× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পোলাওর চাল এখন ‘বিলাসী’ পণ্য

ফারুক আহমাদ আরিফ

প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:০৯ এএম

আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৬ ০৯:১০ এএম

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

গত তিন মাস ধরে পোলাওয়ের চাল কিনতে গিয়েও কিনছেন না মুস্তাকিম আহমেদ। একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন তিনি। থাকেন রাজধানীর জোয়ার সাহারায়। পোলাও চাল না কেনার কারণ সম্পর্কে তিনি প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘গত জুন মাসে এক কেজি চিনিগুঁড়া চালের দাম ছিল ১৪০-১৫০ টাকা। জুলাই মাসে সেই চাল বিক্রি হয়েছে ১৬০-১৭০ টাকায়। এই সেপ্টেম্বরে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি দরে। তিন মাস ধরে প্রায় সপ্তাহেই আমি বাজারে গিয়ে পোলাও চাল কিনতে গিয়েও কিনি নাই।’ তিনি বলেন, ‘আপনি বলতে পারেন, ১৪০-১৮০ টাকা কি খুব বেশি? কিন্তু আমি তো ভাই এক কেজি পোলাও চালের দাম দিয়ে ৩ কেজি সিদ্ধ চাল কিনতে পারি। তাই আমার পছন্দের খাবার হলেও আতপ চাল কিনতে পারছি না।’

পোলাও এদেশের মানুষের রসনা বিলাসের অবিচ্ছেদ্য খাদ্য। সাপ্তাহিক ছুটিতে, পার্বণে-উৎসবে কিংবা বনভোজনে পোলাও-বিরিয়ানি না হলে চলে না বাঙালির। আবহমান কাল থেকেই এই মুখরোচক খাবার সর্বস্তরের মানুষের রসনাকে তৃপ্ত করে আসছে। অথচ কয়েক বছর ধরেই পোলাও রন্ধনের সুগন্ধি চালের দাম বাড়ছে তো বাড়ছেই। শেষ কবে এই পোলাও খেয়েছেন, জানতে চাইলে চিন্তায় পড়ে গেলেন জোয়ার সাহারার এক মেসে বসবাসকারী ফরিদ হোসেন। বললেন, ‘কোনো দাওয়াতে গিয়ে হয়তো খেয়েছি। কিন্তু মেসে কিংবা হোটেলে যে খাই নাই, সে ব্যাপারে নিশ্চিত। কত মাস আগে খেয়েছি, তা মনে নাই।’ মেসে পোলাও রান্না করেন না কেন, জানতে চাইলে তিনি বলেন, ‘আতপ চালের দাম প্রায় প্রতি মাসেই ১০-২০ টাকা করে বাড়ছে। মেসে থাকি, সবার অবস্থা তো এক না। মাসের শেষে হিসাব করতে গেলে মাথা গরম হয়ে যায়।’ 

রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তের বেশিরভাগ মানুষের অবস্থাই এখন এমনÑ পোলাও চাল কিনতে গেলে দু’বার চিন্তা করতে হচ্ছে। পোলাও চাল হিসেবে সুপরিচিত আতপ চাল বা সুগন্ধি চালের দাম বিশেষত গত এক বছরে খোলাবাজার ও প্যাকেটে প্রকারভেদে বেড়েছে প্রতি কেজিতে ৭০-৮০ টাকা। এ চালের দাম বেড়ে যাওয়ায় রেস্তোরাঁ-ব্যবসায় পোলাও বিক্রি ৩০-৪০ শতাংশ কমেছে বলে দাবি করছেন হোটেল ব্যবসায়ীরা।  

বর্তমানে প্রকারভেদে খোলাবাজারে পোলাও চাল বিক্রি হচ্ছে ১১০ টাকা থেকে ১৮০ টাকায়। অন্যদিকে প্যাকেটজাত চাল বিক্রি হচ্ছে ২২০-২৩০ টাকায়। বাসমতী চাল বিক্রি হচ্ছে ৪২০ থেকে ৪৮০ টাকা কেজি দরে। তবে চলতি বছর সরকারিভাবে প্রতি কেজি পোলাও চালের দাম নির্ধারণ করা হয়েছিল ৪৯ টাকা, গত বছর তা ছিল ৪৮ টাকা। 

পোলাও চালের চাহিদা ও বাজারদর

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানাচ্ছে, প্রতিবছর দেশে পোলাও চাল উৎপাদিত হয় ১৮ থেকে ২০ লাখ টন। সেখানে প্রতিবছর গড়ে রপ্তানি হয় ১০ হাজার টন। ২০১৯-২০ অর্থবছরে রপ্তানি বেড়ে ১০ হাজার ৮৭৯ টনে উন্নীত হয়। চাল ব্যবসায়ীদের অভিযোগ, আবাদ কমে যাওয়ায়, পাশাপাশি এবার বিদেশে রপ্তানির লক্ষ্যমাত্রা বাড়িয়ে দেওয়ায় পোলাও চালের দাম বেড়েছে। রেস্তোরাঁ ব্যবসায়ীদের অভিযোগ, ‘ভারত থেকে চাল আমদানির পরিস্থিতি তৈরি করতে দাম বাড়ছে।’ 

রাজধানীর বাজারগুলো ঘুরে দেখা গেছে, পোলাওয়ের চাল হিসেবে পরিচিত চিনিগুঁড়া, কালিজিরা, কাটারিভোগ চাল বিক্রি হয় বেশি। খোলাবাজারে সাধারণত বাসমতী চাল পাওয়া যায় না। তবে তা সুপার শপগুলোতে বিক্রি হয়। অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের তালিকা অনুযায়ী দেশে উৎপাদিত কালিজিরা, কালিজিরা টিপিএল-৬২, চিনিগুঁড়া, চিনি আতপ, চিনি কানাই, বাদশাভোগ, কাটারিভোগ, মদনভোগ, রাঁধুনিপাগল, বাঁশফুল, জটাবাঁশফুল, বিন্নাফুল, তুলসী মালা, তুলসী আতপ, তুলসী মণি, মধুমালা, খোরমা, সাককুর খোরমা, নুনিয়া, পশুশাইল, দুলাভোগ নামের সুগন্ধি চাল রপ্তানি হয়। 

রাজধানীর কারওয়ান বাজারের খোলা দোকানে চিনিগুঁড়া পোলাও চাল বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজিতে। কাটারিভোগ পোলাও চাল বিক্রি হচ্ছে ১৭০-১৭২ টাকা কেজিতে। আকিজ গ্রুপের প্যাকেজজাত চিনিগুঁড়া পোলাও চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ২২০ ও প্রাণ কোম্পানির ২৩০ টাকায়। 

বাজারটির বরিশাল ট্রেডার্সের মালিক ফজলুর রহমান বলেন, ‘বর্তমানে প্রতি কেজি চিনিগুঁড়া পোলাও চাল বিক্রি হচ্ছে ১৯০ টাকায়। গত ৬ মাস আগে এর দাম ছিল ১১০ টাকা। দুই মাস আগে ছিল ১৬০ ও এক বছর আগে ছিল ৯০-১০০ টাকা। কাটারিভোগ বিক্রি হচ্ছে ১৩০ টাকা। এক বছর আগে এটি ছিল ৭০ টাকা। 

পোলাও চালের দাম বাড়ছে কেন?Ñজানতে চাইলে কারওয়ান বাজারের ব্যবসায়ী মেসার্স জনপ্রিয় রাইস এজেন্সির ব্যবসায়ী আমির হোসেন বলেন, ‘দেশে পোলাও চালের আবাদ এমনিতেই কম, তার ওপর প্রতিবছর বিপুল পরিমাণ চাল বিদেশে রপ্তানি করা হয়। তা ছাড়া নানারকম পিঠা-পুলিসহ বিভিন্ন খাবার তৈরির কারণেও বাজারে আতপ চালের দাম বাড়ে। গত তিন মাসে সিদ্ধ চালের দাম না বাড়লেও আতপ চালের দাম কেজিতে গড়ে ২০-৩০ টাকা পর্যন্ত বেড়েছে।’ 

তেজগাঁও সমিতির বাজারের বিক্রেতা আমির হোসেন বলেন, ‘এখানে খোলাবাজারে চিনিগুঁড়া চাল বিক্রি হচ্ছে ২০০ টাকা কেজিতে। কাটারিভোগ ১৭০-১৭২ টাকায়।’ 

এদিকে বেস্ট বাই, স্বপ্ন, প্রিন্স বাজার ও মাদলের মতো শপগুলোতে গিয়ে দেখা গেছে, প্রাণ গ্রুপের চিনিগুঁড়া চালের দাম ৮ মাসে বেড়েছে ৩০-৩৫ টাকা। গত সোমবার রাজধানীর কলাবাগানের স্বপ্ন, বেস্ট বাই ও মাদলের বিক্রয় কেন্দ্রে গিয়ে বিক্রয়কর্মীদের কাছ থেকে জানা যায়, গত ৮ মাসে কালিজিরার দাম ২৫ টাকা বেড়ে ২২০ টাকায় ও চিনিগুঁড়া ২১৫ টাকায় বিক্রি হচ্ছে। বাংলামতি কেজিপ্রতি ১৫ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১১০ টাকায়। সুপার শপগুলোতে অ্যারোমা ও আকিজ বাসমতী ৪৮০ টাকা ও দেশীয় বাসমতী ৪২০ টাকায় বিক্রি হচ্ছে।

নবাবী ভোজের মালিক কামরুল হাসান চৌধুরী বিপু বলেন, ‘মিল মালিকরা জানিয়েছে চালের মজুদ যথেষ্ট আছে। কেউ কেউ চাইছে, দেশের বাইরে থেকে বিশেষ করে ভারত থেকে যাতে সরকার চাল আমদানি করতে বাধ্য হয় সেজন্য দামের ঊর্ধ্বগতি ঘটছে।’

বাংলাদেশ অটো রাইস মিল ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি একেএম খোরশেদ আলম খান বলেন, ‘দাম বেড়ে যাওয়ার মূল কারণ হচ্ছে, একটি গ্রুপ পোলাও চাল মজুদ করছে। তারা পরবর্তী সময়ে বেশি দামে বিক্রি করবে। এখন সরকারের কাজ হবে রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেওয়া।’

সরকার একধাপেই ৬১ হাজার টন চাল রপ্তানির অনুমোদন দেওয়ায় বাজারে টান পড়েছে বলে দাবি করেছেন নওগাঁ জেলা চাল কল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার। তিনি বলেন, ‘আমাদের রপ্তানির দরকার আছে। তবে একসঙ্গে এত পরিমাণ চাল রপ্তানির অনুমোদন দেওয়া ঠিক হবে না। রপ্তানি করতে গ্রুপগুলো বাজার থেকে প্রচুর চাল কিনে মজুদ করে। এমনকি নওগাঁর পাইকারি বাজারে কেজিপ্রতি দাম উঠেছিল ২০০ টাকা। তবে গেল সোমবারে তা কিছুটা কমে ১৮৫-১৯০ টাকায় নেমে এসেছে।’ 

হোটেলে বিক্রি কমেছে ৩০-৪০ শতাংশ 

পোলাও চালের দাম বছরের ব্যবধানে দ্বিগুণ হওয়ায় বিপাকে পড়েছে রেস্তোরাঁ ব্যবসায়ীরা। এক দিনে জ্বালানি সংকট অপরদিকে চালের দাম বৃদ্ধির ফলে ব্যবসায়ীরা টানাপড়েনে পড়েছে। এ ব্যাপারে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ও নবাবী ভোজের মালিক কামরুল হাসান চৌধুরী বিপু প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দেড় দুই বছর ধরে জ্বালানি সংকটে পড়েছি। গত ৬ মাসে এটি আরও বেড়েছে। জ্বালানির পরেই সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছি পোলাও চালের দাম বৃদ্ধির কারণে। এসব চালের দাম বেড়েছে বলে হোটেলে পোলাও বিক্রি কমেছে ৩০-৪০ শতাংশ। কারণ আমরা তো দাম বাড়াতে পারছি না। কিন্তু ব্যয় ঠিকই বেড়েছে। তা ছাড়া বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভিন্ন অভিযানে দেখা যাচ্ছে, অনেক চালে আলাদা করে সুগন্ধি ব্যবহার করা হচ্ছে। অথচ এতে আমাদের কোনো হাত নেই। যদিও এর প্রতিক্রিয়ায় ক্রেতা কমেছে।’ 

রপ্তানি অর্ধেকে নামিয়ে এনেছে সরকার 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য মতে, দেশ থেকে যুক্তরাজ্য, ইউরোপের বিভিন্ন দেশ, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, দক্ষিণ কোরিয়াসহ বিশ্বের ১৩০টির বেশি দেশে সুগন্ধি বা পোলাও চাল রপ্তানি হয়। চলতি বছরের ১৩ মে থেকে ৩০ আগস্ট পর্যন্ত ১২৯টি প্রতিষ্ঠান ২ হাজার ৪১৯ টন পোলাও চাল রপ্তানি করেছে। 

তবে দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং মূল্যচাপ নিয়ন্ত্রণে আনতে পোলাও চাল রপ্তানির অনুমোদিত পরিমাণ অর্ধেক কমিয়ে দিয়েছে সরকার। ৮ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি-২ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে এ নির্দেশনা দেওয়া হয়। এর আগে দুই দফায় ২৭৮টি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার ২৭০ টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা