প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৬ পিএম
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৭ পিএম
ছবি: সংগৃহীত
বাংলাদেশ পুলিশের শীর্ষ পর্যায়ে ছয় কর্মকর্তার পদোন্নতি, বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে চারজনকে অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) পদে পদোন্নতি দিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে।
একই সঙ্গে দুই অতিরিক্ত আইজিপিকে নতুন কর্মস্থলে বদলি করা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌহিফ আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পরিচালক (ডিআইজি) মো. সায়েদুর রহমানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে পদায়ন করা হয়েছে।
ট্যুরিস্ট পুলিশের চলতি দায়িত্বে থাকা অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানকে বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদার প্রিন্সিপাল করা হয়েছে।
ঢাকা রেঞ্জের ডিআইজি মো. ইকবাল হোসেনকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে পুলিশ অধিদপ্তরে এবং পুলিশ অধিদপ্তরের ডিআইজি মো. কামরুল আহসানকে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি দিয়ে ঢাকা বিশেষ শাখায় পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, ঢাকা বিশেষ শাখার অতিরিক্ত আইজিপি সরদার নূরুল আমিনকে পুলিশ অধিদপ্তরে এবং বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমির প্রিন্সিপাল জি এম আজিজুর রহমানকে ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি পদে বদলি করা হয়েছে।