প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৮:২৩ পিএম
বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। ফাইল ছবি
এশিয়ান গেমস উপলক্ষে চারদিনের সফরে জাপান গেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার তিনি জাপান গমন করেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সফরকালে সেনাপ্রধান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে জাপানের আইচি-নাগোয়া শহরে অনুষ্ঠেয় ২০তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগদান করবেন।
এছাড়া, তিনি এশিয়ান গেমসের বিভিন্ন ক্রীড়া ইভেন্টে উপস্থিত থাকার পাশাপাশি এশিয়ান গেমস ও অলিম্পিক অ্যাসোসিয়েশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশগ্রহণ করবেন।
এশিয়ান গেমসের এবারের আসরে বাংলাদেশ ক্রিকেট, ফুটবলসহ মোট ২২টি অংশ নিচ্ছে। অন্যান্য ইভেন্টের মধ্যে রয়েছে হকি, কাবাডি, শ্যুটিং, আর্চারি, অ্যাথলেটিক, হকি, গলফ, সুইমিং, কুস্তি, টেবিল টেনিস, বীচ ভলিবল ইত্যাদি। আসরে বিভিন্ন ইভেন্টে ছেলে ও মেয়ে দুই বিভাগে বাংলাদেশ থেকে মোট ১৮৭ জন খেলোয়াড় ও অ্যাথলেট অংশগ্রহণ করবে।
খেলোয়াড়দের দেখভালের জন্য মোট ৭৩ জন কর্মকর্তা, কর্মচারী, কোচ এবং ম্যানেজার দলের সাথে থাকবেন। তার মধ্যে ৮টি দল ক্রুজ শিপে থাকবে। সম্প্রতি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সংবাদ সম্মেলন করে এ তথ্য জানিয়েছে।