× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজপথে চ্যালেঞ্জের মুখে কতটা প্রস্তুত বিএনপি

আসাদুজ্জামান সম্রাট

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৬ ০৮:৩১ এএম

বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

বিএনপির লোগো। ছবি: সংগৃহীত

রাজনীতির সমীকরণ পাল্টে গেছে। ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সময়েও সরকারবিরোধী আন্দোলনের ধারায় বিএনপি ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন ছিল রাজপথে একই সঙ্গে। কিন্তু গণঅভ্যুত্থানের পর থেকেই সমীকরণ পাল্টাতে থাকে। গণঅভ্যুত্থানের পর আবির্ভাব ঘটে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ), অলটারনেটিভসসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করেও ঘটে নতুন মেরুকরণ। এমন রাজনৈতিক পরিক্রমায় চলতি বছরের সংসদ নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে বিএনপি। সরকার গঠনের কয়েক মাসের মধ্যেই বিএনপি সরকারের সঙ্গে দলটির পুরনো মিত্র জামায়াতে ইসলামী ও তাদের নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্নে দূরত্ব সুস্পষ্ট হয়ে উঠেছে। ইতোমধ্যে এসব সংগঠন তাদের রাজনৈতিক দাবিগুলো নিয়ে রাজপথের কর্মসূচিও নিতে শুরু করেছে। অন্যদিকে এনপিএ, অলটারনেটিভসও চেষ্টা করছে নিজেদের গুছিয়ে নিতে। 

সব মিলিয়ে বিএনপির জন্যে তৈরি হয়েছে নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ। বিশেষ করে ১১-দলীয় জোটের সঙ্গে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন, গণভোটের রায়, সংবিধান সংস্কার পরিষদ, সংসদীয় কমিটিতে বিরোধী দলের ভূমিকা এবং সরকারের প্রথম ১৮০ দিনের কর্মদক্ষতাসহ প্রায় প্রতিটি ইস্যুতেই বিএনপির অবস্থান মুখোমুখি পর্যায়ে। এই দূরত্বের প্রতিক্রিয়ায় গত ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ কর্মসূচির মধ্য দিয়ে ১১-দলীয় জোট সংসদের বাইরে রাজপথেও তাদের অবস্থানের পক্ষে জনমত তৈরির প্রক্রিয়া শুরু করেছে। আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) ঢাকা থেকে রংপুর লংমার্চের কর্মসূচি পালন করতে চলেছে এ জোট। 

গত আগস্ট মাস থেকে ১১-দলীয় জোট গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, নিত্যপণ্যের দাম, আইনশৃঙ্খলা এবং জুলাই জাতীয় সনদের গণভোটের রায় বাস্তবায়নসহ বিভিন্ন দাবিতে ধারাবাহিক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। ৫ সেপ্টেম্বর ঢাকা-চট্টগ্রাম লংমার্চ ঢাকার শাপলা চত্বর থেকে শুরু হয়ে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। পথে নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনীসহ বিভিন্ন স্থানে সমাবেশ করা হয়। এসব স্থানের জনসমাগমকে তাদের আন্দোলনের প্রতি সমর্থনের ফসল হিসেবে মনে করছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। 

এ ছাড়াও একাধিক লংমার্চ, রেলযাত্রা ও ঢাকার মহাসমাবেশের কর্মসূচির মধ্য দিয়ে জোটটি আগামী নভেম্বর পর্যন্ত ব্যাপক জনসংযোগ ও জনসমাগমের প্রচেষ্টা চালাচ্ছে, যা ক্ষমতাসীন বিএনপিকে নতুন এক রাজনৈতিক পরীক্ষায় ফেলেছে। এতদিন যে দলটি আন্দোলন, মিছিল, অবরোধ ও সংঘাতের মধ্য দিয়ে রাজনৈতিকভাবে সক্রিয় ছিল, এখন তাকেই ক্ষমতাসীন দল হিসেবে বিরোধীদের রাজপথের কর্মসূচি মোকাবিলা করতে হচ্ছে। এমন প্রেক্ষাপটে সরকার পরিচালনার পাশাপাশি রাজপথের রাজনৈতিক চাপ সামলানোর মতো সাংগঠনিক প্রস্তুতি বিএনপির কতটা আছে, তা নিয়ে ব্যাপক কৌতূহল দেখা দিয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে। 

রাজপথে আন্দোলন শুরু করলেও জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১-দলীয় জোট সংসদেও প্রতিদ্বন্দ্বিতামূলক বিরোধিতা অব্যাহত রেখেছে। একাধিকবার অধিবেশন কক্ষের ঘটনাও ঘটেছে। সর্বশেষ গত ২ সেপ্টেম্বর ১৩টি নতুন সংসদীয় কমিটি গঠনের পর এসব কমিটির সভাপতির পদ শুধুমাত্র বিএনপিদলীয় সদস্যদের দেওয়ায় জামায়াতের এমপিরা প্রতিবাদে অধিবেশন কক্ষ ত্যাগ করেন। জামায়াতের পক্ষ থেকে বলা হয়, বিরোধী দলকে কমিটির সভাপতি পদ দেওয়ার বিষয়ে আগে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল।

