× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জিডিপিতে পর্যটনের অবদান ৯ শতাংশে নিতে চায় সরকার: পর্যটনমন্ত্রী

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২১:৩৫ পিএম

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

এশিয়ান ট্যুরিজম ফেয়ারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। ছবি: সংগৃহীত

জিডিপিতে পর্যটন খাতের বর্তমান অবদান ২-৩ শতাংশ থেকে বাড়িয়ে ৮-৯ শতাংশে উন্নীত করার লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। 

বৃহস্পতিবার সকালে রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে আয়োজিত তিন দিনব্যাপী ‘১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এবারের মেলায় ১০টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। প্রায় ৩০০টি স্টলে বিভিন্ন পর্যটন গন্তব্য, পর্যটন পণ্য ও সেবা তুলে ধরা হচ্ছে।

অনুষ্ঠানে মন্ত্রী বলেন, বাংলাদেশের পর্যটন সম্ভাবনা শুধু কয়েকটি পরিচিত গন্তব্যের মধ্যে সীমাবদ্ধ নয়। 

তিনি বলেন, দেশের বিভিন্ন শ্রেণির ১ হাজার ৪৯৮টি পর্যটন আকর্ষণ নিয়ে একটি সমন্বিত ‘ট্যুরিজম মাস্টারপ্ল্যান’ প্রণয়নের কাজ চলছে। এতে ইকো-ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, ধর্মীয় পর্যটন এবং সাংস্কৃতিক ও ঐতিহ্যভিত্তিক পর্যটনকে গুরুত্ব দেওয়া হচ্ছে। দেশের পর্যটন উন্নয়নে কক্সবাজারকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী।

পর্যটনের নতুন নীতিতে বেসরকারি বিনিয়োগ এবং সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি)-কে বিশেষ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে মন্ত্রী বলেন, সরকারি ও বেসরকারি খাতের যৌথ অঙ্গীকার ছাড়া পর্যটন খাতের কাঙ্ক্ষিত বিকাশ সম্ভব নয়।

২০২৬ সালের নির্বাচনি ইশতেহারের প্রসঙ্গ তুলে ধরে মন্ত্রী বলেন, পর্যটনের উন্নয়ন শুধু প্রশাসনিক অগ্রাধিকার নয়, এটি সরকারের রাজনৈতিক অঙ্গীকারও। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এ খাতে নতুন উদ্যমে কাজ শুরু হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে কূটনৈতিক মিশনের প্রতিনিধি, পর্যটন শিল্পের প্রতিনিধি, উন্নয়ন সহযোগী, বিনিয়োগকারী, গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা