× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

র‌্যাব বিলুপ্ত এসআরবির যাত্রা শুরু

বিশেষ প্রতিবেদক

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২০:১৪ পিএম

র‌্যাব বিলুপ্ত এসআরবির যাত্রা শুরু। ফাইল ছবি

র‌্যাব বিলুপ্ত এসআরবির যাত্রা শুরু। ফাইল ছবি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের আওতাধীন বিশেষায়িত ইউনিটের কার্যক্রম শুরু হয়েছে। 

গত মঙ্গলবার নতুন আইনের প্রজ্ঞাপন গেজেটে প্রকাশের পর বুধবার থেকে এসআরবি নামে কার্যক্রম শুরুর কথা জানিয়েছেন বাহিনী প্রধান আহসান হাবীব পলাশ। 

তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, এসআরবি নামে গেজেট হয়েছে। আমরা র‌্যাবের নাম পরিবর্তন করে এসআরবি নাম দিয়ে সকল কাজ আজ থেকে শুরু করেছি।

এর আগে ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিল, ২০২৬’ পাস হয়। এতে র‌্যাব বিলুপ্ত করে বাংলাদেশ পুলিশের আওতায় এসআরবি নামে বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রাখা হয়। এর আগে ৩ সেপ্টেম্বর বিলটি সংসদে উত্থাপন করা হয়েছিল।

আইনের গেজেটে বলা হয়েছে, আইন কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন-সংক্রান্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স, ১৯৭৯-এর যেসব বিধান অন্তর্ভুক্ত করা হয়েছিল, কেবল সেসব বিধান রহিত হবে। তবে অর্ডিন্যান্সের সেকশন ১৪-এ দেওয়া ক্ষমতাবলে জারি করা র‌্যাব (কোর্ট পদ্ধতি ও বিভাগীয় কার্যধারা) বিধিমালা-২০০৫ বহাল থাকবে। একইভাবে, এই বিধিমালা বা অন্য কোনো আইন বা বিধির অধীন ইউনিটের কোনো সদস্যের বিরুদ্ধে গৃহীত বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা বা আদালতের কার্যধারাও বহাল ও বলবৎ থাকবে।

আইনে আরও বলা হয়েছে, র‌্যাবের সংশ্লিষ্ট জনবল, আদেশ, ক্ষমতা, কর্তৃত্ব, বিদ্যমান সুবিধা, তহবিল, নগদ ও ব্যাংকে থাকা অর্থ, দায়, চুক্তি, স্থাবর-অস্থাবর সম্পত্তি, হিসাব বই, রেজিস্টার, রেকর্ডপত্র এবং সংশ্লিষ্ট দলিলপত্র এসআরবির কাছে তৎক্ষণাৎ স্থানান্তরিত ও ন্যস্ত হবে।

২০০৩ সালে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়নস অর্ডিন্যান্স’ সংশোধন করে র‌্যাব গঠনের আইনি ভিত্তি দেওয়া হয়। এরপর ২০০৪ সালের ২৬ মার্চ বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে র‌্যাব গঠিত হয়। র‌্যাবের অতীত কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে সমালোচনা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে। জাতিসংঘ, গুম-সংক্রান্ত তদন্ত কমিশন এবং দেশি-বিদেশি মানবাধিকার সংগঠনগুলো বিভিন্ন সময়ে বাহিনীটি বিলুপ্ত করার সুপারিশ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। 

মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে ২০২১ সালের ১০ ডিসেম্বর র‌্যাব এবং বাহিনীটির তৎকালীন ও সাবেক সাত কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ১০ ডিসেম্বর বিএনপি গঠিত পুলিশ প্রশাসন সংস্কার বিষয়ক কমিটি র‌্যাব বিলুপ্তির দাবি জানায়। তবে পরবর্তী সময়ে র‌্যাব বিলুপ্ত করে পুলিশের আওতায় এসআরবি গঠনের উদ্যোগ নেওয়া হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা