× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গণতন্ত্র রক্ষা ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়াই বড় দায়িত্ব: রাষ্ট্রপতি

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৭ পিএম

আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৬ ২১:১৯ পিএম

মঙ্গলবার বিকালে সিলেট সিটি কর্পোরেশন মাঠে সিটি কর্পোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

মঙ্গলবার বিকালে সিলেট সিটি কর্পোরেশন মাঠে সিটি কর্পোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে কথা বলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে দেশে যে গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, তা ধরে রাখা এবং গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়াকে এখন সবচেয়ে বড় দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

তিনি বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও আলোচনার মাধ্যমে তা সমাধান করতে হবে। একই সঙ্গে সরকার ও বিরোধী দলকে দায়িত্বশীল ভূমিকা পালন করে সংসদকে কার্যকর রাখার আহ্বান জানান তিনি।

মঙ্গলবার বিকালে সিলেট সিটি কর্পোরেশন মাঠে সিটি কর্পোরেশন আয়োজিত এক নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি এসব কথা বলেন। এর আগে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর গতকাল সকালে প্রথমবারের মতো সিলেটে একদিনের সফরে আসেন মির্জা আলমগীর। সকাল ১১টা ২৭ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন তিনি। তার সফরসঙ্গী হিসেবে ছিলেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

সংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্রের জন্য দেশের মানুষ দীর্ঘদিন ধরে সংগ্রাম করেছে এবং এ পথে অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে। দেশের পুনর্গঠন, গণতন্ত্রকে আরও শক্তিশালী করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলাই এখন বড় চ্যালেঞ্জ। 

অনুষ্ঠানে সিলেটের পর্যটন, চা, মৎস্য ও শিল্পসহ অন্যান্য খাতে স্থানীয় ব্যবসায়ী ও প্রবাসীদের অধিকতর বিনিয়োগের আহ্বান জানান রাষ্ট্রপতি। তিনি বলেন, এখানকার পাহাড়, নদী, ঝরনা, চাবাগান, বন, হাওর সব মিলিয়ে সিলেট বাংলাদেশের অন্যতম প্রধান পর্যটন অঞ্চল। আমি বিশ্বাস করি এসব খাতে আরও উন্নত করার সুযোগ রয়েছে। এ সময় তিনি প্রবাসীদের বিনিয়োগ, জ্বালানি, কৃষি, শিল্প, চা শিল্প, পর্যটন, গ্যাস এসব সম্ভাবনাগুলো কাজে লাগাতে ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতি আহ্বান জানান।

বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করে রাষ্ট্রপতি বলেন, এই সম্প্রীতি দেশের অন্যতম সৌন্দর্য। তা অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সংবর্ধনা অনুষ্ঠান বর্জন মহানগর বিএনপির

এদিকে সিসিক আয়োজিত রাষ্ট্রপতির নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান বর্জন করেছে সিলেট মহানগর বিএনপি। প্রশাসকের একক সিদ্ধান্ত, সমন্বয়হীনতা ও আয়োজনের অব্যবস্থাপনার অভিযোগ তুলে দলটির নেতাকর্মীরা অনুষ্ঠানে অংশ নেননি।

মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন বলেন, নানা কারণে তারা সিসিকের সংবর্ধনা অনুষ্ঠানে যাননি। তবে রাষ্ট্রপতির সফরের অন্যান্য কর্মসূচিতে বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী বলেন, যথাযথ প্রক্রিয়ায় নাগরিকদের সম্পৃক্ত না করে আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে দলীয় ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে অনুষ্ঠান বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিএনপির এসব অভিযোগের বিষয়ে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর বক্তব্য পাওয়া যায়নি।

শাহজালাল (রহ.)- শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত

এর আগে গতকাল সকালে বিমানবন্দরে পৌঁছালে রাষ্ট্রপতিকে স্বাগত জানান বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীসহ স্থানীয় সংসদ সদস্য, রাজনৈতিক নেতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বিমানবন্দর থেকে সার্কিট হাউজে পৌঁছানোর পর গার্ড অব অনার গ্রহণ করেন রাষ্ট্রপতি। পরে তিনি নগরের দরগাগেট এলাকায় হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেন এবং দেশ ও জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করেন। এরপর খাদিমনগরে হযরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারত শেষে সেখানে যোহরের নামাজ আদায় করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা