প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২২:৩২ পিএম
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় কথা বলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিএনপি সরকার গঠনের পর গত সাত মাসে দেশে মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।
তার দাবি, এ সময়ে সরকার অভূতপূর্ব বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে।
তবে তার দাবির সঙ্গে ভিন্নমত পোষণ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, এ সময়ে হয়রানি ও মানবাধিকার লঙ্ঘনের বিভিন্ন ঘটনা ঘটেছে।
তার দেওয়া তথ্য অনুযায়ী, বাকস্বাধীনতা চর্চার কারণে ৫২টি হয়রানির ঘটনা ঘটেছে, ৫৮ জনকে আটক করা হয়েছে, আইন প্রয়োগকারী সংস্থার হাতে সাতজনের মৃত্যু হয়েছে এবং অন্তত একটি গুমের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার রাজধানীর ধানমন্ডির মাইডাস সেন্টারে টিআইবি আয়োজিত ‘গণতন্ত্র, মানবাধিকার ও জবাবদিহিমূলক সরকারব্যবস্থা’ শীর্ষক আলোচনা সভায় তারা এসব কথা বলেন।
মাহদী আমিন বলেন, ১৭ বছরের ফ্যাসিবাদের জঞ্জাল একবারে দূর করা সম্ভব নয়। কিছু সীমাবদ্ধতা থাকলেও গত সাত মাসে সরকার বাকস্বাধীনতা ও মানবাধিকার নিশ্চিত করেছে। রাষ্ট্র পরিচালনায় একবারও মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি। রাষ্ট্রীয় মদদে গুম, খুন, বিচারবহির্ভূত হত্যা কিংবা হেফাজতে মৃত্যুর ঘটনাও ঘটেনি।
তিনি বলেন, বিরোধী দলের মত, পথ বা ভিন্ন আদর্শ হরণের ঘটনাও রাষ্ট্রীয় মদদে হয়নি। দেশে এখন ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা রয়েছে। ক্ষেত্রবিশেষে অশালীন বা অশ্রাব্য আচরণও করা হচ্ছে। তারপরও সরকার সর্বোচ্চ সহিষ্ণুতা ও সহাবস্থান বজায় রাখছে। জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ছিল এটিই।
রাষ্ট্র পরিচালনায় ঘাটতি থাকলে তা সংশোধন করে অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা ও উন্নয়ন নিশ্চিত করা হবে জানিয়ে মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী বিএনপি মানবাধিকার, বাকস্বাধীনতা, আইনের শাসন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার নিশ্চিত করতে চায়। প্রত্যেকে নিজ নিজ মেধার ভিত্তিতে সরকারের সহযোগিতা পাওয়ার অধিকার পাবেন।
তবে ভিন্ন চিত্র তুলে ধরেন ইফতেখারুজ্জামান। তিনি বলেন, বাকস্বাধীনতা চর্চার কারণে অন্তত ৫২টি বিভিন্ন ধরনের হয়রানির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ৫৮ জনকে আটক করা হয়েছে। তাদের বেশিরভাগকেই সন্ত্রাসবিরোধী আইনে আটক করা হয়েছে। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে বাকস্বাধীনতা চর্চার কারণে এ আইনে আটক প্রত্যাশিত ছিল না।
নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতার তথ্য তুলে ধরে তিনি বলেন, এ সময়ে এ ধরনের ঘটনা ঘটেছে ১ হাজার ৭৩০টির বেশি। ধর্ষণের শিকার হয়েছেন ৫০৩ জন। কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আটকে রেখে নির্যাতনের ঘটনা ঘটেছে ৫১টি।
ইফতেখারুজ্জামান বলেন, আইন প্রয়োগকারী সংস্থার হাতে সরাসরি সাতজনের মৃত্যু হয়েছে। অন্তত একটি গুমের ঘটনায় একটি আইন প্রয়োগকারী সংস্থা জড়িত। এসব ঘটনা উদ্বেগজনক।
তিনি বলেন, মানবাধিকার সুরক্ষা, ন্যায়বিচার ও জবাবদিহিমূলক রাষ্ট্রকাঠামো গড়তে আইন প্রণয়ন প্রক্রিয়া অংশগ্রহণমূলক হওয়া জরুরি। তা না হলে আইন চাপিয়ে দেওয়া হয়। যারা অপরাধ ও মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী, তাদের ওপরই যদি এসবের বিচারের দায়িত্ব দেওয়া হয়, সেটি গণতান্ত্রিক চর্চা হতে পারে না।
এর জবাবে মাহদী আমিন বলেন, রাষ্ট্রীয় মদদে কোনোকিছু হচ্ছে না। আগে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে হস্তক্ষেপ করা হতো। এখন রাষ্ট্রের কোথাও অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে দায়ীদের জবাবদিহির আওতায় আনা হচ্ছে।
আলোচনা সভায় জ্বালানি ও বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন মাহদী আমিন। তিনি বলেন, এ খাতে ১৭ বছরের পুঞ্জীভূত সমস্যা রয়েছে। এক দিন বা এক মাসে এসবের সমাধান সম্ভব নয়। তবে আগামী ছয় মাস, দুই বছর ও পাঁচ বছরে কীভাবে পরিবর্তন আনা যায়, সে পরিকল্পনা সরকারের রয়েছে। পাশাপাশি ১০ বছরে জ্বালানি খাতে যতটা সম্ভব স্বাবলম্বী ও স্বনির্ভর হওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নওশাদ জমির, চিকিৎসক ও তরুণ রাজনীতিক তাসনিম জারা এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) বরিশাল জেলা শাখার সমন্বয়ক মনীষা চক্রবর্তী প্রমুখ।