× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সুশাসন সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার: আইনমন্ত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৬ ১৩:১৩ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ অন্যান্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনসহ অন্যান্যরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সুশাসন নিশ্চিত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সিনেট ভবনে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাস ও ঢাবির আইন অনুষদ এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, ঢাবির উপ-উপাচার্য (শিক্ষা) ড. আবদুস সালাম, আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মো. ইকরামুল হক, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরসহ সংবিধান বিশেষজ্ঞ, শিক্ষাবিদ ও শিক্ষার্থীরা অংশ নেন।

আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে এমন একটি সময় পার করছে, যখন দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে এবং আইনের শাসন নিয়েও অনিশ্চয়তা রয়েছে। তারপরও সরকার পরিস্থিতি থেকে দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে।

সাংবিধানিক শাসনব্যবস্থার দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি সুশাসন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সংবিধানের সঙ্গে বাংলাদেশের সংবিধানের বিভিন্ন মিল রয়েছে উল্লেখ করে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের শুরুতে ‘উই, দ্য পিপল অব আমেরিকা’ লেখা হয়েছে। বাংলাদেশের ১৯৭২ সালের সংবিধানেও ‘উই, দ্য পিপল অব বাংলাদেশ’ বলা হয়েছে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধানের পেছনে জন লক, থমাস হবস ও মন্টেস্কুসহ বিভিন্ন দার্শনিকের চিন্তার প্রভাব রয়েছে। বাংলাদেশের সংবিধানেও এসব চিন্তাধারার প্রভাব রয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, যুক্তরাষ্ট্র সরকার দীর্ঘদিন ধরে গণতন্ত্র, বাকস্বাধীনতা ও আইনের শাসনের কথা বলে আসছে। এসব ধারণার অনুপ্রেরণায় বাংলাদেশের মানুষও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে প্রাণ দিয়েছে।

মানবাধিকার ও আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার গুম ও বিচারবহির্ভূত হত্যার বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। গত ছয় মাসের বেশি সময়ে এ ধরনের ঘটনা প্রায় শূন্যের কোঠায় রয়েছে বলেও দাবি করেন তিনি।

মানবতাবিরোধী অপরাধের বিচার প্রসঙ্গে মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, অপরাধীদের নাম বা পরিচয় দেখে নয়, বরং অপরাধের ধরন ও সংশ্লিষ্টতার ভিত্তিতেই বিচার করা হচ্ছে। এসব অপরাধের বিচার সম্পন্ন করার বিষয়ে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, অব্যাহত বিতর্ক, ঐকমত্যে পৌঁছানোর প্রচেষ্টা, ক্ষমতার পৃথকীকরণ, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংবিধান সংশোধনের সুযোগের ওপর গুরুত্ব দেওয়ার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সংবিধান একটি দৃঢ় ও টেকসই ভিত্তি পেয়েছে। দুই শতাব্দীরও বেশি সময় ধরে এটি বিশ্বের বিভিন্ন দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে অনুপ্রাণিত করে আসছে বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রের সংবিধান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্যানেল আলোচনা, রচনা প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পাশাপাশি ‘আমেরিকান ফাউন্ডার্স মিউজিয়াম’ প্রদর্শনীরও আয়োজন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা