প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩১ পিএম
ওসি মো. রাকিবুল হাসান। ফাইল ছবি
সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ নিয়ে বক্তব্যের একটি অডিও ভাইরাল হওয়ার ঘটনায় ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল হাসানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। অডিওটির নেপথ্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিচয় জানতে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। কমিটিতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) দুজন এবং ডিবির একজন সদস্য রয়েছেন।
ডিএমপি সূত্র জানায়, ভাইরাল হওয়া অডিওতে রাকিবুল হাসানের কথোপকথনটি কার সঙ্গে হচ্ছিল, সেটিই তদন্তের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। ওই সময় ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিদেরও শনাক্তের চেষ্টা চলছে। তাদের মধ্যে কেউ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন কি না, পুলিশের কোনো সদস্য ছিলেন কি না— এসব বিষয়েও রাকিবুল হাসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সূত্র জানায়, তদন্ত কমিটির সদস্যরা শুধু অডিওতে থাকা বক্তব্য নয়, কথোপকথনের পুরো প্রেক্ষাপট জানার চেষ্টা করছেন। কার সঙ্গে কথা হচ্ছিল, কেন ওই আলোচনা হয়েছিল, সেখানে আর কারা ছিলেন এবং কথোপকথনের কোনো অংশ ইচ্ছাকৃতভাবে বাইরে ছড়িয়ে দেওয়া হয়েছে কি না— এসব বিষয়ও খতিয়ে দেখা হচ্ছে।
গত বুধবার রাতে সামাজিক মাধ্যমে রাকিবুল হাসানের বক্তব্যের একটি অডিও ছড়িয়ে পড়ে। এতে সরকার, প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ নিয়ে বিভিন্ন মন্তব্য করতে শোনা যায় তাকে। শেখ হাসিনার দেশে ফেরা ও পুলিশের সক্ষমতা নিয়েও কথা বলেন তিনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের রাজনৈতিক অবস্থান এবং পুলিশে বিভিন্ন পদে পদায়নে অর্থ লেনদেনসহ নানা অনিয়মের অভিযোগও করতে শোনা যায় তাকে।
পুলিশের একাধিক সূত্র অডিওটি রাকিবুল হাসানের বলে প্রাথমিকভাবে নিশ্চিত করে। এরপর তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপি সদর দপ্তর ও প্রশাসন বিভাগে কেন্দ্রীয় সংরক্ষণ দপ্তরে সংযুক্ত করা হয়। ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমদের সই করা অফিস আদেশে এর কারণ হিসেবে ‘প্রশাসনিক কারণ’ উল্লেখ করা হয়।
অডিওটি নিয়ে আলোচনা চলার মধ্যে বৃহস্পতিবার রাতে রাকিবুল হাসানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, অডিওর বিষয়ে চলমান অনুসন্ধানের অংশ হিসেবে তাকে ডিবিতে নেওয়া হয়েছে। এখন তিন সদস্যের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদে অডিওর বক্তব্যের পাশাপাশি এর পেছনে থাকা ব্যক্তিদের ভূমিকা ও কথোপকথনের প্রেক্ষাপট বের করার চেষ্টা চলছে।