গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন আগামী ২৯ অক্টোবর অনুষ্ঠিত হবে। বিএনপি সরকার গঠনের সাত মাসের মাথায় অনুষ্ঠেয় এই নির্বাচনকে সরকারের প্রথম রাজনৈতিক পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে। নির্বাচনকে ঘিরে ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ। বিএনপির জন্য এটি শুধু একটি আসনের উপনির্বাচন নয়; সরকারের জনপ্রিয়তা, সাংগঠনিক সক্ষমতা ও নির্বাচন পরিচালনার দক্ষতা যাচাইয়েরও গুরুত্বপূর্ণ সুযোগ।
ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক মাঠে ইতোমধ্যে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা, দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম এবং ভোটারদের সঙ্গে যোগাযোগ বাড়ছে। স্থানীয় পর্যায়ে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যেও দেখা দিয়েছে উৎসাহ-উদ্দীপনা।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নতুন সরকারের শুরুতেই অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা গুরুত্বপূর্ণ। ঠাকুরগাঁও উপনির্বাচনে ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ নিশ্চিত করা গেলে সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা বাড়তে পারে। বিপরীতে নির্বাচন নিয়ে কোনো ধরনের বিতর্ক তৈরি হলে তা সরকারের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিএনপির মনোনয়ন দৌড়ে তিনজন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ (ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী) আসনে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে হেরেছিলেন জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন। কয়েক মাসের ব্যবধানে একই আসনে আবারও ভোটের মাঠে ফিরছেন তিনি। তবে এবার তার প্রধান প্রতিদ্বন্দ্বী কে হচ্ছেন, তা এখনও চূড়ান্ত হয়নি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর ঠাকুরগাঁও-১ আসনটি শূন্য হয়। এই আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন হবে। ১১-দলীয় ঐক্যের প্রার্থী হিসেবে দেলাওয়ার হোসেনের নাম ইতোমধ্যে চূড়ান্ত করেছে জামায়াতে ইসলামী। অন্যদিকে বিএনপির একাধিক নেতা মনোনয়নপ্রত্যাশী হওয়ায় দলটির প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। আগামী ১৮ সেপ্টেম্বর বিএনপির মনোনয়ন বোর্ডের সভায় প্রার্থী চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।
মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে সবচেয়ে আলোচিত নাম মির্জা ফয়সাল আমিন। তিনি জেলা বিএনপির সভাপতি এবং রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই। এ ছাড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলার সাবেক চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী এবং জেলা বিএনপির আরেক সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদও মনোনয়ন চাইছেন।
বিএনপির মনোনয়ন ফরম নিলেন তিনজন
শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন, বিএনপি নেতা সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী ও ওবায়েদুল্লাহ মাসুদ। গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রার্থীদের পক্ষে এসব মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। মির্জা ফয়সাল আমিনের পক্ষে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী।
বিএনপির কেন্দ্রীয় কার্যালয় সূত্র জানায়, ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের জন্য মঙ্গলবার বিকাল পাঁচটা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রম চলবে। আগ্রহী প্রার্থীরা বুধবারের মধ্যে সংগৃহীত মনোনয়ন ফরম জমা দিতে পারবেন।
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা বিএনপি সরকারের লক্ষ্য। জনগণ যাতে নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।
তিনি বলেন, বিএনপির মনোনয়ন ফরম বিতরণ চলছে। আগামী ১৮ সেপ্টেম্বর আমাদের মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে ঠাকুরগাঁও-১ আসনে দলের চূড়ান্ত প্রার্থীর নাম ঘোষণা করা হবে।