রয়টার্সের প্রতিবেদন
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৬ পিএম
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৪৮ পিএম
প্রতীকী ছবি/এআই
রাজধানী ঢাকার পারভীন আক্তারকে এখন রাতের খাবার রাঁধতে অপেক্ষা করতে হয় মধ্যরাত পর্যন্ত। লাইনে গ্যাসের দেখা মেলে না, আবার বিদ্যুৎ-বিভ্রাটের কারণে ইনডাকশন চুলাতেও খাবার অর্ধেক সেদ্ধ হয়ে পড়ে থাকে। পারভীনের রান্নাঘরের এই প্রাত্যহিক দুর্দশার সঙ্গে উপসাগরীয় যুদ্ধের সরাসরি যোগসূত্র রয়েছে। প্রায় আড়াই হাজার কিলোমিটার দূরে মধ্যপ্রাচ্যের সংঘাতে বিশ্বজুড়ে তৈরি হয়েছে ভয়াবহ জ্বালানি-সংকট। যার ধাক্কায় একদিকে বাংলাদেশে কলকারখানার চাকা বন্ধ হওয়ার উপক্রম, অন্যদিকে পাকিস্তানে জ্বালানির বাড়তি দাম মেটাতে গিয়ে দিশাহারা হয়ে পড়েছেন সাধারণ মানুষ।
ছয় মাসের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে হরমুজ প্রণালী দিয়ে তেল-গ্যাস রপ্তানি মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে সৌদি আরব ও ইরান-সমর্থিত হুতিদের লড়াই, যা লোহিত সাগরের বাণিজ্যপথকে চরম ঝুঁকিতে ফেলেছে। এই দুই গুরুত্বপূর্ণ নৌপথে সংকটের কারণে এশিয়ায় স্পট মার্কেটে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম হুহু করে বেড়ে প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) ৩০ ডলারে ঠেকেছে, যা যুদ্ধ শুরুর আগে ছিল মাত্র ১০ ডলার।
বহুজাতিক জ্বালানি কোম্পানি শেলের হিসাব অনুযায়ী, চলতি বছর মধ্যপ্রাচ্য থেকে প্রায় ৩ কোটি ৬০ লাখ টন এলএনজি সরবরাহ হারিয়েছে বিশ্ব। এর সবচেয়ে বড় ভুক্তভোগী বাংলাদেশ ও পাকিস্তানের মতো দেশগুলো, যাদের এই ক্রমবর্ধমান সংকট মোকাবিলায় আর্থিক সক্ষমতা বেশ সীমিত।
অন্ধকারে বাংলাদেশ, থমকে যাচ্ছে শিল্পের চাকা
বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ৪০ শতাংশের বেশি আমদানি করা এলএনজির ওপর নির্ভরশীল। একসময় এই আমদানির ৯৫ শতাংশই আসত কাতার থেকে। কিন্তু সরবরাহ ব্যাহত হওয়ায় ঢাকাকে এখন স্পট মার্কেট থেকে চড়া দামে এলএনজি কিনতে হচ্ছে। বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ চলতি সপ্তাহে স্বীকার করেছেন, ‘শিল্পের প্রবৃদ্ধি ধীর হয়ে যাচ্ছে এবং উৎপাদন কমছে।’
সবচেয়ে বড় ধাক্কাটি লেগেছে দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাকে। বিকেএমইএর এক জরিপে দেখা গেছে, আগস্টের শেষ দিক থেকে গ্যাস-বিদ্যুৎ সংকটের কারণে ৫৫ শতাংশ কারখানার ক্রয়াদেশ বাতিল বা কমিয়ে দিয়েছেন ক্রেতারা। ৭৮ শতাংশ কারখানাকে আংশিক উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। গ্যাসের চাপ কম থাকায় বয়লার নষ্ট হয়ে বিপাকে পড়েন কারখানার মালিক আলভী ইসলাম। বাধ্য হয়ে চীন থেকে কাপড় আনতে গিয়ে সময়ক্ষেপণ হওয়ায় এক ক্রেতা তার ৫০ হাজার পিসের অর্ডার কমিয়ে ৪০ হাজারে নামিয়ে আনেন।
সময়মতো পণ্য পাঠাতে অনেককে আকাশপথের দ্বারস্থ হতে হচ্ছে। ফতুল্লা অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ফজলে শামীম এহসান জানান, ফরাসি এক ক্রেতার কাছে হুডি জ্যাকেট পাঠাতে তাকে বিমান ভাড়া বাবদ অতিরিক্ত ৫০ হাজার ডলার গুনতে হয়েছে। তিনি বলেন, ‘কারখানা সচল রাখতে জেনারেটরের জন্য ডিজেল কিনতেও আমাদের বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।’
সংকট ছড়িয়েছে কৃষিতেও। টাঙ্গাইলের খামারি সায়েদুল ইসলাম রয়টার্সকে জানান, বিদ্যুতের অভাবে বৈদ্যুতিক পাখা চালাতে না পারায় তার খামারে প্রতিদিন ১৫ থেকে ২০টি মুরগি মারা যাচ্ছে। সিলেটে লোডশেডিংয়ের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) জেনারেটর দিয়ে কোনোমতে চালানো হলেও সাধারণ ওয়ার্ডের রোগীরা ভিড়ের মধ্যে তীব্র গরমে নিদারুণ কষ্ট পাচ্ছেন। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের ফজলুল হক জানিয়েছেন, সরকার একটি অকেজো এলএনজি টার্মিনাল মেরামতের নির্দেশ দিয়েছে, যা পরিস্থিতি কিছুটা সামাল দিতে পারে।
পাকিস্তানে ভর্তুকির বিশৃঙ্খলা ও হাহাকার
বাংলাদেশের চেয়ে পাকিস্তানের বিদ্যুৎ গ্রিডের ওপর চাপ কিছুটা কম হলেও, সেখানে পরিবহন জ্বালানি নিয়ে বড় লড়াই চলছে। দেশটিতে পেট্রোলের দাম লিটারপ্রতি প্রায় ৩৮০ রুপি এবং ডিজেলের দাম ৪০৯ রুপিতে পৌঁছেছে। মাসে মাত্র ১৪৫ ডলার ন্যূনতম মজুরি পাওয়া মানুষের জন্য এটি এক বিশাল বোঝা।
জনরোষ সামাল দিতে পাকিস্তান সরকার গত বুধবার থেকে মোটরসাইকেল, রিকশা ও ছোট গাড়ির মালিকদের জন্য একটি নির্দিষ্ট মাসিক কোঠায় লিটারপ্রতি ১০০ রুপি ভর্তুকি প্রকল্প চালু করেছে। কিন্তু এই সুবিধা পেতে চরম ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। করাচির বাসিন্দা মোহাম্মদ মোশাররফ রয়টার্সকে জানান, তিনি তার মোটরসাইকেল ও আইডি কার্ড দিয়ে নিবন্ধনের চেষ্টা করে কয়েক দিন ধরে হয়রানির শিকার হচ্ছেন। তার আক্ষেপ, ‘অশিক্ষিত মানুষ এত কঠিন শর্তের মধ্যে কীভাবে বাঁচবে?’
করাচির রিকশাচালক অমেশ গুল (৩২) জানান, জ্বালানির দাম বাড়ায় তার আয় তলানিতে নেমেছে। তিনি বলেন, ‘আগে সপ্তাহে এক দিন মাংস খেতাম, এখন মাসে একবারও জোটে না। সরকারের কাছে একটাই দাবি, দয়া করে গরিব মানুষের দিকে একটু নজর দিন।’
পাকিস্তানের ইন্ডিপেনডেন্ট সিস্টেম অ্যান্ড মার্কেট অপারেটরের (আইএসএমও) তথ্যমতে, শীত মৌসুমে দেশটির বিদ্যুৎ খাতে প্রতিদিন ৪০ কোটি ঘনফুট গ্যাস প্রয়োজন হবে। অথচ সেপ্টেম্বরের জন্য এখন পর্যন্ত মাত্র দুটি এলএনজি কার্গো নিশ্চিত করা গেছে। একটি স্ট্যান্ডার্ড কার্গোতে প্রায় ১৪০,০০০ ঘনমিটার বা ৩ বিলিয়ন ঘনফুট গ্যাস থাকে, যা দিয়ে পাকিস্তানের মাত্র এক সপ্তাহের চাহিদাই মেটানো সম্ভব।