জীবনযাত্রার সংকট

বিরোধী জোটের আন্দোলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো, তারা কেবল সাংবিধানিক বা রাজনৈতিক সংস্কারের প্রশ্নে আটকে নেই। বিদ্যুৎ ও গ্যাস সংকট, জ্বালানির মূল্যবৃদ্ধি, নিত্যপণ্যের দামবৃদ্ধি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং দুর্নীতির অভিযোগকে তারা আন্দোলনের ইস্যু করেছে। আগস্টের শেষ সপ্তাহে ১১-দলীয় জোট সরকারের প্রথম ১৮০ দিনের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলে। তারা বিদ্যুৎ-গ্যাস সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সরকারের ব্যর্থতার উদাহরণ হিসেবে উল্লেখ করে। এটিই বিএনপির জন্য রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করছে। 

এমন প্রেক্ষাপটে বিএনপি বিরোধী দলের রাজপথের আন্দোলনের যৌক্তিকতাকে প্রশ্নবিদ্ধ করার রাজনৈতিক কৌশল বেছে নিয়েছে। তারা চাইছে বিরোধী দলকে সংসদের বৃত্তেই সক্রিয় রাখতে। যেমন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও গত ৫ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা স্বীকার করে বলেছেন, ‘সরকার উত্তরাধিকারসূত্রে পাওয়া সমস্যার সমাধানে কাজ করছে।’ একই সঙ্গে তিনি অভিযোগ করেছেন, ‘কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি এসব সংকটকে ব্যবহার করে অস্থিরতা তৈরির চেষ্টা করছে।’ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীও জামায়াতের রাজপথের কর্মসূচির সমালোচনা করে বলেছেন, ‘সরকারের সমালোচনা সংসদে করা উচিত এবং বিকল্প প্রস্তাব নিয়ে আসা উচিত।’

বিএনপির সাংগঠনিক প্রস্তুতি কতটুক

ক্ষমতায় আসার পর বিএনপির নেতৃত্বের বিন্যাসে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘটেছে। সরকার গঠনের সময় দলের কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা মন্ত্রিসভায় স্থান পাননি। তাদের মধ্যে রয়েছেনÑ মির্জা আব্বাস, ড. খন্দকার মোশাররফ হোসেন, সেলিমা রহমান, আমানউল্লাহ আমান ও গয়েশ্বর চন্দ্র রায়ের মতো স্থায়ী কমিটির সদস্য। এ ছাড়া রাজপথে নির্যাতিত মোয়াজ্জেম হোসেন আলাল, হাবিব উন নবী খান সোহেল, সাইফুল আলম নীরব, নাজিম উদ্দিন আলম, মামুন হাসানের মতো নেতারা দলীয় মনোনয়নই পাননি। সরকার গঠনের পরও এখনও তাদের কোনো মূল্যায়ন করা হয়নি। ফলে বিরোধী দলগুলোকে মোকাবিলা করে রাজপথ দখল নেওয়া কতটা সম্ভব হবে, সেটা একটি বড় প্রশ্ন হয়ে উঠেছে। 

এদিকে বিএনপির দলের ভেতরের সাংগঠনিক সংহতিও এ ক্ষেত্রে গুরুতর প্রশ্ন হয়ে উঠেছে। সেপ্টেম্বরের শুরুতে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে মুন্সীগঞ্জ, পটুয়াখালী ও চট্টগ্রামসহ কয়েকটি এলাকায় বিএনপির অভ্যন্তরীণ বিরোধ সংঘর্ষে রূপ নেয়। তিন জেলায় এসব ঘটনায় প্রায় ৮৯ জন আহত হওয়ার খবর প্রকাশিত হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের ঘটনায় পুলিশ পরে অস্ত্রও উদ্ধার করে এবং কয়েকজনকে গ্রেপ্তার করা হয়। এ ধরনের ঘটনায় মাঠপর্যায়ে দলীয় নিয়ন্ত্রণ, অভ্যন্তরীণ শৃঙ্খলা এবং স্থানীয় নেতৃত্বের সমন্বয় নিয়ে প্রশ্ন উঠছে।

ক্যাম্পাসে বদলে গেছে শক্তির ভারসাম্য

এদিকে রাজপথের রাজনীতিতে বিএনপির ছাত্রসংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের সামনে চলে এসেছে পরিবর্তিত বাস্তবতা। ২০২৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ইসলামী ছাত্রশিবির-সমর্থিত প্যানেল ২৮টির মধ্যে ২৩টি পদে জয় পায়। শীর্ষ তিনটি পদ ভিপি, জিএস ও এজিএস তাদের সমর্থিত প্রার্থীরা পান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল সংসদেও শিবির-সমর্থিত প্রার্থীদের উল্লেখযোগ্য সাফল্য দেখা যায়। অর্থাৎ বিশ্ববিদ্যালয়ভিত্তিক ছাত্ররাজনীতিতে বিএনপির ছাত্রসংগঠনের পুরনো সাংগঠনিক সুবিধা আর আগের অবস্থায় নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও প্রথম কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে শিবির-সমর্থিত প্যানেল ভিপি, জিএস ও এজিএসসহ ২১টি পদের মধ্যে ১৬টি পায়। ক্যাম্পাসে সংগঠন, কর্মীসংযোগ ও নেতৃত্ব তৈরির ক্ষেত্রে শিবিরের দৃশ্যমান অবস্থান বিএনপির ছাত্ররাজনীতির জন্য একটি নতুন প্রতিযোগিতামূলক বাস্তবতা তৈরি করেছে, যা আগামী দিনের আন্দোলন-সংগ্রামে অস্থিরতা সৃষ্টি করতে পারে। 

নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতাও নতুন চাপ

বিএনপি সরকারের সামনে সম্ভাব্য আরেকটি চাপ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর গোপন বা ঝটিকা কর্মসূচি। ১১ সেপ্টেম্বর ঢাকার গুলশানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের একটি বড় ঝটিকা মিছিল হয়। খোদ প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী এলাকায় এই মিছিলের পর ৩২ জনকে গ্রেপ্তার ছাড়াও গুলশান থানার ওসিকে বদলি করা হয়। এর আগে চট্টগ্রাম, বরিশাল, গাজীপুরে নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ঝটিকা কর্মসূচি এবং পুলিশের অভিযান হয়েছে। এরই মধ্যে ১৩ সেপ্টেম্বর হাইকোর্ট দলটির সব কার্যক্রম নিষিদ্ধ করার সরকারি গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করা একটি রিট আবেদন খারিজ করে দেয়।

এদিকে শেখ হাসিনা জুলাই মাসে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে ডিসেম্বরের দিকে বাংলাদেশে ফিরে এসে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনার কথা জানিয়েছেন। এই পরিকল্পনার বাস্তব সময়সূচি বা প্রক্রিয়া এখনও নিশ্চিত না হলেও ঘোষণাটি দলটির নেতাকর্মীদের উজ্জীবিত করেছে। ডিসেম্বরকে ঘিরে আওয়ামী লীগের মাঠপর্যায়ের তৎপরতা বাড়বে কি নাÑ তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে তাদের বিচ্ছিন্ন কর্মসূচি চালানোর সক্ষমতা এবং কেন্দ্রীয় নেতৃত্বের পুনর্গঠনের প্রচেষ্টা বিএনপির জন্য নতুন রাজনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।

সামনে কঠিন সময়

জামায়াত-এনসিপিসহ ১১-দলীয় জোটের কর্মসূচি আপাতত থামছে না। সরকারকে বিদ্যুৎ, গ্যাস, আইনশৃঙ্খলা ও নিত্যপণ্যের মতো বাস্তব সংকট মোকাবিলা করতে হচ্ছে। এসব সংকট যত দীর্ঘ হবে, বিরোধীদের আন্দোলনের রাজনৈতিক অবস্থানও তত বেশি জনসমর্থন পাবে। এই অবস্থায় বিএনপির সামনে চ্যালেঞ্জ শুধু বিরোধীদের মিছিল ঠেকানো নয়। মূল চ্যালেঞ্জ হলো, ক্ষমতাসীন দল হিসেবে সরকারের কর্মদক্ষতার ওপর আস্থা ধরে রাখা এবং একই সঙ্গে দলকে রাজপথ নিয়ন্ত্রণের মতো অবস্থানে রাখা।

কী বলছেন বিএনপির নেতা

মন্ত্রিসভায় স্থান না পাওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় মনে করছেন, বিএনপির সম্ভাব্য চ্যালেঞ্জগুলো মোকাবিলা করা কঠিন হবে না। জামায়াতের এখনও সেরকম গণভিত্তি তৈরি হয়নি যে, তাদের ডাকে সাড়া দিয়ে লোকজন সরকারের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে।’ তিনি বলেন, ‘সরকারের মধ্যে যে সমস্যা রয়েছে, তা উত্তরাধিকার সূত্রে পাওয়া। তবে এ পরিস্থিতি থেকে উত্তরণের চেষ্টা সরকারের মধ্যে রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত চেষ্টা করছেন, সেটা তো দৃশ্যমান। আশা করা যাচ্ছে, জনজীবনের বিদ্যমান সংকট সমাধানে সরকার সফল হবে। তা ছাড়া রাজপথে কোনো চ্যালেঞ্জ এলেও তা মোকাবিলার সক্ষমতা বিএনপির রয়েছে।’ প্রসঙ্গত তিনি এ-ও বলেন, ‘কোনো অভিমানের বশে দল থেকে দূরে থাকার লোক আমি নই।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা