বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বুধবার বিকেল ৩টায় তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী।
বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে ভারত। একই সঙ্গে দুই দেশের মধ্যে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট (এএসএ) সংশোধন এবং এয়ারস্পেস ব্যবহারে চার্জ মওকুফসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বুধবার বিকেল ৩টায় তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের রাষ্ট্রদূত দীনেশ ত্রিবেদী। এ সময় দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।
সাক্ষাৎকালে ভারতের রাষ্ট্রদূত বাংলাদেশের এভিয়েশন খাতের উন্নয়নে ভারতের সহযোগিতার আগ্রহের কথা জানান। এ ছাড়া প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ওপেন স্কাই পলিসি, এয়ার সার্ভিস এগ্রিমেন্ট সংশোধন এবং এয়ারস্পেস ব্যবহারে চার্জ মওকুফের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।
ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শর্ট টেক অফ অ্যান্ড ল্যান্ডিং (এসটিওএল) এয়ারক্রাফট বাংলাদেশের বিভিন্ন এয়ারস্ট্রিপে ব্যবহারের উপযোগিতা নিয়েও আলোচনা করেন রাষ্ট্রদূত। বাংলাদেশের আঞ্চলিক যোগাযোগ ও বিমান চলাচল ব্যবস্থায় এ ধরনের উড়োজাহাজ ব্যবহারের সম্ভাবনার বিষয়টি বৈঠকে উঠে আসে।
এ সময় মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি দক্ষিণ এশিয়ার এভিয়েশন হাব হিসেবে বাংলাদেশকে প্রতিষ্ঠার ক্ষেত্রে দেশটির সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
বৈঠকে দুই দেশের বিমান চলাচল খাতের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক যোগাযোগ আরও জোরদারের বিভিন্ন দিক নিয়েও আলোচনা হয়।