আজিজুল ইসলাম
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:৫২ পিএম
তিন চাকার ভয়ংকর টেসলা। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
সেদিন সকালবেলার কথা। সাড়ে পাঁচ বছরের ছোট্ট শিশু ওয়াকিফ। কাঁধে স্কুলব্যাগ। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার আনন্দ মেখে ছিল দুটো চোখে। মায়ের সঙ্গে অটোরিকশায় চেপে স্কুলে যাচ্ছিল সে। কিন্তু তিন চাকার অবৈধ ও ভয়ংকর এই যানটি, যা রাজধানীতে ‘টেসলা’ নামে পরিচিতি পেয়েছে, তার জীবনের গল্পটা এক নিমেষেই বদলে দিল। অন্য একটি টেসলার ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে শিশুটি। এখন তার ডান হাত ভারী ব্যান্ডেজে মোড়ানো। স্কুলের বদলে তার ঠিকানা রাজধানীর জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (নিটোর) তথা পঙ্গু হাসপাতালের বিছানা।
ওয়াকিফের চাচা ইঞ্জিনিয়ার তুষারের ভাষ্যমতে, দুর্ঘটনায় শিশুটির ডান হাতের হাড় ভেঙে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আহত হয়েছেন তার মা-ও। ওয়াকিফের মতো এমন অসংখ্য মানুষ প্রতিদিন টেসলার দুর্ঘটনার শিকার হচ্ছে। কারও হাত-পা ভাঙছে, কেউ মাথায় গুরুতর আঘাত পাচ্ছে, আবার কারও জীবনপ্রদীপ নিভে যাচ্ছে। দুর্ঘটনায় আহত হওয়ার পাশাপাশি পরিবারের উপার্জন বন্ধ হয়ে তৈরি হচ্ছে নতুন সংকট।
পঙ্গু হাসপাতালের (নিটোর), কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালÑ রাজধানীর এই তিনটি সরকারি হাসপাতালে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সড়ক দুর্ঘটনায় আহত রোগীদের একটি বড় অংশই এখন টেসলা দুর্ঘটনার শিকার।
পঙ্গু হাসপাতাল
নিটোরের তথ্য অনুযায়ী, সরেজমিন প্রতিবেদন তৈরির দিন সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এই হাসপাতালে ভর্তি হন ৪৭ জন। তাদের মধ্যে ১১ জনই টেসলা দুর্ঘটনার শিকার। অর্থাৎ ভর্তি হওয়া সড়ক দুর্ঘটনার রোগীদের ২৩ দশমিক ৪ শতাংশই রিকশা দুর্ঘটনার শিকার।
নিটোরের তৃতীয় তলায় চার মাস ধরে পড়ে আছেন নজরুল ইসলাম। গাজীপুরে অটোরিকশা দুর্ঘটনায় তার বাঁ-পায়ের একটি হাড় তিন জায়গায় ভেঙেছে। এখন হাসপাতালের বিছানাই তার পৃথিবী। নজরুল বলেন, ‘আর সাহস হয় না। কোনো দিন অটোরিকশায় উঠব না। চার মাস হলো দিনের আলো চোখে পড়ে না। বেডেই খাওয়া-দাওয়া ও বাথরুম সারতে হয়।’
নজরুলের স্ত্রী আমেনা বেগমও অসহায় দিন কাটাচ্ছেন। স্বামীর চিকিৎসা, দীর্ঘদিন হাসপাতালের জীবন আর নিজের ন্যূনতম প্রয়োজন মেটানোর সংগ্রামÑ সব মিলিয়ে অসহায় দিন কাটছে তার। আমেনা বলেন, ‘আমরা দুজন মানুষ এখানে। ওকে তো বেডেই ক্যাথেটার দিয়ে প্রস্রাব করাই। আর প্লাস্টিকের কমোড দিয়ে টয়লেট সারাই। কিন্তু আমি গোসল ও টয়লেট করতে গেলেই বিপাকে পড়ি।’ একটি দুর্ঘটনার ক্ষত কতটা দীর্ঘ হতে পারে, নজরুলের চার মাসের হাসপাতালজীবন যেন তারই উদাহরণ।
নিটোরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মো. রশিদুল আলম প্রতিদিনের বাংলাদেশকে জানান, আগে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা বেশি আসত। এখন অটোরিকশা দুর্ঘটনায় আহত রোগীর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েছে। নিটোরের পরিচালক ডা. মো. আবুল কেনানও এ বিষয়ে শঙ্কা প্রকাশ করে জানান, এসব রোগীর মধ্যে মাথায় আঘাত এবং হাত-পা ভেঙে যাওয়ার ঘটনাই বেশি। কিছু মৃত্যুও হচ্ছে। সরকারের উচিত নিয়মের মাধ্যমে এসব যান নিয়ন্ত্রণে আনা।
কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল
উত্তরায় কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালেও একই চিত্র। সেখানে সড়ক দুর্ঘটনায় আহত ২৩ জনের মধ্যে ৭ জনই টেসলা দুর্ঘটনার শিকার। এই হাসপাতালের তৃতীয় তলার পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন আনছার আলী। ২৫ আগস্ট ভোরে গাজীপুরের চৌরাস্তা থেকে টঙ্গীর দিকে দুই যাত্রী নিয়ে যাওয়ার সময় ডান পাশ থেকে আরেকটি অটোরিকশা এসে তার গাড়িতে ধাক্কা দেয়।
আনছার আলী গ্যারেজে থাকতেন। দুর্ঘটনার খবর পেয়ে স্ত্রী রহিমা বেগম ছুটে এসেছেন হাসপাতালে। চিকিৎসার চেয়েও এখন সংসার চালানোর চিন্তাই বড় হয়ে উঠেছে তার কাছে। রহিমা বেগম বলেন, ‘আমরা গরিব মানুষ। এই ঘটনার পর রোজগার বন্ধ হয়ে গেছে। ছোট দুই ছেলেকে নানার বাড়িতে রেখে এখানে আছি। সংসার চালানোই কঠিন, তার মধ্যে চিকিৎসার খরচ।’ একটি অটোরিকশা দুর্ঘটনা তাই শুধু একজন মানুষকে আহত করছে না; বন্ধ করে দিচ্ছে একটি পরিবারের উপার্জনের পথ।
ঢামেক হাসপাতাল
দেশের অন্যতম ব্যস্ত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালেও টেসলা দুর্ঘটনার রোগীর ভিড়। গত ৭ সেপ্টেম্বর হাসপাতালের জরুরি বিভাগ ও অর্থোপেডিক্স ইউনিট ঘুরে দেখা যায়, রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক দুর্ঘটনায় আহত রোগীরা চিকিৎসা নিতে এসেছেন। কারও হাত-পা ভেঙেছে, কারও মাথায় গুরুতর আঘাত। জরুরি বিভাগে দায়িত্ব পালন করা ইন্টার্ন চিকিৎসক আব্দুল বারী বলেন, সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আসা রোগীর সংখ্যা অনেক। তবে আলাদাভাবে অটোরিকশা দুর্ঘটনায় আহত রোগীর তথ্য রাখা হয় না। তার মতে, অটোরিকশা দুর্ঘটনায় আহতদের মধ্যে হাত-পা ভাঙা এবং মাথায় আঘাত পাওয়ার ঘটনা বেশি দেখা যায়।
১৫ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত জরুরি বিভাগে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে ভর্তি হয়েছে ১ হাজার ৭৮২ জন। তাদের মধ্যে ১৩ থেকে ১৫ শতাংশ রোগীই টেসলা দুর্ঘটনায় আহত। ঢামেকের অর্থোপেডিকস বিভাগে চিকিৎসাধীন মোসলেম উদ্দিনও এমনই একজন। জুরাইনে মাথায় ফলের ঝুড়ি নিয়ে যাওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এরপর কী হয়েছে, তা আর মনে নেই তার। হাসপাতালে এসে স্বজনরা জানতে পারেন, মাথায় আঘাতের পাশাপাশি তার পা-ও ভেঙেছে। তার স্ত্রী রহিমা বেগম জানেন না বুড়ো বয়সে কীভাবে তাদের সংসার চলবে।
ঢামেক হাসপাতালের ডেপুটি ডিরেক্টর ডা. মো. আশরাফুল আলম প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘আশঙ্কাজনকভাবেই টেসলা দুর্ঘটনা বাড়ছে। এখনই এটি নিয়ন্ত্রণ করা খুবই দরকার। আগে মোটরসাইকেল দুর্ঘটনা বেশি হতো। এখন সেই জায়গা দখল করছে টেসলা।’
সংসদে সরকারের হিসাবেও অটোরিকশার ঝুঁকি হাসপাতালের বিছানায় থাকা মানুষের গল্পের সঙ্গে মিলে যায় সংসদে দেওয়া সরকারি হিসাবও। ৭ সেপ্টেম্বর সংসদে দেওয়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের তথ্য অনুযায়ী, দেশে আনুমানিক ৫০ থেকে ৮০ লাখ বৈদ্যুতিক থ্রি-হুইলার রয়েছে। ২০২৫ সালে দেশে ৬ হাজার ৭২৯টি সড়ক দুর্ঘটনায় ৯ হাজার ১১ জন নিহত হয়েছে। এসব দুর্ঘটনার ১৩ দশমিক ৫৪ শতাংশের সঙ্গেই অনিয়ন্ত্রিত ব্যাটারিচালিত অটোরিকশা জড়িত।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, নিবন্ধনহীন যান, প্রশিক্ষণহীন চালক, দুর্বল ব্রেক ও আলোকব্যবস্থা, অতিরিক্ত গতি ও প্রধান সড়কে ধীরগতির যান চলাচলÑ এসব কারণেই দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। অবৈধ চার্জিং পয়েন্টের কারণে সরকার বছরে প্রায় ৪ হাজার কোটি টাকা রাজস্ব হারাচ্ছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
ব্যাটারিচালিত অটোরিকশা পুরোপুরি বন্ধ না করে নিবন্ধনের আওতায় আনা, নম্বর প্লেট, কিউআর কোড, ডিজিটাল ট্র্যাকিং এবং নির্দিষ্ট রুটের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। রুট নির্ধারণ, চালকদের প্রশিক্ষণ ও নিরাপদ ব্যাটারি ব্যবহারের শর্ত আরোপ এবং অবৈধ চার্জিং বন্ধের উদ্যোগের কথাও জানানো হয়েছে। রাজধানীর ১৭টি ট্রাফিক সিগন্যালে ৫০টি এআইভিত্তিক ক্যামেরা চালু রয়েছে। আরও ২০০টি এআই ক্যামেরা স্থাপনের কাজ চলছে বলেও সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
কিন্তু হাসপাতালের বিছানায় থাকা ওয়াকিফ, আনছার কিংবা মোসলেমদের গল্প বলছেÑ নিয়ন্ত্রণের এই উদ্যোগ পুরোপুরি বাস্তবায়িত হওয়ার আগেই অনেক মানুষকে টেসলার ঝুঁকির চরম মূল্য দিতে হচ্ছে। কারও স্কুলযাত্রা থেমে যাচ্ছে, কারও উপার্জন বন্ধ হচ্ছে, আবার কেউ মাসের পর মাস পড়ে থাকছেন হাসপাতালের বিছানায়।