প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৮ পিএম
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : বাসস
অপরাধের ধরন ও প্রযুক্তির দ্রুত পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইন প্রণয়ন ও বিদ্যমান আইন সংশোধনের প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, পুরনো আইন দিয়ে নতুন ধরনের অপরাধ সবসময় কার্যকরভাবে মোকাবিলা করা সম্ভব নয়। সময়ের চাহিদা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় আইনি সংস্কার করতে হবে।
বুধবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনলাইন ও সাইবার স্পেসে জুয়ার বিস্তারের উদাহরণ তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অপরাধের ধরন পরিবর্তিত হলে আইনও যুগোপযোগী করা জরুরি। কোনো অপরাধের ক্ষেত্রে আইন দুর্বল হলে আসামিকে গ্রেপ্তারের পরও দ্রুত জামিন বা মুক্তির সুযোগ তৈরি হতে পারে। তাই অপরাধের ধরন ও সমাজের প্রয়োজন অনুযায়ী আইন প্রণয়ন এবং বিদ্যমান আইনে প্রয়োজনীয় সংশোধন আনতে হবে।
বর্তমানে সংঘটিত অনেক অপরাধের পেছনে জুয়া ও মাদককে অন্যতম মূল কারণ হিসেবে উল্লেখ করেন সালাহউদ্দিন আহমদ। তার মতে, অপরাধ সংঘটনের পর অপরাধীকে গ্রেপ্তার, বিচার ও শাস্তি দিলেই অপরাধ পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। অপরাধের নেপথ্যের কারণ চিহ্নিত করে সেগুলো মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, অপরাধকে শুধু একটি ঘটনা হিসেবে দেখলে চলবে না; এর মূল কারণ অনুসন্ধান করতে হবে। সমাজকে বিশ্লেষণ ও গবেষণার মাধ্যমে বের করতে হবে কেন অপরাধ সংঘটিত হচ্ছে। অনেক গুরুতর অপরাধের সঙ্গে মাদকাসক্তি ও জুয়ার সংশ্লিষ্টতা পাওয়া যায়।
ক্রাইম রিপোর্টিং করতে গিয়ে কোনো সাংবাদিক ঝুঁকিতে পড়লে সরকারি উদ্যোগে কিংবা করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) মাধ্যমে তাদের সহায়তার ব্যবস্থা করা যায় কি না, তা সরকারিভাবে চেষ্টা করা হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ঝুঁকি নিয়ে রিপোর্টিং করতে গিয়ে কোনো সাংবাদিক ক্ষতিগ্রস্ত বা আহত হলে তাদের সহযোগিতার জন্য সরকারি বা সিএসআর প্রকল্পের মাধ্যমে সহায়তার ব্যবস্থা করার চেষ্টা থাকবে।
ক্রাইম রিপোর্টিংকে অনেকাংশে অনুসন্ধানী সাংবাদিকতার অংশ উল্লেখ করে তিনি বলেন, অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে সাংবাদিকদেরও প্রযুক্তি ও নতুন ধরনের অপরাধ সম্পর্কে দক্ষতা বাড়াতে হবে। ঝুঁকিপূর্ণ ও অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা পুলিশ বিভাগের পক্ষ থেকে সনদ দেওয়া যায় কি না, সেটিও যাচাই করে দেখা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ, প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক বাছির জামাল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার-মিডিয়া অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম।
ক্র্যাব সভাপতি মির্জা মেহেদী তমালের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এম বাদশাহ্।