প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২২:২৮ পিএম
প্রতীকী ছবি
তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী নাটক, সিনেমা ও ওটিটি প্লাটফর্মে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের দৃশ্য প্রদর্শন এবং এর প্রচারণা নিষিদ্ধ। অথচ ২০২৬ সালে মুক্তি পাওয়া ১২টি সিনেমা পর্যবেক্ষণ করে ৭৫১টি ধূমপান ও তামাক ব্যবহারের দৃশ্য পাওয়া গেছে। এর মধ্যে ছয়টি সিনেমায় কৌশলে তামাক পণ্যের ব্র্যান্ডও প্রদর্শন করা হয়েছে বলে জানিয়েছে তামাকবিরোধী সংগঠন ‘মানস’।
বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মানস’ আয়োজিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন বাস্তবায়নে করণীয় : প্রেক্ষিত নাটক, চলচ্চিত্র, ওটিটি প্লাটফর্ম’ শীর্ষক মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
সভায় ‘মানস’-এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ড. অরূপরতন চৌধুরীর সভাপতিত্বে আলোচনায় অংশ নেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, সহসভাপতি মেহেদী আজাদ মাসুম, ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস অব সোসাইটির (ডাস) টিম লিড আমিনুল ইসলাম বকুল, সুন্দরবন ও উপকূল সুরক্ষা আন্দোলনের সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র এবং ‘মানস’-এর কোষাধ্যক্ষ হোসনে আরা বেগম রিনা ও সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।
ড. অরূপরতন চৌধুরী বলেন, ধূমপান ও তামাক ব্যবহার ক্যানসার, হৃদরোগ ও স্ট্রোকসহ বিভিন্ন প্রাণঘাতী রোগের কারণ। তরুণদের তামাক ব্যবহারে আকৃষ্ট করতে তামাক কোম্পানিগুলো নানা বিপণন কৌশল গ্রহণ করছে। জনপ্রিয় অভিনেতা-অভিনেত্রীদের মাধ্যমে সিনেমা, নাটক ও ওয়েব সিরিজে ধূমপানকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা হচ্ছে।
তিনি জানান, পর্যবেক্ষণ করা ১২টি সিনেমার মধ্যে ‘রাক্ষস’-এ ১৯২ বার, ‘প্রিন্স : ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’-তে ১৬৫ বার, ‘মালিক’-এ ৯৮ বার, ‘রকস্টার’-এ ৯৫ বার, ‘বনলতা সেন’-এ ৭১ বার এবং ‘বনলতা এক্সপ্রেস’-এ ৬৪ বার ধূমপান ও তামাক সেবনের দৃশ্য রয়েছে।
তরুণদের সুরক্ষায় বিনোদন মাধ্যমে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের কঠোর বাস্তবায়নে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ চান তিনি।
সভায় বক্তারা বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের পাশাপাশি ওটিটিসহ উদীয়মান গণমাধ্যমের জন্য পৃথক নির্দেশিকা প্রণয়ন এবং সার্টিফিকেশন কর্তৃপক্ষ, গণমাধ্যম ও সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্ব দেন।