প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৮ পিএম
আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৯ পিএম
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) বুধবার ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ। ছবি: মন্ত্রণালয়ের সৌজন্যে
নতুন বাংলাদেশ গড়তে শুধু চাকরিপ্রার্থী নয়, বরং দক্ষ, সৃজনশীল, চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ।
বুধবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
নবীন শিক্ষার্থীদের উদ্দেশে উপদেষ্টা বলেন, “তোমরাই আগামী দিনের উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক ও বিজ্ঞানী। জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের মেধা, যোগ্যতা ও সৃজনশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
তিনি বলেন, “বিশ্ববিদ্যালয় শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এখান থেকে শিক্ষার্থীরা ভিন্নভাবে চিন্তা করা, নানা উপায়ে সমস্যার সমাধান করা এবং ভিন্নমতকে সম্মান করতে শেখে। একই সঙ্গে তারা সহনশীলতা, ব্যক্তিত্ব ও মানবিক মূল্যবোধ অর্জনের পাশাপাশি সমাজ, রাজনীতি, অর্থনীতি ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ পায়।”
পরীক্ষায় ভালো ফলাফলের পাশাপাশি মানবিক মানুষ হওয়ার আহ্বান জানিয়ে ইসমাইল জবিউল্লাহ বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই, যেখানে মেধাবী মানুষের পাশাপাশি মানবিক মানুষও তৈরি হবে। এমন মানুষ, যারা নিজেদের সাফল্যের পাশাপাশি অন্যের কথা ভাববে এবং দুর্বল মানুষ বা সমাজের কোনো সমস্যা দেখলে তা এড়িয়ে যাবে না। ”
বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে উপদেষ্টা বলেন, বর্তমান সরকার শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যে এগিয়ে যাচ্ছে। আগামী পাঁচ বছরের মধ্যে মাথাপিছু আয় ২ হাজার ৮০০ ডলার থেকে ৪ হাজার ৫০০ ডলারে উন্নীত করার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ লক্ষ্য অর্জনে দেশের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।