প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৫৬ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৯:০৩ পিএম
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বৃহস্পতিবার আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে কথা বলেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ। ছবি: সংগৃহীত
শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ধারাবাহিকতা রক্ষা করে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বনেতাদের উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবু আবদুল্লাহ এম ছালেহ।
রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) বৃহস্পতিবার আয়োজিত ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রেস সচিব বলেন, বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এ অংশগ্রহণ দেশের জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমনি আন্তর্জাতিক প্রেক্ষাপটেও এর তাৎপর্য রয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার পক্ষে। তবে স্বাধীনতার অর্থ কোনোভাবেই ‘স্বেচ্ছাচারিতা’ নয়। গণমাধ্যমের স্বাধীনতার সীমা নির্ধারণের দায়িত্ব সরকার বা জনগণের নয়; এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার কেবল আদালতের।
তথ্যপ্রযুক্তির এই যুগে অসত্য তথ্যের বিস্তার রোধে গণমাধ্যমগুলোকে নিজস্ব উদ্যোগে নিয়মতান্ত্রিক ‘ফ্যাক্ট চেকিং’ ব্যবস্থা চালুর আহ্বান জানান তিনি। গুজব, গুঞ্জন ও অপপ্রচার প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই বলেও মন্তব্য করেন।
দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক পরিস্থিতি তুলে ধরে আবু আবদুল্লাহ এম ছালেহ বলেন, বিগত দিনের ভঙ্গুর প্রশাসনিক কাঠামো এবং চলমান বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি সফলভাবে মোকাবিলা করে সরকার দেশকে এগিয়ে নিচ্ছে। তাঁর দাবি, অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব ধরনের ঝুঁকি কাটিয়ে বাংলাদেশ এখন বিদেশি বিনিয়োগের জন্য নিরাপদ ও স্থিতিশীল রাষ্ট্রে পরিণত হয়েছে।