস, জাতীয় ও আন্তর্জাতিক এভিয়েশন বিধিবিধান, আইসিএওর মানদণ্ড এবং এভিয়েশন খাতের বিভিন্ন অংশীজনের ভূমিকা ও পারস্পরিক সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে।
এ প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল খাতের কাঠামো, কার্যক্রম, নিরাপত্তা, পরিচালনা ও আন্তর্জাতিক মান সম্পর্কে সমন্বিত ধারণা লাভ করবেন।
এর ফলে নীতি নির্ধারণ, প্রশাসনিক কার্যক্রম, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং দ্রুত ও কার্যকর সিদ্ধান্ত গ্রহণ আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, বিশ্বের বিভিন্ন দেশে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম বিদ্যমান থাকলেও বাংলাদেশে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জন্য এ ধরনের প্রশিক্ষণ প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন প্রশান্ত কুমার চক্রবর্তী, পরিচালক, সিভিল এভিয়েশন একাডেমি, বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জুলকার নায়ন, যুগ্মসচিব, সিএ অধিশাখা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম, এফএডব্লিউসি, পিএসসি, জিডি(পি), সদস্য (ফ্লাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশন্স), বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
এছাড়াও অনুষ্ঠানে উপসচিব ডা. মো. গোলাম কবির, মোহাম্মদ মাহাবুব আলম, মো. নুরুল হুদা, মন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. সোহেল পারভেজ, সিনিয়র সহকারী সচিব আসফিয়া সিরাত এবং মন্ত্রীর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তব্যে প্রশান্ত কুমার চক্রবর্তী বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে মন্ত্রণালয়ের কর্মকর্তারা এভিয়েশন খাতের কাঠামো ও কার্যক্রম সম্পর্কে সমন্বিত ধারণা লাভ করবেন।
মো. জুলকার নায়ন বলেন, এ প্রশিক্ষণ এভিয়েশন সংক্রান্ত নীতি প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণে কর্মকর্তাদের জ্ঞান ও সমন্বয় আরও কার্যকর করবে।
প্রধান অতিথি এয়ার কমডোর মো. মনিরুল ইসলাম বলেন, এভিয়েশন খাতে নিরাপত্তা ও আন্তর্জাতিক মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের সমন্বিত জ্ঞান ও কার্যকর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণটি ১৮-১৯ সেপ্টেম্বর, ২৫-২৬ সেপ্টেম্বর এবং ২ অক্টোবর অনুষ্ঠিত হবে।
প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণকারীদের এভিয়েশন খাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে ধারণা প্রদান করা হবে।